টিএলসি কমিশনারের কলাম || ৯/১১’র পর টিএলসি চালকদের অবদান স্মরণ
মিদোরি ভালদিভিয়াঃ আমাদের শহরে ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকী পালন করার সময়, এর পরপরই ঘটে যাওয়া একটি স্বল্পপরিচিত এবং গণমাধ্যমে প্রায় অপ্রকাশিত ঘটনার কথা স্মরণ করা যথার্থÑযখন আমাদের শহর তখনও অকল্পনীয় ক্ষতির অভিঘাত সামলে উঠছিল: কয়েক ডজন চালক টিএলসি—এর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং এই ভয়াবহ সময়ে শহরকে সাহায্য করার জন্য তাঁরা কী করতে পারেন তা জানতে চান।
বিপুলসংখ্যক অনুসন্ধানের জবাবে, টিএলসি ‘অপারেশন ফ্রি ট্রান্সপোর্টেশন’ চালু করে। এটি ছিল এমন একটি উদ্যোগ, যা টিএলসি চালকদের ক্ষতিগ্রস্ত পরিবার, জরুরি সেবাকর্মী এবং রক্তদাতাদের সঙ্গে সংযুক্ত করে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছিল। শহরের একাধিক সংস্থা এবং পরিবহন খাতের নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, শহরটি বিভিন্ন স্থানে অস্থায়ী ট্যাক্সি স্ট্যান্ড স্থাপন করে এবং ট্যাক্সি, লিভারি গাড়ি, ব্ল্যাক কার, কমিউটার ভ্যান এবং প্যারাট্রানজিট যানবাহনকে গ্রাউন্ড জিরোর কাছাকাছি লোয়ার ম্যানহ্যাটানের সীমাবদ্ধ এলাকাগুলোতে বিশেষ প্রবেশাধিকার দেয়।
সব মিলিয়ে, ১,০০০—এরও বেশি চালক স্বেচ্ছায় তাঁদের সময় দিয়েছিলেন, প্রয়োজনমতো মানুষকে ৫,০০০—এরও বেশি যাত্রাসেবা প্রদান করেছিলেন এবং নিউইয়র্ক সিটির পুনরুদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এই অবদানগুলো আরও বিশেষভাবে হৃদয়স্পর্শী হয়ে ওঠে যখন বিবেচনা করা হয় যে, সেই সময় অনেক টিএলসি চালক তাঁদের চেহারা, ধর্ম বা জন্মভূমির কারণে ভিত্তিহীন বিদ্বেষেরও শিকার হয়েছিলেন। তারপরও তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে এগিয়ে এসেছিলেন।
কার্যক্রমটি ধীরে ধীরে শেষ হওয়ার পর, টিএলসি অংশগ্রহণকারী চালকদের একটি সনদ প্রদান করে, একটি স্মারক মেডেলিয়ন তৈরি করে, একটি অনুষ্ঠানের আয়োজন করে, এবং এরপর ‘অপারেশন ফ্রি ট্রান্সপোর্টেশন’ ইতিহাসের পাদটীকায় স্থান করে নেয়। কিন্তু এটি এমন এক ইতিহাস, যা আমাদের সবার স্মরণ করা এবং স্বীকৃতি দেওয়া উচিত, এবং এটি আমাদের অসংখ্য চালকের চরিত্র ও আমাদের শহরকে সংযুক্ত রাখার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার সাক্ষ্য বহন করেÑবিশেষ করে সবচেয়ে কঠিন সময়ে। ‘অপারেশন ফ্রি ট্রান্সপোর্টেশন’—এর যেসব চালক আজও আমাদের সঙ্গে আছেন এবং যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।
আরও সাম্প্রতিক খবরে, আমরা ১৩ আগস্ট প্রস্তাবিত নিয়মাবলি নিয়ে একটি গণশুনানি আয়োজন করেছি, যার উদ্দেশ্য হলো চালকদের সম্মুখীন হতে হয় এমন বেশ কয়েকটি অপ্রয়োজনীয় ফি ও জরিমানা বাতিল করা, পাশাপাশি মেডেলিয়ন রিলিফ প্রোগ্রাম (গজচ)—এর সদস্যদের তাঁদের মেডেলিয়ন পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার সুযোগ দেওয়া এবং তারপরও সেগুলোকে এমআরপি’র আওতায় রাখা। এই শুনানিতে আমরা যে মতামত পেয়েছি তা ছিল অমূল্য। অনেক চালক তাঁদের ব্যক্তিগত ও আবেগঘন অভিজ্ঞতা তুলে ধরেছেন, আর এ কারণেই সরাসরি উপস্থিতিতে অনুষ্ঠিত গণশুনানির কোনো বিকল্প নেই। জনসমক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য দিনের সময় ব্যয় করা মানে সেই সময় চালকেরা যাত্রী পরিবহন করতে এবং অর্থ উপার্জন করতে পারেন না, এবং যাঁরা উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
আমি জানি, আরও অনেক কাজ বাকি আছে, এবং নিশ্চিন্ত থাকুন, আমরা কেবল শুরু করেছি।
