আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৮৭
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. মোহাম্মদ আল মাসুম
টেনিসি স্টেট ইউনিভার্সিটির কলেজ অব লাইফ এন্ড ফিজিক্যাল সাইন্সেসের অর্গানিক কেমিস্ট্রির প্রফেসর ড. মোহাম্মদ আল মাসুম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি. ও এম.এসসি. ডিগ্রি অর্জন করে পোস্ট—গ্রাজুয়েশন করেন টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে। ১৯৯৬ সালে তিনি জাপানের টোহোকু ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. করেন।
ড. মোহাম্মদ আলাউদ্দিন
নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের ওয়াগনার কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেন। তিনি ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করাকালে ফুলব্রাইট স্পেশালিস্ট গ্রান্ট নিয়ে আমেরিকার ইউনিভার্সিটি অব কেন্টাকিতে এসে এনালাইটিক কেমিস্ট্রিতে পিএইচ.ডি. করেন। ওয়াগনার কলেজে যোগ দেন ১৯৮৪ সালে।
ড. মোহাম্মদ রাব্বানি
প্লেনভিলের ইউনিভার্সিটি অব উইসকনসিনের কলেজ অব বিজনেস, ইন্ডাস্ট্রি, লাইফ সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিংএর ম্যাটেরিয়াল সাইন্সের প্রফেসর ড. মোহাম্মদ রাব্বানি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে বি.এসসি. ও এম.এসসি. করেন। এরপর জাপানের ওসাকা সিটি ইউনিভার্সিটি থেকে ম্যাটেরিয়ালস সাইন্সে পিএইচ.ডি. করেন।
