ইসলামিক সেন্টার অব লং আইল্যান্ডের || বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ জাকি হোসেন

মিজান রহমানঃ ইসলামিক সেন্টার অব লং আইল্যান্ডের বার্ষিক গালা ও এওয়ার্ড অনুষ্ঠান হয়ে গেল গত রবিবার লং আইল্যান্ডের উডবেরিতে অবস্থিত ক্রেস্ট হলো কান্ট্রি ক্লাবে। এই আয়োজনে ছিল দুইজন বিশিষ্ট আলোচকের আলোচনা এবং সম্মাননা প্রদান। নিউইয়র্ক স্টেটের কম্পট্রলার থমাস ডিনেপোলি, এডেলফাই ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল বালবোনিসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে লাইভ ভিডিওতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ইসলামিক সেন্টার অব লং আইল্যান্ডের চেয়ারপারসনের বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট শিল্পপতি ও ফিলানথ্রপিস্ট সৈয়দ জাকি হোসেনকে। এছাড়াও এওয়ার্ড প্রদান করা হয় এই ইসলামিক সেন্টারে ২৫ বছর ব্যাপি নিরলস সার্ভিস প্রদানের জন্য আলি শফিককে।

দুই বিশিষ্ট আলোচক ছিলেন এওয়ার্ড পাওয়া বিবিসির সাংবাদিক নাদা তৌফিক এবং এটর্নি ও মিসিসিপির বেনোইটের মিউনিসিপ্যাল কোর্ট জজ আসমা এ. আলি।

ইসলামিক সেন্টার অব লং আইল্যান্ডের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন রিজওয়ান কোরেশি বর্তমান এক্সিকিউটিভ কমিটিসহ আসন্ন ২০২৭—২০২৯ মেয়াদের কমিটির সদস্যদের অভিনন্দন জানান। এই বার্ষিক গালায় বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

Related Posts