দিলারা হাফিজের কবিতা
আমিও এসেছি
আমিও এসেছি এক দূরালোক বিন্ধ্যাচল থেকে——
জয়িতার দুগ্ধরীতি মেনে...
বন—জ্যোৎস্নায় বহুবঙ্কিম পিছল পথ পাড়ি দিয়ে
কুশনক্ষত্রের আলো হাতে এসেছি এখানে মৃত্য—চয়নে!
দুটি পরম প্রাণের প্রণয়—জলে সঞ্চিত অমৃতকুম্ভ আমি
আদিম বাতাসে ভেসে এসেছি জলজন্মের ভাসানেÑ
মানুষের নিষ্ঠুরতা ঘিরে এখানে কাঁদছে মানুষ
মানুষের মায়া ও মমতা মেখে এখনো হেসে ওঠে মানুষ!
নিঃসঙ্গ মানুষ পাশে চেয়েছে আরো মানুষ
একাকী মানুষ চেয়েছে একাধিক দুর্মর সাহস
নির্মোক আঁধার পথে জরা ও ক্ষয়, চেতনবিনাশী রাত
ডিঙিয়ে আমি ঐ মঞ্জুরিত বুকে এক বাসনা—ব্যাকুল পুষ্প!
সভ্যতার পাপ—তাপ প্রসবে অনধিক এক শব্দ—কারিগর
জন্মেছি বাংলাভাষায়, শিল্পময় সত্য বলি দিলারা সাম্রাজ্যে।
পথ ও পাথেয়
এদেশে কেউ একা হাঁটে না,
উন্নত দেশ বলে কথা!
যে একা, তারও হাতে থাকে পোষা কুকুরের লিস,
কারুর বা কোলে শাদা—কালো বন্যবেড়াল,
আমিই শুধু একা একা নিজেকে নিয়ে হাঁটি...
একলা মানুষ ছাড়া কি থাকে আর বাকী?
অতপর, কৈশোরে যে আমিকে ফেলে এসেছি হাঁটুবনে,
তাকে ডেকে তুলি, পা দোলাই কামরাঙা ফুলের ডালেÑ
বলি, একা হও, খুব একলা!
মনে পড়ে, দুরন্ত যৌবনের ডাকে এক মেঘবালকের কাছে
——খুব করে চেয়েছিলাম, বলুক সে “ভালোবাসি”।
সাহস পায়নি, অথবা চোখের ক্ষণিক হাসিতে সেদিন
যা কিছু বলেছিলো, সংশয়ে আমিই তা বুঝিনি কিছুই!
কখনো দেখা হয় যদিÑচরম ও পরম দুঃখের দিনশেষে
জলস্রোতে ঘূর্ণি তুলে আবারো মিলিয়ে যাবে সে তরঙ্গ!
আজকাল হঠাৎ তবু সে আমার পথে ছায়াসঙ্গী হয়,
হাঁটি পাশাপাশি, বুকে—চেপে রাখা অনাথ কথাটি বলি:
যেভাবে বিকেলের রোদ গড়িয়ে পড়ে সন্ধ্যার কাঁধে...
ভাবি, পৃথিবীর দীর্ঘতম যে পথে আজো আমি হেঁটে হেঁটে
ক্লান্ত, শ্রান্ত রোদ—বৃষ্টি নিয়ে পার হই মারি ও মড়কে...
সেপথে আজ হোমলেস ভাবি নিজেকে——
নিদেন একটা কালো ব্যাগ নিই কাঁধে
জলের ছোট্ট ক্যান, এ্যাসমাসল, কিছু খাদ্যকণাও থাকে
ক্ষতি কি? এখন পথই যদি পরম বন্ধু,
বন্ধুর বাড়ি যাবো একা, শূন্য হাতে
এ কেমন কথা!
নিজেকে শুনিয়ে শুনিয়ে বলি, জীবন সুন্দর!
তাকে চিনে নাও!
যে তোমাকে ছেড়ে গেছে সুদূরে পরাহত...
তাঁর জন্যে কেন একলা ফিলিঙে পোড়াবে নিজেকে!
জানো তো ঈশ্বর একা, একাই থাকেন সৌরভে—গৌরবে!
প্রকৃত মানুষ একা হতেই দ্রুত চলে যায়, ছায়ার ওপাশে!
কথা সরে গেলে
কথারা সরে সরে যায়
ঠোঁট থেকে শব্দবীথি যেভাবে হারায়
একটুকু সরিনি আজো আমি নিজে
কথারাই সরে গেছে স্বেচ্ছায় ও অনিচ্ছায়
কথা শুনে যারা একদা কাছে এসেছিলো, খুব কাছে
তারাও নির্বাক চলে গেছে দূরে...
শব্দ শুনে শ্রমিক—মৌমাছি আজো ছুটে এসে চাক বাঁধে
তাদের কথায় কথায় ফুল থেকে মধু ঝরে...
গানেও থাকে শত কথা, সুরে থাকে সদা অনন্ত...
কথা সরে গেলে নিঃস্ব ও একা হয়ে পড়ে প্রেম!
কিছুই থাকে না অভ্যেসটুকু ছাড়া
কিছুই থাকে না
অভ্যেসটুকু/ ছাড়া
মন থেকে মনে কখনো ছিলাম /
একসাথে তুমি/ আর আমি এই /ভুবনে—ভবনে
স্পর্শে ফুটেছে/ নয়ন সে তারা——
বিশ্বাসটুকু /হারালে, না থাকে
কোনোই শব্দ / কুহেলি——
কাঁকনের মায়া/ চিত্তে দেয় না
ফিরিয়ে কখনো,/ ফেলে আসা সেই
শৈশবময় / সোহেলি...
কিছুই থাকে না/ মন থেকে মনে
অভ্যেসটুকু/ ছাড়া...
বিকেলের রোদে /নেই উত্তাপ
ছিলো না কখনো / ভুলে আর ভালে
শুধু প্রেমটুকু/ ছাড়া।
মৃত্যুর আগে প্রেম এলো
(কবি জালাল উদ্দিন রুমী স্মরণে)
মৃত্যুর আগে ঐ প্রেম এলো
বললো: আমাকে রাখো:
আমি হেসে বললাম, ছিঃÑকী বলছো এসব তুমি?
সে বললো: জানোই তো তুমি, আমি খুব ইনোসেন্ট!
হও ইনোসেন্ট, ইতিউতি কিছুতে যে, নেই আমি——
এখন আমি দয়াল—সাধিকা, ভক্তি রসে অধরা
তার কাছে যেতেই পুলসিরাতের পথ খুঁজছি...
সে বললো: আমি হলাম বিরহিনীর মায়া—সাঁকো,
আমাতেই ভর করে, যেতে হবে ঐ দূরের পথ——
দেখো না, শত সহস্র পথচারীর এ—পদচ্ছাপ
আমার হৃদয় তরঙ্গে বয়ে যাচ্ছে যেÑ ঢেউ তুলে।
আমি বললামÑএখন আমার অনেক বয়স,
তোমাকে আমার জানি নেই আর কোনো প্রয়োজন?
দৃঢ়কণ্ঠে এবার বললো: তুমি অনিত্য, অনিতা
নশ্বর ও নাশশীলÑসহজে ভঙ্গুর দেহলতা...
আমি না থাকলে ,পৃথিবী উন্মাদÑকেউ নও তুমি।
আমি আছি বলে, সর্বভূতে উত্তালÑতুমিই হও
ঈশ্বর প্রণয়ে ছোঁয়া চিরন্তন ভাটিয়ালি গান।
