প্রসঙ্গ: সাংবাদিকদের নিবন্ধন || প্রয়োজন সাংবাদিকতার শক্তি বাড়ানো, নিয়ন্ত্রণ নয়

আদিত্য শাহীনঃ সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিয়ে আলোচনা জরুরি। কিন্তু সেই আলোচনার সমাধান হিসেবে সাংবাদিকদের নিবন্ধন বা তালিকাভুক্তির বিষয়টি সামনে এলে কিছু মৌলিক প্রশ্নও ওঠে। কে সাংবাদিকের যোগ্যতা নির্ধারণ করবেন? কোন মাপকাঠিতে তা বিচার করা হবে? আর সেই প্রক্রিয়া পেশার উৎকর্ষ নিশ্চিত করবে, নাকি সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের আরেকটি দরজা খুলে দেবে?

বাংলাদেশের গণমাধ্যমের অভিজ্ঞতায় এসব প্রশ্ন নতুন নয়। সংবাদপত্রের অনুমোদন, তালিকাভুক্তি ও সরকারি বিজ্ঞাপন বণ্টনের সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। কখনো নিয়ন্ত্রণের রাশ শক্ত হয়েছে, কখনো কিছুটা শিথিল হয়েছে। কিন্তু এই ব্যবস্থার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মান এবং রাষ্ট্রীয় আনুকূল্যের সীমারেখা কতটা স্পষ্ট হয়েছে, সেই প্রশ্ন থেকেই গেছে।

আমার দীর্ঘ সাংবাদিকতা—জীবনের পর্যবেক্ষণ হলো, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের সম্পর্ক সব সময় স্বচ্ছ ও পেশাগত থাকেনি। সরকারি বিজ্ঞাপন বণ্টনকে কেন্দ্র করে পক্ষপাত, আনুকূল্য ও অনৈতিক লেনদেনের অভিযোগও উঠেছে। কোন সংবাদপত্র কতটা জনস্বার্থ রক্ষা করছে, তার চেয়ে কখনো বেশি গুরুত্ব পেয়েছে সেটি সরকারের কতটা অনুকূলে কিংবা প্রভাবশালী কোনো মহলের কতটা কাছাকাছি। তখন সংবাদপত্রের মূল্যায়নের মাপকাঠি হয়ে ওঠে তার সাংবাদিকতার মান নয়, ক্ষমতার সঙ্গে তার সম্পর্ক।

এই অভিজ্ঞতার আলোকে সাংবাদিকদের নিবন্ধনের প্রশ্নটিকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। যে ব্যবস্থায় প্রতিষ্ঠানকে মূল্যায়নের নিরপেক্ষতা নিয়েই সংশয় রয়েছে, সেই ব্যবস্থায় ব্যক্তিসাংবাদিকের যোগ্যতা নির্ধারণ কতটা নিরপেক্ষ হবে, এ প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।
সাংবাদিকতার মানোন্নয়নে পেশাজীবী সংগঠন, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্যোগ রয়েছে। কিন্তু বিচ্ছিন্ন প্রশিক্ষণ বা নীতিমালা দিয়ে একটি পেশার সামগ্রিক পরিবেশ বদলে দেওয়া সম্ভব নয়। নিয়োগের স্বচ্ছতা, নিয়মিত বেতন, চাকরির নিরাপত্তা, সম্পাদকীয় স্বাধীনতা এবং প্রতিষ্ঠানের নিজস্ব জবাবদিহি দুর্বল থাকলে শুধু সাংবাদিকের ওপর শৃঙ্খলার দায় চাপিয়ে কাক্সিক্ষত পরিবর্তন আনা কঠিন।

আর এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন সংবাদ ও তথ্য প্রকাশের জগৎ আগের যেকোনো সময়ের চেয়ে উন্মুক্ত। এখন একজন নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পাতা খুলে, এমনকি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই কোনো ঘটনা সামনে আনতে পারেন। তাঁর হাতে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের পরিচয়পত্র নাও থাকতে পারে; কিন্তু তাঁর প্রকাশিত একটি ছবি, ভিডিও বা প্রত্যক্ষ অভিজ্ঞতা জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

সাধারণ নাগরিকের ব্যক্তিগত উপলব্ধি অবশ্য পেশাদার সাংবাদিকতার সম্পাদকীয় নীতির বিকল্প নয়। তথ্য যাচাই, প্রাসঙ্গিকতা বিচার, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং ভুল সংশোধনের দায়িত্ব থেকেই সাংবাদিকতার স্বাতন্ত্র্য তৈরি হয়। কিন্তু এটিও বাস্তবতা যে, তথ্য প্রকাশের অধিকার এখন আর শুধু সংবাদ প্রতিষ্ঠানের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। ফলে নিবন্ধনের মাধ্যমে পেশাগত পরিচয় নির্ধারণ করা গেলেও জনপরিসরে তথ্যের প্রবাহকে সেই সীমানায় আটকে রাখা যাবে না।

প্রতিষ্ঠিত গণমাধ্যমও এই পরিবর্তনের বাইরে নেই। একসময় পাঠকের কাছে সংবাদপত্র পৌঁছানোর প্রধান দায়িত্ব ছিল সার্কুলেশন বিভাগের। এখন সেই কাজের বড় একটি অংশ চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সংবাদ প্রতিষ্ঠানগুলো পাঠক ও দর্শকের কাছে পৌঁছাতে ডিজিটাল বিভাগকে গুরুত্ব দিচ্ছে। তাদের প্রচার, দর্শক সংখ্যা এবং কখনো আয়ের সুযোগও এসব প্ল্যাটফর্মের নিয়ম ও অ্যালগরিদমের দ্বারা প্রভাবিত হচ্ছে।

এখানেই একটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব রয়েছে। সংবাদ প্রতিষ্ঠান যখন জনস্বার্থের পাশাপাশি ক্লিক, ভিউ ও ভাইরাল হওয়ার চাপের মধ্যে কাজ করে, তখন সাংবাদিকতার মানের প্রশ্নটি শুধু প্রতিবেদকের যোগ্যতায় সীমাবদ্ধ থাকে না। কোন খবরকে গুরুত্ব দেওয়া হবে, কী শিরোনাম হবে, কতটা যাচাই করে প্রকাশ করা হবে, এসব সিদ্ধান্তে সম্পাদকীয় নেতৃত্ব ও প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রাধিকারেরও ভূমিকা থাকে।

তাহলে শুধু মাঠের সাংবাদিক বা সংবাদকক্ষের কর্মীকে নিবন্ধনের আওতায় আনলেই কি সমস্যার সমাধান হবে? যিনি খবর সংগ্রহ করেন, তাঁর জবাবদিহি থাকবে; অথচ যিনি প্রকাশের নীতি নির্ধারণ করেন কিংবা যাচাইয়ের চেয়ে দ্রুত প্রচারকে অগ্রাধিকার দেন, তাঁর দায়িত্ব অস্পষ্ট থাকবে, এভাবে পেশাগত শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

নিবন্ধন ব্যবস্থার আরেকটি সম্ভাব্য পরিণতিও বিবেচনা করা দরকার। এর ফলে সাংবাদিকদের মধ্যে দুটি পরিচয় তৈরি হতে পারে, নিবন্ধিত ও অনিবন্ধিত। কিন্তু এই প্রশাসনিক বিভাজন কি যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার প্রকৃত পার্থক্য নির্দেশ করবে? এমনও হতে পারে, তালিকার বাইরে থাকা কেউ অনুসন্ধান, বিশ্লেষণ, সাহসিকতা ও জনআস্থার বিচারে তালিকাভুক্ত অনেকের চেয়ে এগিয়ে থাকবেন।

বিশেষ করে রাজনৈতিক প্রভাব থেকে নিবন্ধন প্রক্রিয়াকে মুক্ত রাখা না গেলে ঝুঁকিটি আরও বাড়বে। একজন সাংবাদিকের কাজের মান যাচাইয়ের বদলে যদি দেখা হয় তিনি কার সমালোচনা করেছেন, কোন সরকারের সময়ে কী লিখেছেন কিংবা ক্ষমতাসীনদের কাছে কতটা গ্রহণযোগ্য, তাহলে নিবন্ধন আর পেশাগত স্বীকৃতি থাকবে না। সেটি আনুগত্য যাচাইয়ের ব্যবস্থায় পরিণত হওয়ার আশঙ্কা তৈরি করবে।

তাই সাংবাদিকের পেশাগত অতীত যাচাই করতে হলে দেখতে হবে তাঁর প্রকাশিত কাজ, তথ্য ব্যবহারে সততা, স্বার্থের সংঘাত এবং ভুল সংশোধনের চর্চা। রাজনৈতিক মত বা ক্ষমতাবানদের প্রতি তাঁর মনোভাব যেন সেই যাচাইয়ের মাপকাঠি না হয়। সমালোচনা করার কারণে কেউ অযোগ্য হয়ে যান না; বরং ক্ষমতাকে প্রশ্ন করার সক্ষমতা সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ গুণ।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও একই সতর্কতা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক শিক্ষা মূল্যবান, প্রশিক্ষণও অপরিহার্য। কিন্তু একটি সনদ দিয়ে একজন লেখক, কলামিস্ট বা সাংবাদিকের সামগ্রিক সক্ষমতা নির্ধারণ করা যায় না। সমাজকে বোঝার ক্ষমতা, তথ্যের ভেতর থেকে তাৎপর্য খুঁজে বের করা, মানুষের কথা শোনা এবং নিজের বিশ্বাসের বিপরীতে পাওয়া তথ্যকেও গ্রহণ করার মানসিকতা, এসব গুণের মূল্য কম নয়।

একজন সাংবাদিক কতটা সুবিবেচক, তা বোঝা যায় তাঁর কাজ থেকে। তিনি অভিযোগ ও প্রমাণের মধ্যে পার্থক্য করতে পারেন কি না, দুর্বল মানুষের বক্তব্যকে গুরুত্ব দেন কি না, ভিন্নমতকে ন্যায্যভাবে উপস্থাপন করেন কি না এবং ভুল হলে তা স্বীকার করেন কি না, এসবই হওয়া উচিত মূল্যায়নের ভিত্তি। ভারসাম্য মানেও সব পক্ষের বক্তব্যকে যান্ত্রিকভাবে সমান জায়গা দেওয়া নয়; তথ্য ও প্রমাণের যথাযথ ওজন বুঝে সত্যকে তুলে ধরা।

আমার বিবেচনায়, তালিকাভুক্তি বা পেশাগত মূল্যায়নের কোনো উদ্যোগ নিতে হলে প্রথমে সংবাদ প্রতিষ্ঠান ও তার নেতৃত্বের দায়িত্ব স্পষ্ট করা প্রয়োজন। গণমাধ্যমকে কোন মাপকাঠিতে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার মালিকানা কতটা স্বচ্ছ, সম্পাদকীয় সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়, কর্মীদের অধিকার কতটা সুরক্ষিত এবং পাঠকের অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আছে কি না, এসব প্রশ্ন আগে সামনে আসুক।

প্রতিষ্ঠানের ঘোষিত সম্পাদকীয় নীতি, দৃশ্যমান সংশোধন ব্যবস্থা এবং মালিকপক্ষ ও সম্পাদকের দায়িত্বের সীমারেখাও জরুরি। সাংবাদিকের কাছে যে পেশাগত সততা প্রত্যাশা করা হবে, প্রতিষ্ঠানকে সেই সততা চর্চার পরিবেশ দিতে হবে। অনিশ্চিত চাকরি, অনিয়মিত বেতন ও অস্বচ্ছ নির্দেশনার মধ্যে কর্মীকে রেখে শুধু তাঁর কাছেই আদর্শ আচরণ দাবি করা ন্যায়সংগত নয়।

পেশাগত মানোন্নয়নের কোনো ব্যবস্থা চালু হলে তার মানদণ্ড প্রকাশ্য হওয়া উচিত। সিদ্ধান্তের কারণ জানার সুযোগ, স্বাধীনভাবে আপিলের ব্যবস্থা এবং রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধের নিশ্চয়তাও থাকতে হবে। উদ্দেশ্য যদি হয় ভালো সাংবাদিকতাকে উৎসাহ দেওয়া, তাহলে ব্যবস্থাটিকেও সেই আস্থা অর্জন করতে হবে।

সাংবাদিকতায় অনিয়ম নেই এ কথা বলার সুযোগ নেই। পরিচয়ের অপব্যবহার, যাচাইহীন তথ্য প্রকাশ কিংবা ব্যক্তিস্বার্থে সংবাদ ব্যবহার, এসবের প্রতিকার প্রয়োজন। তবে অনিয়মের প্রতিকার আর স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত করা এক বিষয় নয়। পেশাগত শৃঙ্খলার নামে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে না, যা সৎ সাংবাদিককে আরও অনিরাপদ করে এবং ক্ষমতার অনুগতদের জন্য স্বীকৃতি পাওয়া সহজ করে দেয়।

এটি নিঃসন্দেহে বড় কাজ। একটি তালিকা তৈরি করা তুলনামূলক সহজ; বিশ্বাসযোগ্য সাংবাদিকতার পরিবেশ তৈরি করা অনেক কঠিন। সেই কঠিন কাজটির দিকেই আমাদের মনোযোগ দিতে হবে।

দিন শেষে সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি আসে মানুষের আস্থা থেকে। কোনো নিবন্ধনপত্র সেই আস্থা নিশ্চিত করতে পারে না, আবার নিবন্ধন না থাকলেই কারও অনুসন্ধানে উঠে আসা সত্য মূল্যহীন হয়ে যায় না। ধোঁয়ার আড়ালেও সত্যের আগুন জ্বলে ওঠে। আমাদের প্রয়োজন সেই আগুনকে আলো দেওয়ার সুযোগ রাখা। রাষ্ট্রের কাছে সাংবাদিকতার পরীক্ষা দেওয়ার আগে নিশ্চিত করতে হবে, সাংবাদিকতা যেন নির্ভয়ে রাষ্ট্রকেও প্রশ্ন করতে পারে।

Related Posts