আল—জাজিরার সংবাদ বিশ্লেষণ || ইরান যুদ্ধ নিয়ে দোটানায় যুক্তরাষ্ট্র
আল—জাজিরা প্রতিবেদনঃ ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নাকি কূটনীতির মাধ্যমে সমঝোতাÑএই দোটানার মধ্যে যুক্তরাষ্ট্র আপাতত দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক চাপ ও অবরোধ চালিয়ে যাওয়ার পথই বেছে নিচ্ছে বলে মনে হচ্ছে। সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও বলেছেন, ইরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। ইরানের সঙ্গে সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বক্তব্য প্রায়ই বদলাচ্ছে। রুবিওর এ মন্তব্য সেই ধারাবাহিকতারই সর্বশেষ সংযোজন। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তিনি এ মন্তব্য করলেন। ট্রাম্প আগেই স্বীকার করেছেন, এ পরাজয়ের পেছনে সম্ভবত যুদ্ধের প্রতি জনসাধারণের বিরোধিতারও কিছুটা ভূমিকা ছিল।
তাহলে প্রশাসনের অন্য কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে রুবিওর সর্বশেষ মন্তব্যের মিল—অমিল কোথায়? আর এসব বক্তব্য সংঘাতের বর্তমান অবস্থা সম্পর্কে কী ইঙ্গিত দিচ্ছে?
সংঘাত নিয়ে ট্রাম্প, রুবিও ও ভ্যান্স কী বলেছেন
প্যারিসে শিল্পোন্নত সাত দেশের জোট জি—৭—এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রুবিও বলেন, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ এতটাই কার্যকর হচ্ছে যে দেশটির বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই।
রুবিও বলেন, ‘অর্থনৈতিক চাপের মাধ্যমে একই লক্ষ্য অর্জন করতে পারলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। এটা অচলাবস্থা নয়। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।’
উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশে ‘জাহাজ চলাচলের সুরক্ষায়’ সহায়তা করতেও জি—৭—এর মিত্রদের তাগিদ দেন রুবিও। তিনি বলেন, মার্কিন বাহিনী সেখানে থাকবে।
মার্কো রুবিও’র এসব বক্তব্যের সঙ্গে গত সোমবার দেওয়া ট্রাম্পের মন্তব্যের বেশ মিল রয়েছে। সেদিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানে আরও হামলার সম্ভাবনা ‘খুবই কম’।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররা ‘বর্তমান পরিস্থিতি’ বজায় রাখার পক্ষে। এর মাধ্যমে তিনি ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধের কথা বোঝান। ট্রাম্প আরও বলেন, সংঘাতের অবসানের পথে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মনে হচ্ছে। তবে পরিস্থিতি বদলালে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ যুদ্ধের বিষয়ে তুলনামূলক বেশি সমালোচনামুখর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্যান্স ইরানের সঙ্গে সমঝোতার পক্ষে। তবে ট্রাম্প মনে করেন, এ মুহূর্তে তা সম্ভব নয়।
ইরান যুদ্ধের কৌশল নিয়ে বিভক্তি কোথায়
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সঙ্গে কথা বলা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প দুটি পথ নিয়ে দোটানায় আছেন। একটি হলো অজনপ্রিয় যুদ্ধ আবার শুরু করা, অন্যটি তেহরানের সঙ্গে সমঝোতার চেষ্টা আরও জোরদার করা। আপাতত তিনি মাঝামাঝি একটি পথ বেছে নিয়েছেন। সেটি হলো পূর্ণমাত্রার সামরিক অভিযানে না ফিরে ইরানের ওপর চাপ আরও বাড়ানো।
তবে সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলা একজন মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তান, ইরাক, তুরস্কসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্রদেশ উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, ইরানের ওপর যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে চাপ বজায় রাখলে নিজেদের ব্যবসায়িক স্বার্থও ক্ষতিগ্রস্ত হতে পারে।
গবেষণাপ্রতিষ্ঠান কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পারসি বলেন, ইরানের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ বজায় রাখার মার্কিন নীতি শুধু একটি ‘অস্থিতিশীল পরিস্থিতি’ দীর্ঘায়িত করবে। শেষ পর্যন্ত তা আরও সামরিক সংঘাতে গড়াবে।
মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের কৌশলে প্রভাব ফেলেছে
এ প্রশ্নে বিশ্লেষকদের মত হলো, নির্বাচনের ফল ট্রাম্পের কৌশলে প্রভাব ফেলেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ অনাবাসিক ফেলো নেগার মোর্তাজাভি বলেন, রিপাবলিকানদের বড় নির্বাচনী পরাজয় ‘সংঘাত আরও বাড়ানোর রাজনৈতিক মাশুল অনেক বাড়িয়ে দিয়েছে’। একই সঙ্গে যুদ্ধের বিরোধিতা করার জন্য ডেমোক্র্যাটদের আরও জোরালো জনসমর্থন দিয়েছে।
মোর্তাজাভি আল—জাজিরাকে বলেন, ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয়ে তাঁদের নতুন ক্ষমতা জোরালোভাবে ব্যবহার করলে ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া ক্রমেই কঠিন করে তুলতে পারেন। এর মাধ্যমে তাঁরা যুদ্ধ শেষ করতে ট্রাম্পের ওপর চাপ দিতে পারেন।
গত সোমবার শেষ হওয়া রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসে আইন পাসের পক্ষে। ডেমোক্র্যাটদের মধ্যে এই সমর্থন ৯৩ শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে ৫১ শতাংশ।
ইরান কী বলছে
ওয়াশিংটন সামরিক সংঘাত বাড়ানোর পথ থেকে সরে আসছে বলে মনে হলেও ইরানি কর্মকর্তারা আরও কড়া ভাষায় কথা বলছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত মঙ্গলবার বলেন, ‘সামরিক উপায়ে কিংবা নিষেধাজ্ঞা বাড়িয়ে’ এই যুদ্ধ শেষ হবে না। কেবল ‘সম্মানের ভাষায় কথা বলার’ মাধ্যমেই এর অবসান সম্ভব।
ইরানের বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত বক্তব্যে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে ‘ইরানের দাবি ও শর্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানান। তিনি আরও বলেন, ট্রাম্পের অনেক আগেই বুঝতে পারা উচিত ছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি তাঁর কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি এবং পারবেনও না।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এ যুদ্ধে মার্কিন সরকার ‘বিপর্যস্ত’ হয়েছে। এখন ইরানের দাবি মেনে ‘আত্মসমর্পণ’ করার সময় এসেছে তাদের।
তেহরান থেকে আল—জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ভাল জানান, ইরানের কথাবার্তায় ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাস’ দেখা যাচ্ছে। তিনি বলেন, তারা দেশের জনগণ এবং আমেরিকানদেরও বোঝাতে চাইছে, আলোচনার সময় ইরান যেসব শর্ত দিয়েছিল, সেগুলোর বিষয়ে সাড়া না দিয়ে কোনোভাবেই এই যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা করা যাবে না।
