যা দেখেছি যা বুঝেছি—৩৬ || মনিরুল ইসলাম
নারীজীবন
পুনর্জন্ম হল অমর আত্মা অন্যদেহে বা প্রাণীতে নতুন জীবন শুরু করা। স্থানান্তর হল এক জীবন থেকে অন্যজীবনে প্রবেশ। পুনরুত্থান হল আত্মা একই দেহে ফিরে আসা। নির্বাণ হল জন্মান্তর চক্র থেকে আত্মার মুক্তি। ধর্মগুলি এসব নিয়ে কথা বলে। তবে ধনী—গরিব দেশ—কাল নির্বিশেষে মানুষ পুনর্জন্ম কামনা করে। মনের অজান্তে, তার অপূর্ণ সাধ পূরণ, স্বাদ গ্রহণ ও বাসনা চরিতার্থ করার আগ্রহে আরেকবার পৃথিবীতে আসতে চায়।
আপনার কেন হয় জানি না, আমার ইচ্ছা করে আরেকবার যদি পৃথিবীতে আসতে পারতাম। কিন্তু কী হয়ে? ধনাঢ্য—রাজন্য নয়, কবি—শিল্পীও নয়। পশু—পাখি নয়, বৃক্ষ—লতাও নয়। পাহাড়—নদী বা মেঘ—নক্ষত্রও নয়। অনেকে আবেগে বলে, পরজন্মে যেন আমি হই তুমি, তুমি হও আমি। তাও চাই না আমি। তাহলে? নারী হয়ে! নিজের নরজীবন তো আধাআধি হলেও বুঝলাম, মানবসংসারের বাকি অর্ধেক, নারীজীবনের তো কিছুই বুঝলাম না! দুঃখ সুখ আনন্দ ভালোবাসা প্রাপ্তি বঞ্চনায় নারীহৃদয় কিভাবে আন্দোলিত হয়, তা বোঝার জন্য পরের বার নারী হয়ে জন্মাতে চাই। আর এক জীবনে সবকিছু হয় না। আরেকটা জীবন চাইÑএকটা পূর্ণাঙ্গ নারীর জীবন।
কী রকম নারী? কোন দেশ বা জাতির, কী পেশায় কতবড় সুন্দরী ঐশ^র্যময়ী? এসব আমার মাথা কামড়ায় না। আফ্রিকা—এশিয়া হলেও সমস্যা নেই, তবে দীনহীন গৃহবন্দী কর্মবন্দি নারী নয়, একটু সচ্ছল সচেতন সমর্থ নারী হলেই চলবে। হুরপরী নয়, বিলাসী নয়, রানি তো নয়ই, তবে ভিখারিনীও নয়। এ যাত্রায় পুরুষমানুষ যেমনটি ছিলাম, তেমনি তার অপর পিঠের নারী হলে ভাল হয়। সুস্থ সবল সংগ্রামী সফল।
এতশত কোটি গ্রহ—নক্ষত্রের মধ্যে পৃথিবীতেই শুধু প্রাণী আছে, আর শতসহ¯্র প্রাণীর মধ্যে মানুষই শুধু নিজেকে বিশ্লেষণ করতে পারে। সেই মানুষ মূলত দুই প্রকারÑনর আর নারী। পুরুষ হয়ে তো ‘পুরুষমানুষ’কে কিছুটা চিনলাম, নারী কেমন করে তার জীবনটাকে, মনটাকে দেখে বা বোঝে, তা তো সম্পূর্ণ অজ্ঞাতই রয়ে গেল। নিজে নারী না হয়ে শুধু কথায় দেখায় পড়ায় শোনায়, এমন কি ভালোবাসায়ও একজন নারীকে অনুধাবন করা যায় না। নারী পুরুষকে যতটুকু বোঝে, পুরুষ নারীকে তারচেয়েও কম চেনে।
জন্মদান সংসার সৃষ্টি ও কর্মের মাধ্যমে নারী যে পৃথিবীকে ধারণ করে রেখেছে তার চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় মানুষের আদিম বাসস্থান আফ্রিকায়। সেখানে এখনো একজন নারীই সংসার তথা জীবনের সবকিছু সম্পাদন করে, ওখানকার গ্রামাঞ্চলে গেলে বোঝা যায় নারী নাই তো পৃথিবী নাই। জানি নারীদের ত্যাগ, ধৈর্য এবং ভালোবাসার প্রতিফলন নেই অনেক সমাজে, তাও নারীই হতে চাই স্বেচ্ছায় স্বজ্ঞানে সশরীরে। তৃণভূমিতে হাঁটতে গিয়ে হঠাৎ চোখে পড়ল একটা ছাগশিশু দেঁৗড়ে এসে মায়ের দুধ খাচ্ছে মহানন্দে, মা যেন আছে মহাতৃপ্তিতে। এই প্রথম মনে হল নারী হলেই ভাল হত। একটা ‘প্রাণ’ আমার মধ্যে সৃষ্টি হচ্ছে, বর্ধিত হচ্ছে, আমারই মধ্যে উৎসারিত দুধ খাইয়ে তাকে বড় করছি। আমার কোলে সে নিরাপদ নিশ্চিন্তে ঘুমিয়ে পৃথিবীকে চেনেÑএর চেয়ে তৃপ্তিকর আর কী হতে পারে?
আমরা বলি, সব প্রাণীর অনুভূতি এক, সব মানুষের জীবনাচরণ অভিন্ন, নারী—পুরুষ সবাই সমানÑআসলে কি এসব কথা শতভাগ সত্য? না। সূক্ষ¥ সামান্য মাত্রাগত পার্থক্য তো রয়েই যায়। অনেকে বলে, পৃথিবীর আটশ কোটি মানুষ সবাই অনন্য অতুলনীয়, গড়নে গঠনে মননে সবাই ভিন্ন। তবে মনোজগতে নারী—নারীতে বা পুরুষ—পুরুষে পার্থক্যটা মাত্রাগত। কিন্তু নারী—পুরুষের পার্থক্য হল মৌলিক প্রাকৃতিক অলঙ্ঘনীয়। এবং দুর্বোধ্য, দুর্ভেদ্য। আমার মাথা ধরে যায় নারী—পুরুষের ভিন্নতার কথা মনে হলে।
মাঝেমধ্যে অবাক হয়ে আমার স্ত্রীকে দেখি, আর ভাবি, কেন সে এমন করে! এত সহজে পারে কাঁদতে বা হাসতে, রেগে বা খুশি হয়ে যায় অল্পতে, হঠাৎ অভিমানে ফুলে ফুঁসে ওঠে কিন্তু মিশে যায় ক্ষণপরে। কারণ, সে তার মতো, আমার মতো নয়। অর্থাৎ, সে নারীর মতো, পুরুষের মতো নয়। নারী—পুরুষ যদি অর্ধেক অর্ধেক হয় জগতে, তাহলে তো মানুষের জীবনকে ‘অর্ধেক’ বুঝলাম, বাকি অর্ধেকের কি হবে? সুতরাং ‘অর্ধেক মানুষ’ নয়, পুরো মানুষজাতিকে বোঝার জন্য আমার খুব ইচ্ছা হয় আরেকবার যেন পৃথিবীতে আসি মানুষ হয়ে, নারীমানুষ।
শুনেছি মেয়েদের স্বাদ ও ঘ্রাণের তীব্রতা বেশি, সাধ ও সাধনায় একনিষ্ঠতা বেশি। কিছু জিনিস নারী বেশি পছন্দ করে: টক দোলনা রঙিন অশ্রম্নপাত পরচর্চা। পুরুষের প্রকাশ তো কিছুটা বুঝলাম, একটা নারী কীভাবে কতটুকু নিজেকে প্রকাশ করতে চায়, সেটা কীভাবে বুঝব? জানা দরকার তার মন কিসে বাঁধা পড়ে, কথায় না ব্যথায়। কোথায় সে ধরা পড়ে আটকে থাকে: অর্থে গৌরবে প্রতাপে প্রেমে নাকি সৌন্দর্যে। নারী নিয়ে এত রহস্য উপমা, গল্প কবিতা নাটক, রোমান্টিকতাÑএসবেরই বা কারণ কি।
জীবনের একেক সময়ে নারী তার ভিন্ন রূপ/সম্পর্কের সাথে নিজেকে ঠিক মানিয়ে নেয়, সময় বুঝে আপন হয় মা বাবা ভাই বোন স্বামী শ্বশুর সন্তান নাতি—নাতনি। পুরুষের বিপরীতে নারীর আছে দ্বৈত জীবনÑবিয়ের আগে এবং পরে। বাপ এবং স্বামীর সংসারে তার দুই জীবন, দুই বসতি, দুই পরিবেশ। তাদের এই দুই সত্ত্বা প্রকাশ পায় সুস্পষ্টভাবেÑজীবনবোধে মননে কল্পনায় পরিকল্পনায়। তার মনও কি দুইটাÑএকটা বাইরে প্রকাশ্য, একটা ভেতরে গোপন?
বিয়ে পুরুষকে যতটা পরিবর্তিত করে, নারীকে করে তার চেয়ে ঢের বেশি। পুরুষের তুলনায় জীবনকে, সংসারকে সে আগে বোঝে। নারী তার রক্ত সম্পর্কের স্বজনদের ছেড়ে ভিন্ন এক পরিবারকে নিজের করে নেয়। পুরুষকে শুধু পিতা হওয়ার আনন্দ দেয় না, তার বংশধারা অব্যাহত রাখতে মৃত্যুভয় ভুলে সন্তানের জন্মদান করে। সংসারের ভালমন্দ দেখে রাখার চেয়েও বড়কথা তার উপস্থিতি সংসার তথা জীবনকে সম্পূর্ণতা দান করে। সুতরাং আমার চোখে নারী হল এই পৃথিবীর মানবজীবন এবং সংসারধর্মের অর্ধেক, যে অর্ধেক—কে আমি দেখিনি, চিনিনি, বুঝিনিÑএটা কেমন করে হয়!
