বাংলাদেশে প্রতিমন্ত্রীর বক্তব্যে বিতর্ক || ঘুষকে কি বৈধতা দেয়া হচ্ছে?

বিবিসি বাংলা প্রতিবেদনঃ ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন,’ বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এমন মন্তব্য ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এর মাধ্যমে ঘুষকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে কিনা, সেই প্রশ্নও তুলেছে টিআইবিসহ বিশ্লেষকদের অনেকে।

মঙ্গলবার নবনিযুক্ত স্থানীয় সরকার প্রকৌশলীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছিলেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে এলজিইডির কাজের গুণগত মান নিয়ে মানুষ প্রশ্ন তুলছে উল্লেখ করে সেটি ঠিক করতেও প্রকৌশলীদের আহ্বান জানিয়েছিলেন তিনি।

বাংলাদেশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান, ব্যয় এবং ঠিকাদারদের সঙ্গে প্রকৌশলীদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ এবং আর্থিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। তবে কেবল স্থানীয় সরকার প্রকৌশলীই নয় অন্যান্য সরকারি প্রকৌশলীদের বিরুদ্ধেও অবৈধ অর্থের লেনদেন, ঘুষ গ্রহণের অভিযোগ বহুল চর্চিত। প্রায়শই প্রকৌশলীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে ঘুষ লেনদেন বা অবৈধ আর্থিক লেনদেনের অনুসন্ধান, তদন্ত করতেও শোনা যায়।

ফলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের আইনে কোনটি ঘুষ আর কোনটি উপহার বা উপঢৌকন? একইসঙ্গে, প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ঘুষ দেওয়াকে আরো উৎসাহিত করা বা বৈধতা দেওয়া হলো কিনা?

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আইনানুযায়ী সরকারি কর্মচারীরা উপহারও নিতে পারেন না। ফলে তার বক্তব্যে এখন স্বার্থের সংঘাত তৈরি হবে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে এমন বক্তব্য সাংঘর্ষিক এবং সরকারের জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, ‘তার এ বক্তব্য প্রত্যাহার করা উচিত এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না এবং সরকারেরও উচিত এই বিষয়টি সরকারের অবস্থান কিনা সে বিষয়টি পরিষ্কার করা।’

‘এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে,’ বলেন তিনি।

ঘুষ নাকি উপহার, আইন কী বলছে?

বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রকৌশলীদের ঠিকাদারদের লভ্যাংশ থেকে প্রাপ্ত উপহারকে ঘুষ নয় বলে দাবি করলেও দেশে বিদ্যমান নানা আইনে সরকারি কর্মচারীদের সাথে সম্পর্কিত এমন উপহারকে অবৈধ সুবিধা গ্রহণ হিসেবেই চিহ্নিত করা হয়েছে।

দ্য পেনাল কোড ১৮৬০ বা দণ্ডবিধি, দ্য প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট, ১৯৪৭, গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস, ১৯৭৯, এই তিন আইনেই সুনির্দিষ্টভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যাসহ উপহার এবং ঘুষের পার্থক্য তুলে ধরা হয়েছে।

এমনকি আইনানুযায়ী, সরকারি কর্মচারীদের উপহার নেওয়ারও সুযোগ নেই। তবে, শুধুমাত্র বিদেশিদের কাছ থেকে উপহার নেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমাদন সাপেক্ষে সেটি ফয়সালা করতে হবে। যদিও এই উপহারের মূল্যমান পাঁচশো টাকার বেশি হতে পারবে না বলে সরকারি কর্মচারীদের আইনেই বলে দেওয়া হয়েছে। এসব আইনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে শাস্তির বিধানও রয়েছে।

গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস ১৯৭৯ বা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা—১৯৭৯, বাংলাদেশ সরকারের বেসামরিক চাকরিতে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য।

এই বিধিমালায় বিধি—পাঁচ এ উপহারের বিষয়ে বলা হয়েছে, সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিকটাত্মীয় বা ব্যক্তিগত বন্ধু ছাড়া অন্য কোনো ব্যক্তির নিকট থেকে এমন কোনো উপহার গ্রহণ করতে বা তার পরিবারের কোনো সদস্যকে বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে গ্রহণের অনুমতি দিতে পারবেন না।

বিদেশি পুরস্কার গ্রহণের বিষয়ে এই বিধিমালায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী রাষ্ট্রপতির অনুমোদন ব্যতিরেকে কোনো বিদেশি পুরস্কার, পদবী বা উপাধি গ্রহণ করতে পারবেন না।

এমনকি সরকারি কর্মচারীদের মূল্যবান সামগ্রী ও স্থাবর সম্পত্তি অর্জন বা হস্তান্তরের ক্ষেত্রে আড়াই লাখ টাকার বেশি মূল্যের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়—বিক্রয় বা অন্য কোনো উপায়ে হস্তান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিভাগীয় প্রধান বা সরকারের অনুমোদন গ্রহণ করতে হবে বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্মচারীরা এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে এতে তাদের জন্য শাস্তির বিধানও রাখা হয়েছে।

Related Posts