খুলনায় ২০ দিনে ৯ খুন
ঢাকা থেকেঃ পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর এই ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব গুলিতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২০ দিনে আরো তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে। খুলনার রূপসায় দোকানে ঢুকে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৪৩ বছর বয়সী শেখ জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট—বালুর ব্যবসায়ী এবং তিনি ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। এ সময় হীরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। পরে তারা মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান। গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা—পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশি কার্যক্রম চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জরুরি সভা চলছিল। তখনই জেলার রূপসায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়।
পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর এই ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এসব গুলিতে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি খুলনায় গত ২০ দিনে আরো তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২০ দিনে ৯টি হত্যাকাণ্ডের মধ্যে ৫টি ঘটেছে খুলনা নগরে, বাকি ৪টি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। আর চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি করে মোট ৭৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
