আমেরিকার ভোট বিপ্লবে তারুণ্যের শক্তি
রবীন্দ্রনাথ জীবনের একেবারে শেষ পর্যায়ে তার বিখ্যাত লেখা সভ্যতার সংকটে বলছেন, ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’। মানুষই মানুষকে বিশ্বাস করে। আবার মানুষই মানুষের ওপর পরিস্থিতির কোনো এক বাঁকে গিয়ে বিশ্বাস হারায়। এই বিশ্বাস হারানো সাময়িক। শেষ পর্যন্ত হাজার হাজার বছরের জানা ইতিহাসে মানুষই যে শ্রেষ্ঠ প্রাণী তা প্রমাণ হয়েছে। যদিও কিছু মানুষের কিংবা বিভ্রান্ত মানুষের কূপমণ্ডুকতায় পৃথিবীর অজ¯্র অন্যায়, অবিচার, পাশবিক আচরণ, নির্দয়তা মানব সমাজকে কাঁদিয়েছে। মানুষ ছাড়া অন্য প্রাণী মানুষের মত বুদ্ধির ঘোরপ্যাঁচ তৈরি করতে পারে না, কথার জটিলতায় অপরকে ঘায়েল করতে পারে না।
২০২৪ সালের নির্বাচনে আমেরিকান জনগণ বড় আশা করে তাকে বিপুল ভোটে জয়ী করে হোয়াইট হাউজে পাঠিয়েছিল এবং বিপুল সংখ্যক প্রতিনিধি ও সিনেটরকে নির্বাচিত করে কংগ্রেসে পাঠিয়েছিল, তারা সেই ভোটারদের চরম বিপদে ও বিপাকে ফেলে দিয়ে তাদের জীবনকে অতীষ্ঠ করে তুলেছিলেন। তিনি সকল আইন—কানুনকে পাশ কাটিয়ে, আমদানি শুল্ক বাড়িয়ে পৃথিবী জুড়েই অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছিলেন, তেমনই কোনো জোরালো ও অকাট্য যুক্তি ছাড়াই অন্যায্য যুদ্ধ বাধিয়ে দিয়ে বিশ্ববাসীকে যেমন আতংকের মধ্যে ছুঁড়ে ফেলেন, তেমনই তীব্র মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় জনজীবন অসহনীয় যন্ত্রণায় পতিত হয়। আমেরিকার অভ্যন্তরে এ দেশের গর্ব হার্ভার্ড, কলাম্বিয়া, স্ট্যানফোর্ডের মত ইউনিভার্সিটির ফেডারেল গ্রান্ট বন্ধ করে দিয়ে বা কমিয়ে তাদের ফেলেন চরম সংকটে। একমাত্র কিছু বিত্তবান ছাড়া সমাজের সকল স্তরের মানুষ শাস্তির আওতায় আসে। এমন কি যারা ফেডারেল সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে দায়িত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন, প্রায় রাতারাতি তারা চাকরি হারান। বিশ্বস্বাস্থ্য সংস্থার মত প্রতিষ্ঠানকে তুচ্ছতাচ্ছিল্য করেন।
সিডিসি ও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটির মত অত্যন্ত জরুরী অফিসও বন্ধ করার ঘোষণা দেন। আমেরিকার নিরাপত্তার কথা বলে গ্রিনল্যান্ড দখল করার পাঁয়তারা করেন। তেল রাজ্য নিজেদের দখলে নেয়ার জন্য স্বাধীন সার্বভৌম দেশের প্রধানকে তুলে আনার মত ঘটনাও ঘটে। ফাস্টর্ এমেন্ডমেন্টকে তোয়াক্কা না করে মানুষদের কথা বলার অধিকার নানাভাবে নিষিদ্ধ করা হয়। নিউইয়র্কের পেন স্টেশন থেকে শুরু করে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে নিজের নাম খোদাইসহ আটলান্টিক মহাসাগরকে নিজের নামে নামকরণের কথাও বলেন তিনি।
মাত্র দু’বছরে। মাত্র দু’বছরে তিনি কর্মফল পাবেন, হয়ত ঘুণাক্ষরেও তিনি ভাবেননি। এই সময়ের মধ্যে দেশব্যাপি ‘নো কিংস ডে’ নামে প্রতিবাদ হয়েছে। মানুষের ভেতরে ক্ষোভের গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তাও তিনি বুঝতে পারেননি। তিনি শুধু নন, তার সাঙ্গপাঙ্গসহ তার দলীয় সদস্যরাও। দলকানা বা দলদাস শুধু বাংলাদেশে আছে তাই নয়, এদেশেও আছে।
প্যান্ডেমিক পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায়, ভ্যাকসিন নিয়ে নানা আজগুবি কথা বলায়, এমন কি ভাইরাসকে পর্যন্ত অস্বীকার করায়, ২০২০ সালে তাকে বিপুল ভোটে পরাজিত করলে তিনি এক অভাবিত ঘটনা ঘটান ক্যাপিটল হিলে। তার সমর্থকরা ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসি এবং তারই ভাইস প্রেসিডেন্টকে হত্যার জন্য খুঁজতে থাকে বিল্ডিংএর ভেতরে। কিন্তু তারা সময়মত গোপন বাংকারে চলে যেতে সক্ষম হলে সৌভাগ্যক্রমে বেঁচে যান।
অপরপক্ষে নির্বাচনে জিতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হোয়াইট হাউজে গিয়েই দক্ষিণের সীমান্ত উন্মুক্ত করে দিলে লক্ষ লক্ষ মানুষ আমেরিকায় ঢুকে পড়ে। টেক্সাসের রক্ষণশীল গভর্নর চার্টার করা বাসে তুলে দিয়ে এইসব ইমিগ্রান্টকে ডেমোক্রেটিক অধ্যুষিত স্টেটে, অন্যভাবে বললে স্যাংচুয়ারি সিটি ও স্টেটে পাঠিয়ে দেন। নিউইয়র্ক সিটি, শিকাগো, বস্টন, লসএঞ্জেলেসের মত সিটিগুলো এইসব ইমিগ্রান্টদের নিয়ে যে সংকটে পড়ে, তা এককথায় অসহনীয়। সিটির অধিকাংশ হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের ডেবিট কার্ড দেয়া হয়। ফলে এইসব সিটির বাজেটে বিপুল ঘাটতি দেখা দেয়। এই ইমিগ্রান্ট সংকট আমেরিকানদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করে। আর এইসময় গাজায় নির্বিচারে সকল বয়সী মানুষকে টর্গেট করে হত্যা করতে থাকে ইসরাইল। এই অমানবিকতায় পৃথিবী ফুঁসে উঠলেও, তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট এই হত্যাকারী দেশের পাশে দাঁড়িয়ে তাদের নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমেরিকার লিবারেল, প্রগতিশীল ও মানবিক ব্যক্তিসহ সমমনারা পরবতীর্ নির্বাচনে তার দলের প্রেসিডেন্ট প্রার্থী এবং অনেক কংগ্রেস সদস্যের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়।
রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ৪ বছর পর পুনরায় হোয়াইট হাউজে ফিরে এসে একটি দিনও ছাড় না দিয়ে তার নিবর্তনমূলক কর্মসূচী শুরু করেন শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে। অন্যায়ের স্থায়িত্ব হয়ত স্বল্পকাল। তবে সবসময় হয়ত তা নয়। এবার মাত্র দুই বছরে আমেরিকার জনগণ ভোট বিপ্লব ঘটিয়ে তাদের ক্ষমতা প্রয়োগ করলেন। এই ভোট সুনামির কথা উচ্চারণ করেছেন রিপাবলিকান সিনিয়র নেতৃবৃন্দও। তাদের মধ্যে অন্যতম টেক্সাসের সিনিয়র সিনেটর টেড ক্রুজ, ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর ডি স্যান্টিস পর্যন্ত।
কার্ল মার্কসের থিয়োরিতেই আছে অতি শোষণ শোষিত মানুষদের উত্থানে অনুপ্রাণিত করে। গত ২৫ বছর আগে অর্থাৎ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর কতিপয় জঙ্গির জন্য সকল মুসলমানকে সন্ত্রাসী বলে যেভাবে ইসলামোফোবিয়ার সৃষ্টি করা হয়েছে যে তাতে নিরীহ মুসলমানরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। সে কারণে তারা ঝাঁপিয়ে পড়ে রাজনীতিতে। খুব অল্পদিনে তাদের উত্থান লক্ষণীয় হয়ে ওঠে। সিনেট, হাউজ থেকে শুরু করে স্টেট, সিটি, কাউন্টি এবং ফেডারেল থেকে লোয়ার কোর্ট পর্যন্ত প্রায় ২৫৫ জন মুসলমান নির্বাচিত হয়েছে।
গায়ের জোরে কোনো কিছুই হয়নি। জনগণ ভোট দিয়ে লিবারেলসহ যোগ্য প্রার্থীদের নির্বাচিত করেছে এই মধ্যমেয়াদী নির্বাচনে। এটাকে অন্য কোনো পার্সপেকটিভে দেখার সুযোগ নেই। শুধু নির্বাচিত হওয়াই শেষ কথা নয়, তাদের নিজ নিজ যোগ্যতায় টিকে থাকতে হবে। কংগ্রেসের হাউজে এবং সিনেটে অধিক সংখ্যক ডেমোক্রেটরা নির্বাচিত হওয়ার মানে এই নয় যে এই নীলে ঢাকা ম্যাপ চিরকালীন। সঠিক সিদ্ধান্ত না নিলে লালে ঢেকে যেতেও বেশি সময় লাগবে না।
তবে আশার কথা হলো ডেমোক্রেটিক পার্টিতে যে যোগ্য নেতৃত্বের অভাব ছিল তা পূরণ করতে সামনে চলে এসেছেন তিন তরুণ। এরা হলেন টেক্সাস থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর জেমস ট্যালারিকো, মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর আবদুল আল—সাঈদ এং জর্জিয়া থেকে ২০২১ সালে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর জোনাথন অসোফ। জেমস হার্ভার্ডে, আবদুল বৃটেনের অক্সফোর্ডে আর অসোফ জর্জটাউনে পড়ালেখা করেছেন। তাদের বয়স যথাক্রমে ৩৭, ৪২ এবং ৩৯ বছর। তিনজনই তরুণ।
ওয়াশিংটন পোস্ট এবং এসোসিয়েটেড প্রেস সোমবারের এক বিশ্লেষণে বলেছে এবারের এই মধ্যমেয়াদী নির্বাচনের ফলাফলে বিপ্লব এনেছে, প্রকৃতপক্ষে তরুণরা। এই পরিবর্তিত বিশ্বব্যবস্থায় প্রযুক্তি উদ্ভাবনার যুগে পৃথিবী নিরাপদ হবে তরুণদের হাতেই। নিশ্চয় বস্তাপচা পুরনো রাজনীতিকে ছুঁড়ে ফেলে আমেরিকাকে প্রগতি ও আলোর পথে নিয়ে যাওয়ার আশাবাদ তৈরি করেছে তরুণরা। তারাই এগিয়ে নিয়ে যাবে। এবং মানুষের বিশ্বাস ফিরিয়ে আনবে।
