আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক—১৯৭
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
প্রফেসর মমতাজুর রহমান
রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটির হেলথ সার্ভিসেস, পলিসি এন্ড প্র্যাকটিসের প্রফেসর এবং সেন্টার ফর জেরোন্টোলজি এন্ড হেলথকেয়ার রিসার্চের এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. মমতাজুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশাল সাইন্স ও ইকোনমিক্সে যথাক্রমে ২০০২ ও ২০০৩ সালে ব্যাচেলর ও মাস্টার্স করেন। ২০০৬ সালে ব্রাউন ইউনিভার্সিটি থেকে পুনরায় মাস্টার্স করেন। ২০১০ সালে একই ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করেন। এরপর তিনি ব্রাউন ইউনিভার্সিটিতেই পোস্ট—ডক রিসার্চ এসোসিয়েট হিসাবে যোগ দেন।
প্রফেসর এম. মুসা খান
টেক্সাসের প্রেইরি ভিউ এএন্ডএম ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ফিন্যান্সের প্রফেসর এবং ডিপার্টমেন্টাল হেড ড. এম. মুসা খান। তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে ক্যানাডার উইনিপেগের ইউনিভার্সিটি অব মেনিটোবা থেকে পুনরায় এম.এ. করেন ইকোনমিক্সে। আর ১৯৮৬ সালে ক্যানাডার ভ্যানকুভারস্থ সাইমন ফ্রেজার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন ইকোনমিক্সে।
প্রফেসর এসকান্দার আলভি
ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিক্সের প্রফেসর ড. এসকান্দার আলভি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সালে ইকোনমিক্সে বি.এ. করে আমেরিকায় চলে আসেন। এখানকার ইলিনয়স্থ শিকাগোর ডিপল ইউনিভার্সিটি থেকে ১৯৮১ সালে মাস্টার্স করেন। ১৯৮৩ সালে বাল্টিমোরের জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে পুনরায় এম.এ. করে ১৯৮৫ সালে একই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন।
