জলধির রিভিউ প্রতিযোগিতায় || কবি শামস মমীনের বই ‘টু ফর্টি নাইন স্ট্রিট, বেলরোজ’
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশের বিশিষ্ট প্রকাশক জলধি ২০২৭ সালে প্রকাশিত একটি বইএর রিভিউ প্রতিযোগিতার আয়োজন করে। এই রিভিউ প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয় কবি শামস আল মমীনের এ বছর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘টু ফোরটি নাইন স্ট্রিট, বেলরোজ’। প্রকাশকের আহবানে প্রাপ্ত রিভিউ প্রতিযোগিতায় যতগুলি রিভিউ পাওয়া যায় বিচারকমন্ডলি তার মধ্য থেকে প্রাথমিক বিচারে ১৫টি রিভিউ নির্বাচন করে ৩০ সেপ্টেম্বর।
গত মঙ্গলবার এর মধ্য থেকে পাঁচটি সেরা রিভিউ নির্বাচন করা হয়। নির্বাচিত সেরা পাঁচটি রিভিউ করেছেন লাবণী মন্ডল, শাহেরিন আরাফাত, মোহাম্মদ আশেকুজ্জামান, মো. রেজাউল করিম এবং শাহরিয়ার সোহেল। এর মধ্য থেকে তিনটি রিভিউ বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রদান করা হবে। আগামী ১২ ডিসেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জলধির প্রকাশিত খবরে জানিয়েছেন এর কর্ণধার নাহিদা আশরাফি।
এই বুক রিভিউ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ীকে দেয়া হবে ৭ হাজার টাকা অথবা সমমূল্যের বই, দ্বিতীয় পুরস্কার বিজয়ী ৫ হাজার টাকা অথবা সমমূল্যের বই আর তৃতীয় পুরস্কার বিজয়ীকে দেয়া হবে ৩ হাজার টাকা বা সমমূল্যের বই।
কবি শামস আল মমীন ১২ ডিসেম্বরের অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রে উপস্থিত থাকবেন বলে সাপ্তাহিক বাঙালীকে জানিয়েছেন।
