ব্রংক্সে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি পালন
শেখ শফিকুর রহমানঃ বর্ণাঢ্য আয়োজন ও শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে উদযাপিত হয়েছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি। গত ১০ নভেম্বর মঙ্গলবার ব্রংক্সের স্টার্লিং অ্যাভিনিউতে অবস্থিত এশিয়ান ড্রাইভিংয়ের মিলনায়তনে এ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজউদ্দিন আহমেদ সোহাগসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের সঞ্চালক মাহমুদুল হাসান সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও এক বছরের পথচলা সম্পর্কে উপস্থিত দর্শক—শ্রোতাদের অবহিত করেন।
মূলত কণ্ঠশিল্পীদের মিলনমেলায় পরিণত হয় বর্ষপূর্তির এই আয়োজন। নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে আগত কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, মিঠুল হক, ক্রিস্টিলা কুইয়া, চাইম ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য আল—আমিন, এহেতেশাম মুকুট, হামজা, জোসেফিন মিষ্টি, বিনিটা জয়া, আসাদ সোহেল, রুপালি ঘোষ, সঞ্চিতা ঠাকুরসহ আরও অনেক শিল্পী।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির থিম সং—এর রচয়িতা সৈয়দ আলী শুভ। এ সময় সিম্ফনির থিম সংটি উপস্থিত দর্শক—শ্রোতাদের শোনানো হয়।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার সৈয়দ ফয়েজ উপস্থিত সকল শিল্পী, অতিথি ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানান এবং সংগঠনের পথচলায় তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘটে।
