তিন দেশে কবিতা উৎসবে যোগ দিতে গেলেন হাসানআল

বিশেষ প্রতিবেদনঃ পোল্যান্ড আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিচ্ছেন নিউইয়র্কে বসবাসরত কবি হাসানআল আব্দুল্লাহ। নভেম্বরে ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত পোল্যান্ডের ভ্রসলভ শহরে পোলিশ রাইটার্স ইউনিয়ন ও পোয়েট উইদাউট বর্ডারস আয়োজিত ২৩তম আন্তর্জাতিক কবিতা উৎসব। উৎসবের সভাপতি কবি কাজিমেয়ারেজ বুরনাথের আমন্ত্রণে পঞ্চমবারের মতো কবি হাসানআল আব্দুল্লাহ এই অনুষ্ঠানে যোগ দেন। উৎসব শেষে তিনি আরো দু’সপ্তাহ কাটাবেন পোল্যন্ডের মিলিস শহরে। সেখানে ভ্রসলোভ মিউজিক ও লিটারেচার সেন্টার, স্টুপ পাবলিক লাইব্রেরি, ও মিলিস সিনিয়ার সিটিজেন সেন্টারে কবির একক কবিতা পাঠের আয়োজন করা হবে বলে জানা গেছে। এ সময়ে পোলিশ কবি ও অনুবাদক ক্যাতারজিনা জর্জিও পোলিশ ভাষায়ও হাসানআল আব্দুল্লাহর কবিতা পড়বেন। তাছাড়া স্থানীয় একাধিক হাইস্কুলে কবি ছাত্রছাত্রীদের জন্যে অন্যান্য বারের মতো এবছরও কবিতার আসর করবেন। তিনি সোমবার পোল্যান্ডে পৌঁছেছেন বলে ফোনে সাপ্তাহিক বাঙালীকে জানান।

অন্যদিকে ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে ভারতের উড়িষ্যায় অনুষ্ঠিতব্য কবিতা উৎসবে তৃতীয়বারের মতো আমন্ত্রিত হয়েছেন হাসানআল আব্দুল্লাহ। এ আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক কবিতা উৎসব কমিটির পক্ষে উড়িষ্যার কবি মানু দাশ। দু’টি অনুষ্ঠানেই বিভিন্ন দেশের কবিদের সাথে মতবিনিময়, কবিতা বিষয়ক সেমিনার, কবিতাপাঠ, ও স্থানীয় কলেজ—বিশ্ববিদ্যালয়ের ছাত্র—ছাত্রীদের সাথে কাব্যালাপের আয়োজন থাকবে। জানা গেছে, আমন্ত্রিত কবিদের কবিতা নিয়ে এন্থোলজি প্রকাশ পাচ্ছে দুই দেশ থেকেই। 

একই সফরে তিনি যাবেন সুইডেনের রাজধানী স্টকহোমে। সেখানে স্থানীয় হিনিন্স কালচারাল সেন্টারে ৪ ডিসেম্বর আয়োজিত কবিতাপাঠের আসরে সুইডিশ কবি বেঙ্কট বুজারকলুন্টের হাতে ১৩তম শব্দগুচ্ছ আন্তর্জাতিক পুরস্কার তুলে দেবেন। উল্লেখ্য শব্দগুচ্ছ কর্তৃক ২০০১ সাল থেকে দুবছর পরপর এ পুরস্কার দেয়া হচ্ছে। পুরস্কারের অর্থমূল্য এক হাজার মার্কিন ডলার ও ক্রেস্ট কবির হাতে তুলে দেয়া হবে। 

কবি হাসানআল আব্দুল্লাহ ইতিপূর্বে এই তিন দেশ ছাড়াও চীন, গ্রীস, মরক্কো, কেনিয়া, মেক্সিকোয়, গুয়াতেমালা, ও মেসিডোনিয়া অনুষ্ঠিত কবিতা উৎসবে যোগ দিয়েছেন। তাঁর কবিতা অনূদিত হয়েছে ঊনিশ ভাষায়।

Related Posts