ঢাকায় ডলারের বাজার অস্থির || খোলা বাজারে সর্বোচ্চ দাম ১২৯ টাকা

ঢাকা থেকেঃ ঢাকার বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা যাচ্ছে। জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোতে ডলারের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সঙ্গে নগদ ডলারের সীমিত সরবরাহ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি যুক্ত হয়ে বাজারে নতুন করে চাপ তৈরি করেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এই পরিস্থিতির ফলে একদিকে বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা আরও বাড়ছে, অন্যদিকে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এমন বাস্তবতায় ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম ১২৫ টাকার কাছাকাছি থাকলেও খোলাবাজারে তা বিক্রি হচ্ছে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত। অর্থাৎ ব্যাংকের তুলনায় নগদ ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ৩ থেকে ৪ টাকারও বেশি।

ব্যাংক ও খোলাবাজারে ডলারের দরের বড় ব্যবধান উদ্বেগ তৈরি করছে। কারণ এতে একদিকে বাজারে অস্থিরতা তৈরি করে, অন্যদিকে বাজারে ডলারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে।

এ অবস্থায় খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা বলছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটি তাদের সদস্যদের সতর্ক করে বলেছে, বেশি দামে ডলার বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

এ নির্দেশনার পরও বিভিন্ন স্থানে ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১২৯ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রির খবর পাওয়া যাচ্ছে। এতে নির্ধারিত দরের বাইরে লেনদেন এবং বাজার তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। ব্যাংকাররা বলছেন, ডলারের বাজারে নতুন করে চাপ তৈরির পেছনে আমদানি দায় পরিশোধের বাড়তি চাহিদা বড় কারণ। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও শিল্পের কাঁচামাল আমদানিতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ছে না। ফলে ব্যাংকগুলোকে বেশি দামে ডলার সংগ্রহ করতে হচ্ছে।

ব্যাংকারদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর বেড়েছে। গত বুধবার বাণিজ্যিক ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রতি ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৭০ পয়সা দরে কিনেছে। ব্যাংকগুলোর নিজস্ব ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৫৫ পয়সা থেকে ১২৪ টাকা ৬০ পয়সা। একই সময়ে আমদানি দায় পরিশোধে ঋণপত্র নিষ্পত্তির ক্ষেত্রে ডলারের দর বেড়ে ১২৪ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে। আগের দিন এ দর ছিল ১২৪ টাকা ৫০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের ১১ নভেম্বরের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে ডলারের ভারিত গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৩৫ পয়সা। অন্যদিকে খোলাবাজারে ডলারের বিক্রয় দর ১২৭ টাকা ৮৫ পয়সা বা তার বেশি হওয়ায় দুই বাজারের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। নগদ ডলারের চাহিদা ও সরবরাহের পার্থক্য এর অন্যতম কারণ হলেও ব্যবধান দীর্ঘস্থায়ী হলে বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্যহীনতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।

ডলারের দর বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আমাদের রেমিট্যান্স প্রবাহ স্টেবল, এক্সপোর্ট ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জ্বালানি ক্রয় করতে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়েছে। এটা সাময়িক চাপ। যদি ব্যাংকগুলো মনে করে যে, এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা রাখা প্রয়োজন তাহলে বাংলাদেশ ব্যাংক অবশ্যই ভূমিকা রাখবে।

Related Posts