৫০ রাজ্যের ৫০ ভালোবাসার গল্পঃ ওহাইও বিলাভ্ড্ঃ টনি মরিসন || আবদুল্লাহ জাহিদ

মানুষ কি কখনো তার অতীত থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে? যে স্মৃতি মানুষ ভুলে যেতে চায়, সেই স্মৃতিই যদি একদিন রক্তমাংসের শরীর নিয়ে ফিরে আসে, তাহলে কী ঘটে? কথাসাহিত্যিক টনি মরিসনের বিখ্যাত উপন্যাস বিলাভড (১৯৮৭) এই প্রশ্নকে কেন্দ্র করেই রচিত। আমেরিকার দাসপ্রথার নির্মম ইতিহাস, মাতৃত্বের অসহায়তা এবং মানুষের স্বাধীনতার আকাক্সক্ষা এই উপন্যাসে এক অসাধারণ সাহিত্যিক রূপ লাভ করেছে।

উপন্যাসের পটভূমি ১৮৭৩ সালের ওহাইও স্টেটের সিনসিনাটি শহর। শহরের ব্লুস্টোন রোডের ১২৪ নম্বর বাড়িতে বাস করেন সেথে নামের এক কৃষ্ণাঙ্গ নারী এবং তাঁর মেয়ে ডেনভার। বাড়িটি রহস্যময়। সেখানে অদৃশ্য কোনো শক্তির উপস্থিতি অনুভূত হয়। কখনো আসবাবপত্র নড়ে ওঠে, কখনো অস্বাভাবিক শব্দ শোনা যায়। সেথে বিশ্বাস করেন, এই অশরীরী উপস্থিতি তাঁর মৃত শিশুকন্যার আত্মা।

সেথের অতীত জড়িয়ে আছে কেন্টাকির ‘সুইট হোম’ নামের একটি খামারের সঙ্গে। নামটি মধুর হলেও সেখানে তাঁর জীবন ছিল দাসত্বের শৃঙ্খলে বন্দি। খামারে তিনি হ্যালি নামের এক ক্রীতদাসকে বিয়ে করেন। তাঁদের চার সন্তান জন্ম নেয়। কিন্তু খামারের মালিকানা পরিবর্তনের পর নতুন তত্ত্বাবধায়ক ‘স্কুলটিচার’—এর অত্যাচারে তাঁদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সেথের ওপর চালানো হয় নির্মম শারীরিক নির্যাতন। এমনকি তাঁর শিশুসন্তানের জন্য সঞ্চিত মাতৃদুগ্ধও কেড়ে নেওয়া হয়।

অবশেষে সেথে দাসত্ব থেকে পালানোর সিদ্ধান্ত নেন। সন্তানদের আগেই নিরাপদ স্থানে পাঠিয়ে তিনি নিজেও পালিয়ে আসেন ওহাইওতে। পালানোর পথে অ্যামি ডেনভার নামের এক শ্বেতাঙ্গ তরুণীর সহায়তায় তাঁর কন্যাসন্তানের জন্ম হয়। কৃতজ্ঞতাস্বরূপ শিশুটির নাম রাখেন ডেনভার। স্বামী হ্যালি অবশ্য তাঁর সঙ্গে পালাতে পারেননি। পরে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওহাইওতে এসে সেথে সন্তানদের নিয়ে নতুন জীবন শুরু করেন। কিন্তু স্বাধীনতার সেই আনন্দ স্থায়ী হয় মাত্র আটাশ দিন। একদিন সুইট হোমের নিষ্ঠুর স্কুলটিচার লোকজন নিয়ে হাজির হন সেথে ও তাঁর সন্তানদের আবার দাসত্বে ফিরিয়ে নিতে। আতঙ্কিত সেথে বুঝতে পারেন, তাঁর সন্তানদের জন্য অপেক্ষা করছে সেই একই নির্যাতন ও অপমানের জীবন, যা তিনি নিজে সহ্য করেছেন।

এই ভয়াবহ মুহূর্তে সেথে এমন এক সিদ্ধান্ত নেন, যা উপন্যাসের কেন্দ্রীয় ট্র্যাজেডি হয়ে ওঠে। সন্তানদের দাসত্বে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে তিনি তাঁদের হত্যা করার চেষ্টা করেন। তাঁর দুই বছরের কন্যাশিশুটি মারা যায়। অন্য সন্তানদের বাঁচিয়ে ফেলা সম্ভব হয়।

একজন মা কীভাবে নিজের সন্তানকে হত্যা করতে পারেন? সেথের কাছে এর উত্তর ছিল নির্মমÑতিনি সন্তানকে এমন এক জীবনে ফিরিয়ে দিতে চাননি, যেখানে মানুষের কোনো স্বাধীনতা নেই, নিজের শরীরের ওপরও অধিকার নেই। মরিসন এই হত্যাকাণ্ডকে সমর্থন করেন না; বরং পাঠককে এমন এক নৈতিক সংকটের মুখোমুখি দাঁড় করান, যেখানে মাতৃত্বের ভালোবাসা ও মৃত্যুর ভয়াবহতা একাকার হয়ে যায়।

বহু বছর পর সেথের জীবনে ফিরে আসেন পল ডি, যিনি একসময় সুইট হোম খামারে তাঁর সহকর্মী ক্রীতদাস ছিলেন। দীর্ঘ বিচ্ছেদের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পল ডি সেথের সঙ্গে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখেন। মনে হয়, দীর্ঘদিনের দুঃখ ও নিঃসঙ্গতার অবসান ঘটতে চলেছে।

কিন্তু ঠিক তখনই তাঁদের বাড়িতে আবির্ভূত হয় এক রহস্যময় তরুণী। তার নাম বিলাভ্ড্Ñযে নামটি সেথে তাঁর মৃত শিশুকন্যার সমাধিফলকে খোদাই করিয়েছিলেন।

বিলাভ্ডে্র আবির্ভাবে সেথের জীবন আবার অস্থির হয়ে ওঠে। তরুণীটি এমন সব কথা বলে এবং এমন আচরণ করে, যাতে সেথের বিশ্বাস জন্মায়, তাঁর মৃত কন্যাই ফিরে এসেছে। তিনি অতীতের অপরাধবোধ থেকে মুক্তি পেতে বিলাভ্ড্কে সমস্ত ভালোবাসা উজাড় করে দিতে থাকেন। কিন্তু বিলাভ্ডে্র চাহিদা ক্রমশ বাড়তে থাকে। সেথে নিজের কাজকর্ম, সংসার, এমনকি স্বাভাবিক জীবনযাপনের প্রতিও আগ্রহ হারিয়ে ফেলেন।

এদিকে পল ডি সেথের সন্তানহত্যার ইতিহাস জানতে পেরে বাড়ি ছেড়ে চলে যান। সেথে আরও নিঃসঙ্গ হয়ে পড়েন। তাঁর সমস্ত অস্তিত্ব যেন মৃত সন্তানের স্মৃতির কাছে বন্দি হয়ে যায়।

এই অবস্থায় ডেনভার মাকে রক্ষা করার উদ্যোগ নেয়। এতদিন যে মেয়েটি বাড়ির চার দেয়ালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিল, সে প্রথমবারের মতো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ শুরু করে। প্রতিবেশীদের কাছে সাহায্য চায়। একদিন এলাকার একদল কৃষ্ণাঙ্গ নারী সেথের বাড়ির সামনে সমবেত হয়ে প্রার্থনা ও সংগীতের মাধ্যমে তাঁকে সেই অস্বাভাবিক বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করেন। ঘটনাচক্রে বিলাভ্ড্ অদৃশ্য হয়ে যায়।

বিলাভ্ড্ কি সত্যিই মৃত শিশুটির ফিরে আসা আত্মা, নাকি দাসপ্রথার ভয়াবহ স্মৃতির প্রতীকÑমরিসন তার সুনির্দিষ্ট উত্তর দেননি। রহস্যটুকু তিনি পাঠকের কল্পনার ওপর ছেড়ে দিয়েছেন।

উপন্যাসের শেষদিকে পল ডি আবার সেথের কাছে ফিরে আসেন। তিনি তাঁকে বোঝাতে চান, অতীতের অপরাধবোধই জীবনের শেষ কথা নয়। সেথের নিজের জীবনও মূল্যবান। তাঁরও নতুন করে বেঁচে থাকার অধিকার আছে।

‘বিলাভ্ড্’ শুধু একজন মায়ের করুণ কাহিনী নয়; এটি আমেরিকার ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের সাহিত্যিক দলিল। উপন্যাসটির অনুপ্রেরণা এসেছিল ১৮৫৬ সালে ওহাইওতে সংঘটিত মার্গারেট গার্নার নামের এক পলাতক ক্রীতদাসীর বাস্তব ঘটনা থেকে। দাসত্বে ফিরে যাওয়ার আশঙ্কায় তিনিও নিজের শিশুকন্যাকে হত্যা করেছিলেন।

টনি মরিসন এই ইতিহাসের মধ্য দিয়ে দেখিয়েছেন, দাসপ্রথা শুধু মানুষের শরীরকে বন্দি করেনি, ধ্বংস করেছে তার ভালোবাসা, পরিবার, আত্মমর্যাদা এবং মানসিক শান্তি। স্বাধীনতার ঘোষণা এলেও সেই ক্ষত বহু প্রজন্ম ধরে রয়ে গেছে।

১৯৮৮ সালে ‘বিলাভ্ড্’ পুলিৎজার পুরস্কার লাভ করে। উপন্যাসটি আজ বিশ্বসাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ রচনা হিসেবে স্বীকৃত। ওহাইওর একটি বাড়ির গল্প বলতে গিয়ে মরিসন আসলে সমগ্র আমেরিকার বিবেকের সামনে একটি প্রশ্ন রেখে গেছেনÑযে সমাজ একজন মাকে নিজের সন্তানের মৃত্যুকেই তার স্বাধীনতার একমাত্র পথ বলে ভাবতে বাধ্য করে, সেই সমাজের অপরাধের বিচার কে করবে?

লেখক পরিচিতি

টনি মরিসন (১৯৩১—২০১৯) যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেটের লোরেইন শহরে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মনাম ক্লোই আর্ডেলিয়া উফোর্ড। তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা ও প্রকাশনা সংস্থায় সম্পাদনার পাশাপাশি তিনি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।

১৯৭০ সালে তাঁর প্রথম উপন্যাস দ্য ব্লুয়েস্ট আই প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সুলা, সং অব সলোমন, বিলাভ্ড্, জ্যাজ এবং প্যারাডাইজ। আফ্রিকান—আমেরিকান মানুষের ইতিহাস, বর্ণবৈষম্য, নারীজীবন, পরিচয়সংকট ও স্মৃতির গভীর প্রভাব তাঁর সাহিত্যের প্রধান বিষয়।

১৯৯৩ সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১২ সালে তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করা হয়। ২০১৯ সালের ৫ আগস্ট তাঁর মৃত্যু হয়। আমেরিকার ইতিহাসের উপেক্ষিত মানুষের কণ্ঠস্বরকে বিশ্বসাহিত্যের কেন্দ্রে তুলে আনার জন্য টনি মরিসন চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Related Posts