ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু, আহত ১৮
রয়টার্স প্রতিবেদনঃ ব্রুকলিনে আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুজন নির্মাণশ্রমিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা, তা খুঁজতে ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধার অভিযান চলছে।
বুধবার বিকেলে ভবনধসের এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি জানান, ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্তের পরিধি বাড়ানো হয়েছে। ধসে পড়া ভবনের পাশের একটি নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্কিত আরও ১০০টি নির্মাণস্থল তদন্তের আওতায় আনা হচ্ছে।
ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন। নিহত আটজনের মধ্যে দুজন শিশু। ছয় প্রাপ্তবয়স্কের মধ্যে দুজন নির্মাণশ্রমিক রয়েছেন।
ভবনধসের ঘটনায় আহত ১৮ জনের মধ্যে উদ্ধার অভিযানে অংশ নেওয়া চারজন অগ্নিনির্বাপণকর্মীও রয়েছেন।
মেয়র মামদানি বলেন, সংশ্লিষ্ট নির্মাণপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত অন্য স্থাপনাগুলোও পরীক্ষা করে দেখা হবে। নিউইয়র্কবাসীর নিরাপত্তার জন্য উদ্বেগের কোনো কারণ থাকলে কর্তৃপক্ষ সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
ধসে পড়া ভবনটি ১৯৩০ সালে নির্মিত। সরকারি নথি অনুযায়ী, এতে চারটি আবাসিক ইউনিট ছিল। ভবনটিতে কয়েকটি ইমিগ্রান্ট পরিবার বসবাস করত বলে জানান মেয়র মামদানি। নিহত ব্যক্তিদের মধ্যে ইকুয়েডরের দুজন নাগরিক রয়েছেন।
ভবনটি বুধবার বিকেল চারটার দিকে ধসে পড়ে। এতে পাশের একটি আবাসিক ভবনের দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়। ভবনটির সিঁড়ি, আলমারি ও একটি শয়নকক্ষ বাইরে থেকে দেখা যাচ্ছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একই সড়কের আরও তিনটি ভবনের বাসিন্দাদের ভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানে ফিরতে দেওয়া হবে না।
ধসে পড়া ভবনের পাশের নির্মাণস্থলে চলতি বছরের শুরু থেকে খননকাজ চলছিল। স্যাটেলাইট চিত্রে এ তথ্য দেখা গেছে। সরকারি নথিতে দেখা যায়, নির্মাণপ্রতিষ্ঠানটি গত সেপ্টেম্বরে কর্তৃপক্ষকে জানায়, সেখানে মাটি কাটার পাশাপাশি পাথর বিস্ফোরণের কাজও করা হয়েছে।
উদ্ধার অভিযানে ভারী বৃষ্টির মধ্যেও দুটি খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেইÑ এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
