গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে || ফুলেল শুভেচ্ছায় স্নাত শাহ নেওয়াজ
শিব্বীর আহমেদঃ প্রবাসে জীবনযাত্রার ব্যস্ততা, পরিবর্তিত পারিবারিক কাঠামো এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর বাস্তবতায় হোমকেয়ার সেবা এখন নিউইয়র্কের ইমিগ্রান্ট কম্যুনিটির জন্য গুরুত্বপূর্ণ এক নির্ভরতার জায়গা। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা গোল্ডেন এজ হোমকেয়ার সফলভাবে পার করেছে এক দশক। এক দশকের এই সেবাযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী।
৮ নভেম্বর রবিবার সন্ধ্যায় লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ এক দশকের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহ নেওয়াজ বলেন, দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোমকেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।
প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সাদিয়া নেওয়াজ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানান। গোল্ডেন এজ হোমকেয়ারের সঙ্গে দীর্ঘ পথচলায় সবার সহযোগিতা, ভালোবাসা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রন্টি দাস, কবির বকুল, প্রীতম হাসান, শাহ মাহবুব, রানো নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ ও রিজিয়া পারভীনসহ আরও অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফুল হাসান বুলবুল।
নিউইয়র্কে বাংলাদেশীসহ দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং নিজ বাড়িতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের চাহিদাও বাড়ছে। কর্মব্যস্ত জীবনে পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অনেক পরিবারের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা কর্মজীবনে ব্যস্ত, সেখানে পেশাদার হোমকেয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এমন বাস্তবতায় ২০১৬ সালে যাত্রা শুরু করে গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণ, অসুস্থ এবং দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। ব্রংক্স, ব্রুকলিন, ম্যানহ্যাটান, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে এর সেবার পরিধি বিস্তৃত।
বাংলাদেশীসহ দক্ষিণ এশীয় ইমিগ্রান্ট কম্যুনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে অনেক প্রবীণ ইমিগ্রান্ট ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের জন্য মাতৃভাষায় যোগাযোগের সুযোগ এবং পরিচিত সাংস্কৃতিক পরিবেশে সেবা গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল্ডেন এজ হোমকেয়ারের সেবাদাতাদের মধ্যে বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। এতে সেবাগ্রহীতা ও পরিচর্যাকারীদের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি প্রবীণদের মানসিক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরিতে সহায়তা করে।
প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড এবং পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিজ বাড়িতে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করে। ব্যক্তিগত পরিচর্যা, দৈনন্দিন কাজকর্মে সহায়তা এবং নির্ধারিত সেবাপরিকল্পনা অনুযায়ী সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রবীণ ও অসুস্থ মানুষের জীবনযাত্রা সহজ করাই এ ধরনের সেবার মূল উদ্দেশ্য।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ার তার পথচলার নতুন অধ্যায়ে প্রবেশ করল। সামনে রয়েছে পরিবর্তিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সেবার মান বজায় রাখা, পরিচর্যাকারীদের দক্ষতা ও পেশাদারত্বের উন্নয়ন এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর চাহিদা পূরণের চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজের নেতৃত্বে গত এক দশকে প্রতিষ্ঠানটি প্রবাসী কমিউনিটিতে যে পরিচিতি ও আস্থার জায়গা তৈরি করেছে, ভবিষ্যতে তা ধরে রাখা এবং আরও বিস্তৃত করাই হবে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
