২৬ জুন নিউইয়র্কে স্কুলের শেষ দিন
বাঙালী প্রতিবেদনঃ এক বছরের ক্লাস শেষে ২০২৫—২০২৬ শিক্ষাবর্ষের সমাপনী হতে যাচ্ছে। আগামী ২৬ জুন শুক্রবারই বিদায়ী শিক্ষাবর্ষের শেষ দিন। প্রায় ১১ সপ্তাহ সামার ভেকেশন শেষে নতুন শিক্ষা বছরে ক্লাস শুরু হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ইতিমধ্যে অনেক স্কুলে গ্রাজুয়েশন পর্ব শেষ হয়েছে। অনেক স্কুলে এই সপ্তাহেই হবে। প্রধানত বেশির ভাগ স্কুলে গ্রাজুয়েশন হবে শেষ সপ্তাহেই।
সামার ভেকেশনের ১১ সপ্তাহ ছাত্রছাত্রীদের জন্য ভাল—মন্দ অনুভব নিয়ে আসে। পুরনো ক্লাস অতিক্রম করে নতুন ক্লাসে যাওয়ার যেমন আনন্দ, তেমনই এলিমেন্টারি থেকে জুনিয়র হাই কিংবা জুনিয়র হাই থেকে হাইস্কুলে গেলে অনেককে স্কুল পরিবর্তন করতে হয়। এ কারণে পুরনো বন্ধুদের হারানোর বেদনা অনেককে কষ্টে নিমজ্জিত করে। আর হাইস্কুল গ্রাজুয়েশন শেষে কলেজে যাওয়ার আনন্দ যেমন অফুরান তেমনই টিনএজ বয়সে বন্ধু হারানোর বেদনাও বেশ গভীর। হাসি—কান্নার এই বিপরীত অনুভবে ছেয়ে থাকে শিক্ষাবর্ষের শেষের দিনগুলো।
ভেকেশন অর্থ কেবলই ছুটি পাওয়ার আনন্দ নয়, আগামী শিক্ষাবর্ষ কিংবা আগামীর জন্য নিজেদের তৈরি করারও প্লান। অভিভাবকসহ ছাত্রছাত্রীরা যেন ভেকেশনের আগেই আগামী ১১ সপ্তাহের জন্য একটি পরিকল্পনা তৈরি করে।
