৬৮ বছর পর এক দিনে ৪টি খেলা ড্র
স্পোর্টস প্রতিবেদনঃ ফিফা বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে হয়েছে চারটি ম্যাচ। সবগুলো ম্যাচই শেষ হয়েছে সমতায়। একটি ম্যাচেও আসেনি রেজাল্ট। বিশ্বকাপের পঞ্চম দিনে স্পেন—কেপ ভার্দে ০—০, বেলজিয়াম—মিসর ও সৌদি আরব—উরুগুয়ে ১—১ এবং ইরান—নিউজিল্যান্ড ২—২ ড্র করেছে। ৬৮ বছর পর ফিফা বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখলো ফুটবল বিশ্ব। পরিসংখ্যান বলছে, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এক দিনে চারটি ম্যাচ ড্র হওয়ার ঘটনা মাত্র দুইবার ঘটেছে।
এর আগে ১৯৫৮ বিশ্বকাপ একদিনে চারটি ম্যাচ ড্র হয়েছিল। গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন—ওয়েলস (০—০), যুগোস্লোভিয়া—প্যারাগুয়ে (৩—৩), ইংল্যান্ড—অস্ট্রিয়া (২—২) ও নর্দান আয়ারল্যান্ড—জার্মানি (২—২)। দীর্ঘ ৬৮ বছর পর আবারও সেই বিরল রেকর্ডের পুনরাবৃত্তি হলো। ১৯৫৮ বিশ্বকাপে যে দিনে এই কীর্তি গড়া হয়েছিল, কাকতালীয়ভাবে সে দিনটাও ছিল ১৫ জুন।
নেদারল্যান্ডসের বিপক্ষে ২—২ গোলে ড্র জাপানের
জাপান যে কখনো হাল ছাড়ে না সেটা দেখা গেল আবারও! ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২—২ গোলে ড্র করেছে জাপান। প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর চারটি গোলই হয়েছে পরের অর্ধ্বে। ৫১ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিন ফন ডাইকের গোল শোধ করেন জাপানের কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে সামারভিলের গোলে ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদার গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে আসা ক্রসে হেড করে গোল করেন ডাচ তারকা। বক্সে লিভারপুল ডিফেন্ডারের সেই চিরাচরিত হেডে গোল। বল পোস্টে লেগে জালে জড়ায়। দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটাই প্রথম গোল ফন ডাইকের।
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়া দারুণ এক আক্রমণ থেকে গোলটি করেছেন মিডফিল্ডার কেইতো নাকামুরা।
১—১ সমতা ফেরার পর ৬৪ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল। ফলে ৫১—৬৪ এই ১৩ মিনিটে আসে তিন গোল। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৯ মিনিটে সমতা ফিরিয়েছে জাপান। জয়ের স্বপ্ন দেখা ডাচদের থমকে দিয়ে গোলটি করেছেন দাইচি কামাদা।
