ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ইংল্যান্ডের
স্পোর্টস প্রতিবেদনঃ ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ৪—২ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। টেক্সাসের আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইউরোপের এ দুই দল।
২০১৮ সালের বিশ্বকাপ সেমিফাইনাল। অতিরিক্ত সময়ে ২—১ গোলে জিতে সেবার ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছিল ক্রোয়েশিয়া। এর আট বছর আজ যেন সে হিসেব মিটিয়ে দিল ইংলিশরা।
ম্যাচের নবম মিনিটে লুকা মদ্রিচের কারণে পেনাল্টি পায় ইংলিশরা। অধিনায়ক হ্যারি কেইনের সেই পেনাল্টি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। কিন্তু শট নেওয়ার আগে গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেয়ার সুযোগ পান কেইন। ১২ মিনিটে দ্বিতীয়বার নেয়া সেই শট থেকে গোল পান তিনি।
তবে কিছুক্ষণের মধ্যেই খেলায় ফেরে মদ্রিচরা। ৩৬ মিনিটে দুর্দান্ত এক শটে ম্যাচে সমতায় ফেরান মার্তিন বাতুরিনা। এর মাত্র ৪ মিনিটর পর ডেকলান রাইসের কর্নার থেকে আবার গোল পান কেইন। ইংল্যান্ড ২—১ গোলে এগিয়ে গেলেও অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে পেতার মুসার গোলে আবারও সমতায় ফেরে ক্রোয়েশিয়া।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি পাল্টে যায় ইংল্যান্ডের খেলা। যে ইংল্যান্ড প্রথমার্ধে কিছুটা সতর্ক হয়ে খেলছিল, এবার তারাই হয়ে ওঠে আক্রমণাত্মক। ৪৭ মিনিটে অ্যান্ডারসনের মাদুয়েকেকে দেয়া পাস থেকে বল নিজের নিয়ন্ত্রণে নেন বেলিংহ্যাম। সেখান থেকে পেনাল্টি বক্সে ঢুকে লিভাকোভিচকে পরাস্ত করে বল জালে জড়ান। ৩—২ এ লিড নেয় ইংলিশরা।
এরপরও চলতে থাকে তাদের আক্রমণ। কয়েকবার পালটা আক্রমণেও যায় ক্রোয়েশিয়াও। ম্যাচের ৮৫ মিনিটে সাকার অসাধারণ এক পাস থেকে ব্যবধান বাড়ান মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত ৪—২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
