গ্যাসের দাম কমতে শুরু করেছে
বাঙালী প্রতিবেদনঃ ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর নিউইয়র্কে গাড়ির গ্যাসের গড় গ্যালন মূল্য ৪ ডলারের নিচে নেমে এলে জনমনে কিছুটা স্বস্তি আসে। স্বস্তি আসার কারণ মূল্য কমার জন্য নয়, গ্যাসের উর্ধগতি যে নিম্নগতিতে নেমে আসছে তার কারণে। উল্লেখ্য এই চুক্তির অন্যতম শর্ত হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের জন্য অবিলম্বে খুলে দেয়া।
ট্রিপল ‘এ’র বরাত দিয়ে শুক্রবার এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে গ্যাসের গড় গ্যালন ছিল ৩.৯৯ ডলার। যুদ্ধ শুরুর পর এই প্রথম ৪ ডলারের নিচে নামল। তবে যুদ্ধ শুরু হওয়ার আগের চেয়ে এখনও গাড়ির চালকরা গড়ে গ্যালনপ্রতি ১ ডলার বেশি খরচ করছে।
এসোসিয়েটেড প্রেস বলছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগামী দিনগুলোতে গ্যাসের দাম কমতে থাকবে। এপি বলছে, যুদ্ধের কারণে কেবল গ্যাসের দামই বেড়েছে তা নয়, নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে প্লেনের টিকিট ইত্যাদির দামও বেড়েছে।
উল্লেখ্য ট্রিপল ‘এ’র তথ্য অনুযায়ী আমেরিকায় গ্যাসের দাম সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়ায় (গড়ে ৫.৬৪ ডলার) আর সবচেয়ে কম টেক্সাসে (গড়ে ৩.৪০ ডলার)।
