বৃহস্পতিবার জেগে উঠেছিল নিউইয়র্ক সিটি || নিক্স’র বিজয়ে আনন্দউল্লাস
বাঙালী প্রতিবেদনঃ মেয়র জোহরান মামদানি নিক্স—এর সকল প্লেয়ারসহ দলের কর্ণধার জেমস ডোলান এবং হেড কোচ মাইকেল ব্রাউন ও অন্যদের হাতে নিউইয়র্ক সিটির চাবি তুলে দিলেন। এরপর এলিসিয়া কিস গেয়ে উঠলেন তার জনপ্রিয় গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’। তারপরই নেমে এল লক্ষ লক্ষ কনফেটি মুষলধারে বৃষ্টির মত। কতকাল পরে নিউইয়র্ক সিটি এই রকম একটি আনন্দ উৎসবে মুখর হয়ে উঠল।
মেয়র মামদানি আন্তরিকভাবেই নিউইয়র্কারদের আনন্দে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এই সুযোগটি আসে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে। তিনি জানতেন এই খেলাকে কেন্দ্র করে নিউইয়র্ক সিটি মেতে উঠবে। সেই সাথে এনবিএ ফাইনালস। এ বছর এনবিএ’র ধারা দেখে বোঝা যাচ্ছিল চ্যাম্পিয়নশিপের কাপ আসতে যাচ্ছে নিউইয়র্কের হোমটাউন টিম নিক্সএর ঘরে। এলোও তাই। দুটি বিপুল জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে নিউইয়র্কারদের যে মুখর মনোভাব তাতে ফুলঝুরি ছড়িয়ে দিয়ে মেয়র যোগ করলেন আরো কয়েক স্তর আনন্দ। কাজটি সহজ ছিল না। কিন্তু মেয়র এবং তার প্রশাসনের সুচারু ব্যবস্থাপনায় সেই আনন্দে শরীক হয়ে উপভোগ করেন নিউইয়র্কবাসী।
নিক্স এনবিএ ফাইনালসে পঞ্চম গেমে জিতে চ্যাম্পিয়ন হওয়ায় মেয়র এই সিটির ঐতিহ্য অনুযায়ী টিকার—টেপ প্যারেডের আয়োজন করেন। বৃহস্পতিবার সকালে এই প্যারেড হয় বাউলিং গ্রিন থেকে সিটি হল পর্যন্ত ব্রডওয়ের ওপর। প্যারেড অতিক্রম করে খেলোয়াড়রা ছাড়াও সিটির কয়েকটি এজেন্সি। সম্মুখভাগে ছিল পুলিশ ব্যান্ড। খোলা ট্রাকের ফ্লোট নিয়ে নিক্সএর প্লেয়াররা চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে ধরে রাস্তা প্রদক্ষিণ করেন। ফ্লোটে ছিলেন সস্ত্রীক মেয়রও। বিভিন্ন স্পটে থেমে তারা ট্রাক থেকে নেমে ভক্তদের কাছে আসেন। ভক্তরা ট্রফি ছুঁয়ে ছবি তোলে।
নিউইয়র্কের হোমটাউন বাস্কেটবল টিম নিক্স ৫৩ বছর পর এই চ্যাম্পিয়নশিপ অর্জন করায় নতুন প্রজন্মের কাছে বাস্কেটবল নিয়ে নিউইয়র্কে উন্মাদনা এই প্রথম।
লক্ষ লক্ষ ফ্যানকে দেখা দিয়ে শোভাযাত্রা থামে সিটি হলের সামনে। সিটি হলের দক্ষিণ প্লাজায় সিঁড়ির ওপর বানানো হয়েছিল মঞ্চ নিক্সএর রং নীল দিয়ে। ভবনের সামনের ফ্যাসাডে ঝুলিয়ে দেয়া হয়েছিল ব্যানার। মঞ্চের ডানপাশে ছিলেন প্লেয়াররা। বাম পাশে সিটি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সামনে বসার আয়োজন করা হয়েছিল ৬০০ মানুষের। মেয়র মামদানির স্ত্রী রামা দুয়াজিও মঞ্চে ছিলেন।
নিক্সএর হেড কোচ মাইকেল ব্রাউন এই মহা আনন্দযজ্ঞ দেখে তার ভাষণে বলেন, এটা কেবল নিউইয়র্কেই সম্ভব। মেয়র বলেন, এই আনন্দ ধরে রাখতে হবে। জিম ডোলান এমন বিজয় উৎসব আয়োজনের জন্য সিটি হলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান মঞ্চের পাশে ছিলেন স্টারদের মধ্যে স্পাইক লি, সাবেক বাস্কেটবল স্টার প্যাট্রিক ইউইং, কারমেলো এ্যানথনি এবং নিক্সে ন্যাশনাল এ্যানথেম পরিবেশনকারী ব্রডওয়ের স্টার এভেরি উইলসন।
এই বিজয় উৎসবের থিম ছিল ‘অসংগতিকে জয়’ (ওভারকামিং দ্য অডস)। পুলিশের হিসাব অনুযায়ী প্যারেডে ২০ লক্ষেরও বেশি মানুষ যোগ দেয়।
