ব্রংক্সের বাংলাবাজার মসজিদের ঈদের জামাতে || মেয়র মামদানির ঐক্যের আহ্বান
বাঙালী প্রতিবেদনঃ ব্রংক্সের পার্কচেস্টারে বাংলাবাজার জামে মসজিদ বাংলাদেশীদেরই তৈরি। পরিচালনাও তাদের। গত বুধবার এই মসজিদের ঈদুল আজহার জামাতে যোগ দেন মেয়র জোহরান মামদানি। তার সাথে মাথায় ওড়না দিয়ে ছিলেন কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। হাস্যোজ্জ্বল মেয়র মামদানি পানজাবির স্টাইলে বানানো লন্ডনের বিশ্ববিখ্যাত ফুটবল টিম আর্সেনালের নতুন জার্সি পরে এই জামাতে এলেন। এই জামাতে সমবেত হন হাজার খানেক মুসল্লি। প্রায় সকলে জানত মেয়র মামদানি এখানে নামাাজ পড়বেন না। তিনি নামাজ পড়বেন ব্রংক্সের গ্রান্ড কনকোর্সের একটি আফ্রিকান মসজিদে। বাংলাবাজার মসজিদের জামাতে তিনি বাংলাদেশীদের স্বাগত ও ঈদের শুভেচ্ছা জানাবেন।
মেয়র তার বক্তব্য শুরু করলেন ঈদ মুবারক বলে। তরপর সকলকে সালাম জানালেন ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু’ বলে। এ সময় প্রায় সকল মুসল্লি তাকে ঈদ মুবারক বলে শুভেচ্ছার উত্তর দেন। তিনি এই ডিস্ট্রিক্টের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও সহ, মেয়র অফিসের চিফ এডমিনিস্ট্রেটিভ অফিসার মির বাশার ও মসজিদের ইমাম, বাংলাবাজার মসজিদের প্রেসিডেন্ট ডা. আবদুস সবুর এবং বাংলাবাজার এলাকার অধিবাসীদের ধন্যবাদ জানান।
মেয়র হযরত ইব্রাহিম (আঃ) এর কথা স্মরণ করে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছে।
তিনি বলেন, নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে আমি ঐক্য ও সাম্যের লেন্স দিয়ে সকলকে দেখতে চাই, যেখানে প্রত্যেক নগরবাসী যেন এই সিটিকে তাদের নিজের সিটি ভাবতে পারে, যাতে তারা এই সিটিতে সব কিছু পাওয়ার সুযোগ পায়।
মেয়র বলেন, স্যান ডিয়েগোর মসজিদে ভয়াবহ আক্রমণের কষ্ট কিংবা ফেলে আসা প্রিয়জনদের জন্য কষ্টই হোক, অথবা নিউইয়র্ক সিটি জীবনযাপন করার আর্থিক সংকটের জন্যই হোক, আমি সুরা আলÍইমরানের ১০৩ আয়াত উদ্ধৃত করে বলতে চাই ‘আল্লাহর রজ্জু শক্ত হাতে ধরে রাখো সকলে মিলে, কখনো বিভক্ত হয়ো না’।
মেয়র বলেন, আমাদের আজকের স্যাক্রিফাইস কেবল বৃহত্তর শান্তিই বয়ে আনবে না, বৃহত্তর সম্ভাবনার দ্বারও খুলে দেবে।
মেয়র মামদানির বক্তব্যের আগে কংগ্রেসউয়োম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বক্তব্য রাখেন। তিনি বলেন, এটা আমার ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্টে বাংলাদেশীরা সব দিক দিয়েই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমি যে কোনো প্রয়োজনে যেমন বাংলাদেশীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
মেয়র মামদানি এই জামাত থেকে বিদায়ের আগে অনেকের সাথে করমর্দন করেন।
পার্কচেস্টার থেকে ইয়াংকি স্টেডিয়ামের কাছে ম্যাকোম্ব ড্যাম পার্কের সকার ফিল্ডে যান। এই জামাতে মেয়র ঈদের নামাজ পড়েন।
এই জামাতে প্রায় ২০০০ পরিবার যোগ দেয়। বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন বলেন, অনেকগুলো ছোট ছোট মসজিদের ইমাম এবং মুসল্লিদের একত্রিত করে একটি বড় মাঠে জামাতের ব্যবস্থা করে তার অফিস। তাকে সহযোগিতা করে সিটির ডিপার্টমেন্ট অব পার্ক।
মেয়র মামদানি এই জামাতে তার জন্ম উগান্ডায় উল্লেখ করে আফ্রিকার সাথে সম্পর্কের কথা বর্ণনা করেন। তিনি বলেন, ইস্ট আফ্রিকা তার হৃদয়ে সবসময় একটি বিশেষ জায়গা দখল করে থাকবে।
