বিএনপি সরকারের ১০০ দিন || কোথায় সাফল্য, কোথায় ব্যর্থতা
বিবিসি বাংলা প্রতিবেদনঃ বড় রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম ১০০ দিন পার হয়েছে।
রাজনৈতিক অচলাবস্থা, ভঙ্গুর অর্থনীতি, দুর্বল আইনশৃঙ্খলা ও গভীর সামাজিক বিভাজনের প্রেক্ষাপটে চলতি বছরের ১৭ই ফেব্রুয়ারি বাংলাদেশে সরকার গঠন করে বিএনপি।
দায়িত্ব গ্রহণের শুরু থেকেই নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের বাড়তি চাপ নিতে হয়েছে এই সরকারকে।
যেখানে নতুন করে চেপে বসা জ্বালানি সংকট এবং হাম পরিস্থিতিও সরকারকে বেশ ভুগিয়েছে বলেই মনে করা হচ্ছে।
শুরু থেকেই সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনার মুখেও ফেলেছে এই সরকারকে।
বিশ্লেষকরা বলছেন, মাত্র একশ দিনের বিবেচনায় পাঁচ বছর মেয়াদি সরকারের সফলতা—ব্যর্থতা মূল্যায়নের সুযোগ না থাকলেও শুরুটা কেমন হলো, এটাও গুরুত্বপূর্ণ।
তাদের মতে, এই সময়ে নির্বাচনি ইশতাহার বাস্তবায়নে মনোযোগ দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য খাতভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়েছে সরকার।
যেখানে কিছু ক্ষেত্রে সফলতার ইঙ্গিত মিললেও এখনও অধরাই রয়ে গেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ খাত।
বিশেষ করে দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের ভূমিকা এখনও তেমন কার্যকর হয়নি বলেই মনে করেন বিশ্লেষকরা।
যদিও ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতিকে সামাল দেওয়ার যে চ্যালেঞ্জ সরকারের সামনে রয়েছে, সেখানে কতটা সফল হবে, সেটা বুঝতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করেন অর্থনীতিবিদরা।
“আসন্ন বাজেটেই বোঝা যাবে যে সরকার আসলে অর্থনীতি নিয়ে কী ভাবছে। তাদের প্রায়োরিটি বুঝতে বাজেটটা আমাদের দেখতে হবে,” বিবিসি বাংলাকে বলেন অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান।
এদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দায়িত্ব নেওয়ার পর থেকে তারা ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে এবং বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভায় গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রায় ৬২ শতাংশ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে।
অর্থনৈতিক সংস্কার বড়ো চ্যালেঞ্জ
সরকারের প্রথম একশ দিনের সবচেয়ে বড়ো পরীক্ষা ছিল দেশের অর্থনীতি। ব্যাংক খাতের সংস্কার, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই ছিল আলোচনায়।
যার সঙ্গে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে যুক্ত হয়েছে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপট।
সব মিলিয়ে সরকারের এই সময়কালকে মূলত ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট ব্যবস্থাপনার সময় হিসেবেই বিবেচনা করছেন অর্থনীতিবিদরা।
সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপে সরকার যেমন ইতিবাচক বার্তা দিতে পেরেছে, তেমনি কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগসহ বেশি কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখেও পড়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, সরকার তার নির্বাচনি ইশতেহার ও ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এর সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক ঋণ—এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের বার্তা দিয়েছে সরকার।
তবে বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এখনও তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি অর্থনীতির বেশ কিছু সূচকে উদ্বেগ এখনও কাটেনি বলেই মনে করেন তিনি।
অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার একশ দিনের মধ্যেই আর্থিক খাতে বড়ো ধরনের পরিবর্তন আনতে পারবে সেটি আশা করা ঠিক হবে না। তবে নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের বার্তা পাওয়া যেতে পারে।
“এবারও রেভিনিউ টার্গেট পূরণ হবে না, সরকার ব্যাংক থেকে বড়ো মাপের লোন নিচ্ছে— সব মিলিয়ে আগের পুঞ্জীভূত সমস্যাগুলো এখনও অব্যাহত আছে, কিছু কিছু জায়গায় আরও ঘনীভূত হয়েছে,” বলেই মনে করেন মি. রহমান।
অবশ্য, সরকারের এই সময়ে রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে বলেই জানান তিনি।
যদিও ব্যাংকিং আইনে আনা সংশোধন এবং কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর নিয়োগসহ এই খাতের সংস্কারে সরকারের বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই সমালোচিত হয়েছে।
ব্যাংকিং খাতের সংস্কারে সরকার কী করতে চায় সেটি এখনও স্পষ্ট নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
এক্ষেত্রে সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা।
এখনও নড়বড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি
অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনা—সমালোচনা চলছে। বিশেষ করে সারাদেশে ‘মব ভায়োলেন্স’ নিয়ে তীব্র সমালোচনা রয়েছে তখন থেকেই।
রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন হবে বলেই মনে করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি খুব একটা বদলায়নি বলেই মনে করেন বিশ্লেষকরা।
বিশেষ করে ধর্ষণ, হত্যা এবং ছিনতাইয়ের মতো ঘটনাগুলো এখনও সাধারণ মানুষের কাছে অস্বস্তির কারণ হয়ে রয়েছে বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ড. নাসির উদ্দিন আহাম্মেদ।
তিনি বলছেন, “নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদের নিরাপত্তা বাহিনী কিংবা নিরাপত্তাসংক্রান্ত সমস্ত ম্যাকানিজম বা বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা নাই সেটি ফুটে উঠেছে, এটি প্রত্যাশিত ছিল না।”
পুলিশের ভূমিকা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে এই বিশ্লেষকের। তিনি বলছেন, রাজনৈতিক ও অপরাধমূলক সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে এখনো বিতর্ক রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে সরকার। তবে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতাদের আইনের ধরাছোঁয়ার বাইরে থাকার বিষয়টি নিয়েও সমালোচনা হয়েছে।
এছাড়া রৃাবের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিনের যে বিতর্ক, সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসা বর্তমান সরকারের জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।
সরকার যা বলছে
সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিনের কর্মসূচি নিয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, গত ১৭ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে ২৪শে মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে মোট ৬০টি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে, যা সরকারের প্রশাসনিক গতিশীলতার বড়ো প্রমাণ বলেই উল্লেখ করেন তিনি।
এছাড়া, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর এবং এস আলম গ্রুপের প্রায় ৪ হাজার ২৬৪ কোটি টাকার সম্পদ জব্দের মাধ্যমে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
দায়িত্ব নেওয়ার পর থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে বলে জানান মি. আমিন।
মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে।
এছাড়া ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। দক্ষিণ—পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্পসহ দেশজুড়ে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দিয়েছে বলেও দাবি করেন মি. আমিন।
এক্ষেত্রে, মেহেরপুরের একটি ধর্ষণ মামলায় ২৯ কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ড প্রদান এবং পল্লবীর শিশু হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় সরকারের সরাসরি তদারকির প্রসঙ্গ উল্লেখ করেন তিনি।
