কেন্দ্রীয় সহ—সভাপতি হওয়ায় আবু সাঈদকে নিউইয়র্কে সংবর্ধনা
নিউইয়র্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃবৃন্দ। গত ৫ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির এইচ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন, কামাল আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ—সভাপতি সোলায়মান ভূঁইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী ও শামসুল ইসলাম মজনু, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. বাতেন, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল চৌধুরী লিটন, নিউইয়র্ক উত্তর বিএনপির সহ—সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল বাসেত, হেলাল উদ্দিন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সালেহ আহমেদ, এটিএম হেলালুর রহমান, ফারুক হোসেন মজুমদার, এবাদ চৌধুরী ও সাইফুল ইসলাম লিটনসহ আরও অনেকে।
আনামত হোসেন আমান ও রেজাউল আজাদ ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আবু সাইদ আহমদ তাকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি আরও বলেন, সম্প্রতি আমার সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা হয়েছে। কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন, অচিরেই কমিটি ঘোষণা করা হবে।
আবু সাইদ আহমদ বলেন, দীর্ঘদিনের আন্দোলন—সংগ্রামের পর আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
বক্তারা বলেন, আবু সাইদ আহমদকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হচ্ছে। তারা বলেন, আবু সাইদ আহমদ একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামে তিনি অসংখ্য নেতাকর্মী তৈরি করেছেন এবং তাদের পাশে থেকেছেন। তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবদল ছিল সুসংগঠিত ও গতিশীল। ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে আবু সাইদ আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহবাজ আহমদ। সমাপনী বক্তব্যে সভাপতি জাকির এইচ চৌধুরী অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী এবং উপস্থিত সকল নেতাকর্মী ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
