নিউইয়র্ক টিএলসি ১৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ১৯,৫০০ ড্রাইভারকে
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ১৯,৫০০ ইয়ালো ক্যাবসহ উবার, লিফট, ব্লাক কার ও অন্যান্য টিএলসির লাইসেন্সপ্রাপ্ত ড্রা্ইভাররা ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি ডলারের ক্ষতিপূরণ পাচ্ছেন। গত ৩০ জুন ইউনাইটেড স্টেটস সেকেন্ড ডিস্ট্রিক্ট কোর্ট অব আপিলে জজ রিচার্ড জে. সুলিভান প্রদত্ত এক রায়ে এই কথা বলা হয়েছে।
উল্লেখ্য ২০০৩ সালের ২৮ জুন থেকে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্ক সিটি এবং টিএলসির এজেন্টরা ড্রাইভারদের বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে। সেই গ্রেফতারসহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে টিএলসির বিরুদ্ধে ক্লাস এ্যাকশন ল’ স্যুট হয়।
এএম পত্রিকায় প্রকাশিত ৮ জুলাইএর খবর অনুযায়ী ১৪০ মিলিয়ন ডলারের সেটলমেন্টের হিসাবে প্রতিটি ড্রাইভার পাবেন সর্বোচ্চ ৩৬,০০০ ডলার। সেই সাথে ক্লাস এ্যাকশনে মামলা দায়েরকারীরা পাবেন অতিরিক্ত ১৫,০০০ ডলার মাথাপিছু।
অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগে যেসব ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে উক্ত ২০ বছর সময়কালে, টিএলসি তাদের ড্রাইভার্স লাইসেন্স বছরের পর বছর সাসপেন্ড করে রাখে। অথচ সে সময় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর ভৈরবী দেশাই এই ক্লাস এ্যাকশন ল’স্যুটে ড্রাইভারদের পক্ষে ছিলেন। তার সংগঠনের সদস্য প্রায় ২৮,০০০ ড্রাইভার। এই রায় প্রসঙ্গে তিনি বলেন, এই রায় পেতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
টিএলসির মুখপাত্র বলেন, মামলার পর থেকেই কমিশন এই ধরনের এ্যাকশন নেয়া থেকে বিরত আছে। কারণ আমরা স্বীকার করি অভিযোগ প্রমাণ হওয়ার আগে হাজার হাজার ড্রাইভারের জীবিকার পথ বন্ধ হয়ে যায়। আমরা এখন ড্রাইভারদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি।
এই মামলায় ক্লাস এ্যাকশনের পক্ষের এটর্নিরা বলেন, গ্রেফতারের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে অভিযুক্ত ড্রাইভারদের লাইসেন্স বাতিল হয়ে যাওয়া অসাংবিধানিক। সে কারণে জজ সুলিভান এই রায়ের ক্ষতিপূরণ হিসাবে ড্রাইভারদের ১৪০ মিলিয়ন ডলার দেয়ার নির্দেশ দেন টিএলসিকে।
