বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২০২৬ || দুই প্যানেলের প্রতিশ্রম্নতিসমূহ
বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশ সোসাইটির এ যাবতকালের বৃহত্তম নির্বাচন উপলক্ষে অংশগ্রহণকারী দুটি প্যানেল তাদের মেনিফেস্টো বা ইশতেহার বা প্রতিশ্রম্নতিসমূহ প্রকাশ করেছে। সেলিম—আলী পরিষদ তাদের ইশতেহারে বলছেঃ তারা প্রথমবারের মত সরকারি অনুদান পেয়েছে তাদের নেতৃত্বকালে। তারা আগামীতে ফেডারেল, স্টেট ও সিটি সরকারের বিভিন্ন তহবিল থেকে বিভিন্ন কর্মসূচীতে অর্থ অনুদান আনবে। তারা নিউইয়র্ক সিটিতে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা করবে, বাংলাদেশ সোসাইটি বাংলা স্কুলের পরিধি বাড়ানোর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য হোমওয়ার্ক হেল্প সেন্টার প্রতিষ্ঠা করবে, ইমিগ্রেশনসহ আইনি পরামর্শ দেয়ার জন্য সেমিনার ও কর্মশালার আয়োজন করবে, সিটি, স্টেট ও ফেডারেল জব পাওয়ার জন্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে, নিউইয়র্ক সিটির এ্যাফোর্ডেবল হাউজিং, বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেতে এবং অন্যান্য জনসেবায় সহায়তা করবে, কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে আগের মতই তাদের সৎকারে পাশে থাকবে। এই নির্বাচনে পাঁচটি ভোটকেন্দ্রভিত্তিক বাংলাদেশী অধ্যুষিত এলাকায় পাঁচটি ওয়ার্কিং ও এডভাইজরি কমিটি গঠন করে সোসাইটির কার্যক্রমের পরিধি বৃদ্ধি করবে এবং বাংলাদেশে প্রবাসীদের জানমাল ও সম্পদের নিরাপত্তায় স্পেশালাইজড সুরক্ষা সেল গঠনের উদ্যোগ নেয়া হবে।
এই ইশতেহার প্রচার করেছে সেলিম—আলী নির্বাচন পরিচালনা কমিটি।
কুনু—ফিরোহজ পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার সংবাদপত্রে প্রকাশ করেছে। তাদের ইশতেহারের শুরুতেই একটি অঙ্গিকারনামা ছেপেছে। সেখানে বলা হয়েছে, এই পরিষদ বাংলাদেশী—আমেরিকান কম্যুনিটির সার্বিক কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা, শিক্ষা, কর্মসংস্থান, এবং ভবিষ্যত প্রজন্মের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছে। এতে আরো বলা হয়েছে, আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সোসাইটি শুধু একটি সংগঠন নয়, এটি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের ঐক্য, সম্প্রীতি, অধিকার ও কল্যাণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
তাদের নির্বাচনী ইশতেহারে তারা প্রতিশ্রম্নতি দিয়েছে, নির্বাচিত হলে বাংলাদেশ কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠা করবে, ধর্ম—বর্ণ নির্বিশেষে সাশ্রয়ী ফিউনেরাল হোম সেবা প্রদান করবে, নিউইয়র্কের পথে বাংলাদেশ বিমানের ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ, ইমিগ্রেশন সহায়তা, আইনি পরামর্শ হেল্পলাইন চালু, সিটি, স্টেট ও ফেডারেল জবে কর্মসংস্থানে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদানসহ তারা এমন একটি সোসাইটি গড়ে তুলতে চায়, যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সকল সদস্যর সমান মর্যাদা।
