বাংলাদেশীদের কাছে ভোট চাইলেন এটর্নি জেনারেল লেটিশিয়া

নিউইয়র্ক (ইউএনএ)ঃ আগামী ৩ নভেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবতীর্ নির্বাচন। এই নির্বাচন ঘিরে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টির মধ্যে চলছে উত্তেজনা। ইউএস সিনেট, কংগ্রেস আর স্টেট গভর্নর পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হবে। এই নির্বাচনে নিউইয়র্কে আগাম ভোট শুরু হচ্ছে ২৪ অক্টোবর শনিবার থেকে, চলবে ১ নভেম্বর রবিবার পর্যন্ত। বর্ধিষ্ণু কমিউনিটি হিসেবে সঙ্গত কারণেই নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বাংলাদেশী—আমেরিকান কমিউনিটির কদর বাড়ছে। 

এদিকে আগামী ৩ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির ভোট চেয়েছেন নিউইয়র্কে এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। ২১ অক্টোবর বুধবার সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভোট প্রার্থনা করেন। ‘বাংলাদেশী কমিউনিটি মিট এন্ড গ্রীট’ শীর্ষক এই অনুষ্ঠানে একমাত্র বক্তা ছিলেন লেটিশিয়া জেমস। এসময় কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বক্তব্য রাখার পর অনুষ্ঠানের মডারেটর জনাব নবীর কয়েকটি প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি। এসময় তিনি বলেন, ইমিগ্রান্টদের অধিকার রক্ষাই তার প্রধান কাজ ও লক্ষ্য। তিনি বলেন, আমরা নিউইয়র্ক সিটি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ইমিগ্রান্টদের বিরুদ্ধে নানা অন্যায়—অবিচার দেখছি। অনেকের স্ন্যাপ, মেডিকেইড কেড়ে নেয়া হচ্ছে। সম্মিলিতভাবে এইসব প্রতিরোধ করতে হবে। আর এজন্য ভোট কেন্দ্রে আসতে হবে এবং ভোট দিতে হবে। তিনি বাংলাদেশী—আমেরিকান সকল ভোটার সহ তাদের প্রতিবেশী ও বন্ধু—বান্ধবদের তাকে সহ ডেমোক্রেটিক প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘এক একটি ভোট সকলের ভয়েস এবং পাওয়ার’। 

তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটি ‘গ্রোয়িং কমিউনিটি’। ভোটের মাধ্যমে সিটি এবং স্টেট পলিসি পরিবর্তনে এই কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

লেটিশিয়া জেমস বলেন, আমরা নিউইয়র্ক সিটির স্কুলে ফ্রি ফুডের ব্যবস্থা করেছি। আগামীতে স্টেটওয়াইড স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ফুড দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে সিটিতে ফ্রি ফুড বিতরণ কর্মসূচীও অব্যাহত থাকবে। তিনি হাউজিং এবং আইসের হয়রানি সহ যেকোনো সমস্যায় তার অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের সময় আইস বা কোনো ন্যাশনাল গার্ড কোনো সমস্যা করবে না। প্রয়োজনে তিনি তার অফিসের প্রটেকশন হটলাইনে যোগাযোগ করারও আহ্বান জানান।  

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সালেহ আহমেদ, শাহরিয়ার রহমান, ফখরুল ইসলাম দেলোয়ার, শেকিল চৌধুরী, রেজাউল করীম চৌধুরী, খন্দকার তারিকুল ইসলাম, জে মোল্লা সানী, বিলাল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Posts