কুইন্স কলেজে কত্থক নাচের কর্মশালা করলেন ড. জেরিন
বিশেষ প্রতিবেদনঃ নিউইয়র্কের কুইন্স কলেজে কত্থক নৃত্যের ইতিহাস, ছন্দ ও নৃত্যকৌশল নিয়ে বিশেষ কর্মশালা পরিচালনা করেছেন বাংলাদেশী কমিউনিটির ধ্রুপদী নৃত্যশিল্পী ড. নীলা জেরিন। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অন্তর্ভুক্ত কুইন্স কলেজের থিয়েটার, ড্রামা অ্যান্ড ড্যান্স বিভাগের প্রফেসর কেলিন মাইলিক্রিস্টের আমন্ত্রণে তিনি তাঁর ‘ওয়ার্ল্ড ড্যান্স হিস্ট্রি’ ক্লাসের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা পরিচালনা করেন।
গত সোমবার, ১৯ অক্টোবর, কুইন্স কলেজের রাথাস হলে অনুষ্ঠিত কর্মশালায় নীলা জেরিন কত্থক নৃত্যের উৎপত্তি, ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। আলোচনার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তিনি কত্থকের ছন্দ, তাল, লয়, পদচারণা ও চক্করের বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় অংশ নেওয়া প্রফেসর মাইলিক্রিস্টের ক্লাসের শিক্ষার্থীরা সবাই স্নাতক ডিগ্রি অর্জনের লক্ষ্যে ড্যান্স মেজর করছেন। কর্মশালায় তাঁরা জুতা—মোজা খুলে উৎসাহের সঙ্গে কত্থকের পায়ের কাজের কৌশল, দ্রুত চক্কর এবং কয়েকটি টুকড়া তাল ও লয়ের সঙ্গে আয়ত্ত করার চেষ্টা করেন।
নিউইয়র্কে নিয়মিত কত্থক পরিবেশন ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নীলা জেরিন তাঁর নীলা ড্যান্স একাডেমির মাধ্যমে শিক্ষার্থীদের কত্থক নৃত্যের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
প্রাণবন্ত এই কর্মশালা শেষে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে নীলা জেরিনের প্রতি তাঁদের উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
