ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস আইয়ার

স্পোর্টস প্রতিবেদনঃ নেতৃত্বে বদল, দলেও একাধিক পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ভিন্ন এক ভারতকে দেখা যাবে। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ওয়ানডে অধিনায়ক হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম ম্যাচ। কাল টস করতে নামলেই তিনি হবে ভারতের ওয়েনডে ইতিহাসের ২৯তম অধিনায়ক। আইপিএলে আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস হয়েছে রানার্স আপ। তিনি এখন ভারত টি—টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক।

অক্টোবরে আইয়ারের নেতৃত্বে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জিতেছে ভারত, এ মাসে টি—টোয়েন্টি সিরিজ জিতেছে নিউজিল্যান্ডের মাটিতে। এবার তার সামনে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজের নেতৃত্বগুণ প্রমাণের বড় সুযোগ। কিন্তু হঠাৎ কেন আইয়ারকে ওয়ানডের নেতৃত্বে আনল ভারত? শুবমান গিলকে কেনই বা সরানো হলো? এর পেছনে রয়েছে ভারতের টেস্ট প্রস্তুতি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই সিরিজ ভারতের জন্য মহাগুরুত্বপূর্ণ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চারে আছে ভারত, নিউজিল্যান্ড আছে শীর্ষে।

আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দিতেই গিলকে শেষ দুই ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলের সঙ্গে নেই উইকেটকিপার—ব্যাটার লোকেশ রাহুল ও পেসার অংশুল কাম্বোজও। তারাও টেস্টের প্রস্তুতি নিতে ওয়ানডে দল ছেড়েছেন।

গিল—রাহুল—কাম্বোজদের অনুপস্থিতিতে সুযোগ পাচ্ছেন ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মার মতো ক্রিকেটাররা। তাদের পারফরম্যান্সের দিকেও সবার নজর থাকবে।

ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুটি জিতে ২—০ ব্যবধানে এগিয়ে আছে তারা। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারার কোনো সম্ভাবনা নেই ভারতের। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে।

Related Posts