দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন জনি ডেপ
একসময় হলিউডের সবচেয়ে দামি তারকাদের একজন ছিলেন জনি ডেপ। একটি সিনেমায় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক উঠত কয়েক কোটি ডলারে। অথচ প্রায় আট বছর পর সিনেমায় ফিরতে তাকে রাজি হতে হয়েছে মাত্র ৫০ লাখ ডলারে। সিনেমার নাম ‘এবেনেজার’। চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’—এর নতুন সংস্করণে ব্যবসায়ী স্ক্রুজের চরিত্রে দেখা যাবে তাকে। চার বছর আগে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত মানহানির মামলা ও আইনি লড়াই তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে তাই দর্শক ও নেটিজেনদের মধ্যে কৌতূহলের পাশাপাশি দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়াও। কেউ প্রিয় অভিনেতাকে আবার পর্দায় দেখার অপেক্ষায়, কেউবা এখনো আগের মতো আগ্রহী নন। ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স শহরের একটি সিনেমা হলের মালিক মার্ক ও’মিয়ারা দর্শকদের এমন মনোভাবই লক্ষ করছেন। তার ভাষায়, ‘কেউ কেউ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা জনি ডেপকে ভালোবাসেন। আবার কেউ কেউ বলছেন, তেমন কিছু নয়। আমার মনে হয় না, বিষয়টি এখন আর বিভাজন তৈরি করছে।’ দর্শক গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিন ইঞ্জিন/এএসআইয়ের প্রধান নির্বাহী কেভিন গোয়েটজের মতে, ‘দর্শকরা এসব নিয়ে খুব একটা ভাবেন না। তিনি এখনো বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র তারকা।’
জনি ডেপের অভিনয়ের জগতে অদ্ভুতুড়ে ও খামখেয়ালি চরিত্রের অভাব নেই। বরং এমন চরিত্রেই বারবার নিজের স্বাতন্ত্র্য তুলে ধরেছেন তিনি। নতুন সিনেমাতে তাই স্ক্রুজের ভূমিকায় তার উপস্থিতি দর্শকের কাছে বেশ পরিচিত মনে হতে পারে। রূঢ়, কৃপণ ও মানুষবিদ্বেষী স্ক্রুজ যেন ডেপের অভিনয়ের সেই চেনা জগতেরই আরেক বাসিন্দা। সিনেমার ট্রেলারে দেখা যায় গ্রামবাসীদের তিনি নানাভাবে ভয় দেখান, সবার সঙ্গে রুক্ষ আচরণ করেন। এমনকি বড়দিনের বোনাস দিতেও তার অনীহা। চরিত্রটির এসব বৈশিষ্ট্যের মধ্য দিয়ে ফুটে ওঠে এক কঠিন হৃদয়ের মানুষের ছবি। এমন চরিত্রে ডেপের অভিনয় অবশ্য নতুন নয়। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’—এ ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর বিশৃঙ্খল স্বভাব, ‘চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’র রহস্যময় উইলি ওয়ানকা কিংবা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’—এর খামখেয়ালি ম্যাড হ্যাটার—প্রতিটি চরিত্রেই তিনি প্রচলিত নায়কের ধারণা ভেঙেছেন। পর্দায় নিখুঁত নায়ক হয়ে ওঠার চেয়ে বিচিত্র সব মানুষের চরিত্রে প্রাণ সঞ্চার করতেই যেন বেশি স্বচ্ছন্দ ডেপ।
২০১৮ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড’—এর পর হলিউডের বড় সিনেমাতে দেখা যায়নি জনি ডেপকে। তবে এ বিরতিতে দর্শকের আগ্রহ যে পুরোপুরি হারাননি, তার প্রমাণ মিলেছে বিভিন্ন জরিপেও। ২০২৬ সালের এপ্রিলে ন্যাশনাল রিসার্চ গ্রুপের এক জরিপে দেখা যায়, নতুন সিনেমা দেখতে দর্শকের আগ্রহ তৈরি করতে পারেন এমন অভিনেতাদের তালিকায় সেরা দশে ছিলেন ডেপ।
আর এ জনপ্রিয়তার ওপরই ভরসা করছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। তবে ঝুঁকি এড়াতে সিনেমাটির নির্মাণ ব্যয় রাখা হয়েছে ৩ কোটি ৮০ লাখ ডলার। বিপণনে ব্যয় হচ্ছে আরো প্রায় ৫ কোটি ডলার। এর মধ্যে ডেপের পারিশ্রমিক ৫০ লাখ ডলার। এছাড়া সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে বাড়তি বোনাসও পাবেন ডেপ। অর্থাৎ সিনেমাটি যত ভালো ব্যবসা করবে, তার আয়ও তত বাড়বে।
তবে জনি ডেপের জনপ্রিয়তা দিয়ে সিনেমাটির সাফল্য নিশ্চিত করবে, এমনটা মনে করছেন না সিনেমা হলসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, শেষ পর্যন্ত দর্শক টানতে হলে সিনেমার নির্মাণ ও গল্প বলার ধরনে নতুনত্ব থাকতে হবে। কারণ চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ গল্পটি নিয়ে আগেও সিনেমা নির্মিত হয়েছে বহুবার। তাই এবারের সংস্করণ কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে, সেটিই বড় প্রশ্ন।
