কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গন’র পঁচিশতম আসর
নিউইয়র্কঃ লেখকের অঙ্গন’র ২৫তম গ্রন্থালোচনা অনুষ্ঠান হয় ৩০ মে শনিবার কুইন্স পাবলিক লাইব্রেরিতে নীরা কাদরীর পরিচালনায় সাহিত্য অনুরাগী ও লেখকদের উপস্থিতিতে।
অনুষ্ঠানে আমেরিকার জনপ্রিয় শিশু সাহিত্যিক ক্যারোন হেসে’র নিউবেরী পদক বিজয়ী কাব্য উপন্যাস ‘আউট অব দ্য ডাস্ট’ বইটি নিয়ে আলোচনা করেন দিমা নেফারতিতি। আলোচনায় দিমা নেফারতিতি বলেন, উপন্যাসের আঙ্গিক, বিষয়বস্ত এবং করুণ জীবন বাস্তবতার সত্যান্বেষী বার্তা বইটির মূল আকর্ষণ। শোককে শক্তিতে পরিণত করে আশা, সহনশীলতা, ক্ষমা, পারস্পরিক শ্রদ্ধাবোধ তথা মানবিকতার অমূল্য দীক্ষার কারণে বইটি সর্বস্তরের পাঠকের জন্যই একটি ক্ল্যাসিক অনুপ্রেরণামূলক বই।
স্বপন বিশ্বাস আলোচনা করেন প্রখ্যাত জার্মান লেখক হেরমান হেসের ‘সিদ্ধার্থ’ বইটি নিয়ে যা অনুবাদ করেছেন জাফর আলম। স্বপন বিশ্বাস তার আলোচনায় উল্লেখ করেন, হেরমান হেস ১৯২২ সালে এই বইটি জার্মান ভাষায় লিখেছিলেন। গৌতম বুদ্ধের অপর নাম সিদ্ধার্থ। সাধারণভাবে পরিজ্ঞাত বুদ্ধকে অতিক্রম করে এই বইতে এক নতুন বুদ্ধকে সৃষ্টির অনন্য প্রয়াস রেখেছেন লেখক হেরমান হেস। অজস্র দার্শনিক সংলাপে সমৃদ্ধ বইটিতে মানবাত্মার নির্বাণ লাভের প্রক্রিয়ার ওপরে আলোকপাত করা হয়েছে। মানবজীবনে আধ্যাত্মিকতার চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই বইতে। লেখক হেরমান হেস চিহ্নিত করেছেন, আধ্যাত্মিকতা মানে জীবন বিমুখতা নয়, পৃথিবী থেকে বিচ্ছিন্নতা নয়, বরং পৃথিবীর সবকিছুকে ভালোবেসে বৈশ্বিক একতার সারথি হতে পারাই আধ্যাত্মিকতা।
অভিক সোবহান আলোচনা করেন রাহাত আবিরের ইংরেজি উপন্যাস ‘বেঙ্গল হাউন্ড’ নিয়ে। অভিক সোবহান তার আলোচনায় উল্লেখ করেন, বাংলাদেশী বংশোদ্ভূত লেখক রাহাত আবিরের লেখা এই ইংরেজি বইটি একটি ঐতিহাসিক কল্পকাহিনীমূলক উপন্যাস, যা ২০২৩ সালে প্রকাশিত হয়। এর প্রেক্ষাপট ১৯৬০-এর দশকের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাপূর্ণ ঢাকা শহর। এটি শেলি নামের এক হিন্দু ছাত্রী এবং রোক্সানা নামের এক মুসলিম মেয়ের করুণ প্রেমের গল্প, যারা ধর্মীয় ভিন্নতার কারণে পালিয়ে যায়। উপন্যাসটিতে জাতীয়তাবাদ, প্রেম, বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবনে রাজনৈতিক অস্থিরতার প্রভাবের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
স্টিফেন ক্রেনস্কির লেখা শিশুতোষ জীবনী ‘লিওনার্দো দা ভিঞ্চি’ নিয়ে আলোচনা করেন আরিফ মাহমুদ শৈবাল। আলোচনায় আরিফ মাহমুদ শৈবাল উল্লেখ করেন, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত ১২৮ পৃষ্ঠার এই বইটি ৮-১২ বছর বয়সী (তৃতীয় থেকে সপ্তম শ্রেণি) শিশুদের জন্য তৈরি করা হয়েছে এবং এতে এই ইতালীয় বহুবিদ্যাবিশারদ লিওনার্দো দা ভিঞ্চির জীবনকে একজন শিল্পী ও দূরদর্শী উদ্ভাবক হিসেবে তুলে ধরা হয়েছে। আরিফ মাহমুদ শৈবাল উল্লেখ করেন, লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকলার অনুপ্রেরণা ছিল বিজ্ঞান এবং ভিঞ্চি তার প্রতিটি শিল্পকর্মে, শৈল্পিক প্রয়াসে ‘আর্ট ফর রিজন’ আদর্শকে উপজীব্য করেছেন।
এ.বি.এম. সালেহ উদ্দিন, ওবায়দুল্লাহ মামুন সম্পাদিত ‘একুশের কথা, একুশের চেতনা’ বইটি নিয়ে আলোচনা করেন। গবেষক ওবায়দুল্লাহ মামুনের উপস্থিতিতে আলোচনায় এ.বি.এম. সালেহ উদ্দিন উল্লেখ করেন, ‘একুশের কথা, একুশের চেতনা’ ২১ জন সক্রিয় ভাষা সৈনিকের স্মৃতিধর্মী ২১টি প্রবন্ধের সংকলন। অমর একুশ কেবল একটি তারিখ বা সংখ্যা নয় এটি আমাদের চেতনা এবং অস্তিত্বের প্রতীক। একুশের আদর্শে উজ্জীবিত হয়েই অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ওবায়দুল্লাহ মামুন, বদরুন নাহার, সৈকত সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরিশেষে অনুষ্ঠানটির পরিচালক নীরা কাদরী তার সমাপনী আলোচনায় সবাইকে ধন্যবাদ জানান। নীরা কাদরী বলেন, আজকের এই প্রযুক্তি ও দ্রুতগতির বিশ্বে, সাহিত্য একটি অপরিহার্য বিষয়। সাহিত্য আমাদের চিন্তার উন্মেষ ঘটায়, আমাদেরকে আরো মানবিক করে তোলে। সংবাদ বিজ্ঞপ্তির।
