আমেরিকার ইউনিভার্সিটিতে বাংলাদেশী শিক্ষক-১৭৪
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে বাংলাদেশী বংশোদ্ভুত বিপুল সংখ্যক নারী ও পুরুষ শিক্ষকতার সাথে জড়িত। তাদের অনেকেই লেকচারার কিংবা এ্যাসিস্ট্যান্ট বা এসোসিয়েট প্রফেসর কিংবা ফুল প্রফেসর। কেউ কেউ প্রফেসর ইমেরিটাসও। আরো আছেন গবেষক। তাদের প্রায় সকলেরই রয়েছে গবেষণা গ্রন্থ কিংবা গবেষণা নিবন্ধ। বই প্রকাশিত হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির নিজস্ব প্রকাশনা থেকে। তাদের নিবন্ধ প্রকাশিত হয় নিজ নিজ ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক জার্নালে। সাপ্তাহিক বাঙালী এই সিরিজে কেবল বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে যারা শিক্ষকতা ও গবেষণা করেন তাদের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরছেঃ
ড. রিফাত ফাতেমা
ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পানামা সিটি ক্যাম্পাসের ভিজিটিং টিচিং ফ্যাকাল্টি ড. রিফাত ফাতেমা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে বি.এস. ও এম.এস. করেন। পরে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, ট্যালাহ্যাসে থেকে পুনরায় এম.এস. করেন ফিজিক্সে। একই ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে পিএইচ.ডি. করেন। তিনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পানামা সিটিতে ২০০৯ সাল থেকে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।
ড. নাঈমা কাইয়্যুম
নিউইয়র্কের ম্যানহ্যাটানভিল ইউনিভার্সিটির পলিটিক্যাল সাইন্সের এসোসিয়েট প্রফেসর ড. নাঈমা কাইয়্যুম। তিনি নিউজার্সির কোলগেট ইউনিভার্সিটি থেকে বি.এ. এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক বা কিউনির সিটি কলেজ থেকে এম.এ. করেন। পরে কিউনির গ্রাজুয়েট সেন্টার থেকে এম.ফিল. এবং পিএইচ.ডি করেন। তিনি ম্যানহ্যাটানভিল ফ্যাকাল্টিতে যোগ দেন ২০১৫ সালে। তার শিক্ষাদানের বিষয় কম্প্যারাটিভ পলিটিক্স, গ্লোবাল এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং এশিয়ান স্টাডিজ।
ড. বিমল কে. পল
ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব জিওগ্রাফি এন্ড জিওস্প্যাটিয়াল সাইন্সেসের প্রফেসর ড. বিমল কে. পল। তিনি ১৯৮৮ সালে কেন্ট স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। ড. পল ফুলব্রাইট ফ্লেক্স সিনিয়র ফেলো।
