আব্দুল আলীম স্মৃতি পরিষদের যাত্রা শুরু
নিউইয়র্কঃ বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট আব্দুল আলীম স্মরণে আয়োজিত লোক সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো নতুন সংগঠন ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’। এ উপলক্ষে ৩১ মে রবিবার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউ-এর একটি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কর্মকর্তাদের দাবী মরহুম আব্দুল আলীম বাংলাদেশের সঙ্গীত জগতের অনন্য ব্যক্তিত্ব। তাঁর গান ও জীবন কর্ম প্রবাসীসহ বাংলাদেশী-আমেরিকান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’ গঠন করা হয়েছে। খবর ইউএনএ’র।
‘আব্দুল আলীম স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’-এর সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ। বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আলীম কন্যা জোহরা আলীম নুপুর সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রবীণ প্রবাসী নাসির খান পল, সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, সঙ্গীত শিল্পী বিপ্লব প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী জোহরা আলীম নুপুর ও শিমুল খান সঙ্গীত পরিবেশন করেন। এসময় জোহরা আলীম নুপুর তার বাবা আব্দুল আলীম এবং শিমুল খান তার মা জনপ্রিয় শিল্পী দিলরুবা খানের স্মৃতিচারণ করেন। শিল্পীদ্বয়ের গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। বিশেষ করে আব্দুল আলীমের জনপ্রিয় গানগুলো শ্রোতাদের নস্টালজিক করে তোলে। মিলনায়তন ভর্তি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।
