বিংহ্যামটন ইউনিভার্সিটির কমেন্সমেন্টে দশ বক্তার একজন মাহজুবা মালিহা
বাঙালী প্রতিবেদনঃ দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক সুনির বিংহ্যামটন ইউনিভার্সিটির এ বছরের কমেন্সমেন্ট কর্মসূচী শুরু হলো গতকাল শুক্রবার। বিংহ্যামটন ইউনিভার্সিটির দশটি কলেজের কমেন্সমেন্টে এবার মূল বক্তা হিসাবে থাকবেন দশ জন কৃতি শিক্ষার্থী। তাদের মধ্যে মাহজুবা রোম মালিহা একমাত্র বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান শিক্ষার্থী।
ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই খবরটি দিয়ে মাহজুবার পরিচিতি তুলে ধরা হয়েছে। মাহজুবা রোম মালিহা সাইন্স ইন ইকোনমিক্স ও ফিনানশিয়াল ইকোনমিক্সে ব্যাচেলর করছেন। তিনি হারপর কলেজ অব আর্টস এন্ড সাইন্সের ছাত্রী। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় ইভেন্টস সেন্টারে তার বক্তব্য প্রদানের দিন।
ওয়েবসাইটে তার পরিচিতি তুলে ধরে বলা হয়েছে, মিডল স্কুলে পড়াকালে মাহজুবা মা ও ছোট ভাইএর সাথে বাংলাদেশ থেকে নিউইয়র্কের কুইন্সে আসেন। তিনি ফিনানশিয়াল ইকোনমিক্সে পড়ার সিদ্ধান্ত নেন এ কারণে যে তিনি দেখেছেন আর্থিক সংকটের কারণে অনেক পরিবারে কত দুঃখজনক ঘটনা ঘটে।
তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশ থেকে আসার কারণে আমি দারিদ্রের কষাঘাত স্বচক্ষে দেখেছি। এমন অনেকেই জানেনা পরের দিন তারা খাবার পাবে কি পাবে না। তিনি বলেন এই ফিনানশিয়াল ইকোনমি যেমন তার জীবনকে সচ্ছল করে তুলবে তেমনই বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণেও তিনি তার মেধাকে ব্যবহার করবেন।
তিনি বিংহ্যামটন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের একটিভিটির সাথে জড়িত ছিলেন শিক্ষার্থী থাকাকালে। বর্তমানে তিনি জনসন সিটিতে এলপিএল ফিনানশিয়াল ক্রেমর এন্ড এসোসিয়েটস’এ ইন্টার্নশিপ করছেন।
মাহজুবা মালিহা বিপার সাথেও সংযুক্ত। তার মা বিশিষ্ট উপস্থাপক এবং আবৃত্তিকার নিলুফার জেরিন।
