লায়ন্স ইন্টারন্যাশনালের ফাস্টর্ ডিস্ট্রিক্ট গভর্নর আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় শাহ নেওয়াজ সংবর্ধিত
নিউইয়র্ক (ইউএনএ)ঃ নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সুপরিচিত সমাজসেবী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ লায়ন্স ইন্টারন্যাশনালের ফাস্টর্ ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় অভিনন্দিত হয়েছেন। কমিউনিটির সর্বস্তরের মানুষের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত লায়ন শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির ভালোবাসায় আমি আপ্লুত। তিনি সবাইকে নিয়ে কমিউনিটিকে আরো এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা শাহ নেওয়াজের দীর্ঘদিনের সামাজিক কর্মকান্ড, মানবসেবা এবং কমিউনিটির উন্নয়নে তাঁর অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)—এর সাবেক সভাপতি ও জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ)—এর সভাপতি সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত।
উডসাইডের কুইন্স প্যালেসে ১১ মে সোমবার সন্ধ্যায় লায়ন শাহ নেওয়াজের সংবর্ধনা উপলক্ষে এই আনন্দঘন সন্ধ্যার আয়োজন করা হয়। নর্থ আমেরিকা এক্সপাট্রিয়েট বাংলাদেশী এলায়েন্স ছিলো এই অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব, জ্যামাইকা বাংলাদেশী এসোসিয়েশন (জেবিএ) সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা লায়ন শাহ নেওয়াজকে একজন ভদ্র, অমায়িক, মানবতাবাদী, পরোপকারী সুন্দর মনের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল—এর মতো আন্তর্জাতিক সেবামূলক সংগঠনে ‘ফাস্টর্ ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর’ পদে শাহ নেওয়াজের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্যও গর্বের বিষয়। আগামী বছর তিনি গভর্ণর নির্বাচিত হবেন এবং ভবিষ্যতে তিনি ইন্টারন্যাশনাল গভর্ণর নির্বাচিত হয়ে শুধু কমিউনিটি নয় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি লায়ন শাহ নেওয়াজ—এর এই সাফল্যের পিছনে তার সহধমীর্নী শাহ নেওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সঙ্গীত শিল্পী রানো নেওয়াজের অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ শহীদুল্লাহ। এরপর স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ফরিদ আলম। এছাড়াও গোল্ডেন এইজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট সঙ্গীত শিল্পী লায়ন আমেনা রানো নেওয়াজ সহ শাহ নেওয়াজ গ্রুপে কর্মরতদের মধ্যে আরো বক্তব্য রাখেন অনিক রাজ, আবু বকর সিদ্দিক, বেলাল আহমেদ ও মাহমুদা হাসিন কনা।
আনন্দমুখর পরিবেশে কেক কাটা, আড্ডা, শুভেচ্ছা বিনিময়, সঙ্গীত, এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল ও রেশমী মির্জা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিন সোনিয়া সিরাজ।
