ইয়ংকার্সে তোফায়েল চৌধুরীর মালিকানাধীন || নতুন ইলেকট্রিকেল হোলসেল ব্যবসা উদ্বোধন
নিউইয়র্কঃ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ওয়েস্টচেস্টার কাউন্টির ইয়ংকার্সে বাংলাদেশী মালিকানাধীন নতুন ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেল’।
গত ১০ মে রবিবার ১৮—৭২ সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে অবস্থিত নতুন এই হোলসেল শপ ও শোরুমের উদ্বোধন করা হয়। স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্টজন ও পেশাজীবীদের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা মানসম্মত পণ্য, প্রকৌশল সহায়তা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স পরিচালিত নতুন এই প্রতিষ্ঠানটি উত্তর আমেরিকাজুড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক ও এইচভিএসি সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স তাদের কর্ম ও সেবায় গত কয়েক বছরে নিউইয়র্ক বাংলাদেশী কমিউনিটি ও যুক্তরাষ্ট্রের মূলধারায় ব্যাপক সুনাম অর্জন করেছে। নিউইয়র্কে বাংলাদেশী—আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক তোফায়েল চৌধুরী লিটনের মালিকানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ সরকারি অনুদানে বাসা—বাড়িতে এয়ারকন্ডিশন এবং হিটিং স্থাপনের সুবিধা দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ আমেরিকা হিটিং—কুলিং ও ইলেকট্রিক্যাল হোলসেল শপের ডিরেক্টর তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার কর্মকর্তা ফখরুল আলম, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ খান, টাইম টিভির প্রেসিডেন্ট আবু তাহের, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মনজুর চৌধুরী জগলু, নূরে আলম জিকো, হেলাল উদ্দিন, টিবিএন ২৪ এর মার্কেটিং ডিরেক্টর পারভেজ ভুঁইয়া, চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, কম্যুনিটি অ্যাকটিভিস্ট আলহাজ সোলায়মান ভূঁইয়া, খন্দকার বাকি, সৈয়দ আলমগীর, সৈয়দ তপু প্রমুখ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু নিউইয়র্ক সিটি নয়, মিশিগান, বাফেলোসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক ও এইচভিএসি পণ্য সরবরাহের লক্ষ্য নিয়েই নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ও সহজ সরবরাহ ব্যবস্থার মাধ্যমে নির্মাণ খাতের গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি। নতুন এই শোরুমে একটি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের ইলেকট্রিক ও এইচভিএসি সরঞ্জাম পাওয়া যাবে। পাইপ, সুইচ, তার, লাইটিং, ব্রেকার, হিটিং ও এয়ার কন্ডিশনিং সিস্টেমসহ নানা ধরনের পণ্য একই ছাদের নিচে রাখার ব্যবস্থা করা হয়েছে। ফলে ঠিকাদার, ইঞ্জিনিয়ার, ডেভেলপার এবং সাধারণ গ্রাহকরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল চৌধুরী বলেন, আমরা নর্থ অ্যামেরিকা ইএইচভিএসি ইলেকট্রিক্যাল হোলসেলের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বর্তমানে সফট ওপেনিং চলছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করবো। যেহেতু এটি হোলসেল প্রতিষ্ঠান, তাই কমিউনিটির কেউ পণ্য নিলে হোলসেল মূল্যে সুবিধা পাবেন। তিনি বলেন, এখানে বিল্ডিং নির্মাণে ইলেকট্রিকেল যত ধরনের সরঞ্জাম প্রয়োজন সবই রয়েছে। পাইপ, সুইচ, তার থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রিক ও এইচভিএসি পণ্য পাওয়া যাবে। আমরা মূলত সব ধরনের সার্ভিস দিতে চাই। শুধু পণ্য বিক্রিই নয়, গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং সহায়তাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। তোফায়েল চৌধুরী জানান, আমাদের ২৫ সদস্যের একটি ইঞ্জিনিয়ার টিম রয়েছে। সেখানে আমেরিকান, ইন্ডিয়ান ও মিশরীয় পেশাজীবীরাও আছেন। কেউ চাইলে পুরো টিম নিয়ে কাজ করতে পারবেন। ভবন নির্মাণে কী কী লাগবে, কত খরচ হবেÑ সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগের প্রতিষ্ঠানটি নিউইয়র্কের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নতুন এই উদ্যোগের মাধ্যমে উত্তর আমেরিকাজুড়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যামাজনের মাধ্যমেও গ্রাহকরা পণ্য অর্ডার করতে পারবেন। তোফায়েল চৌধুরী বলেন, ‘আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করতে চাই। গ্রাহকদের মানসম্মত পণ্য ও ভালো সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”তিনি জানান, এটি গ্রি মেকানিক্যাল ইয়ংকার্সের দ্বিতীয় শাখা। চলতি বছরের শেষ নাগাদ আরও দুটি নতুন শাখা চালুর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনরা বলেন, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির দিকেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। নতুন এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়িক সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
প্রবাসী বাংলাদেশীরা নানাবিধ ব্যবসায়ে সম্পৃক্ত থাকলেও বড় ধরণের ইলেকট্রোনিক ব্যবসায় প্রতিষ্ঠান নেই বললেই চলে। সেদিক থেকে তোফায়েল চৌধুরী লিটন বলতে গেলে পাইওনিয়ার। নিউইয়র্ক সিটি সংলগ্ন ওয়েস্ট চেস্টার কাউন্টির ইয়ংকার্সে ছোট ২ ভাইকে সাথে নিয়ে ৬ বছর আগে ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ চালু করেন তোফায়েল চৌধুরী লিটন। গ্রি—ম্যাকানিকাল বিনামূল্যে এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম সংযুক্ত করে দিচ্ছে গ্রাহকদেরকে। একই সাথে দিচ্ছে ১০ বছরের গ্যারান্টি। ফলে কোন ধরণের সমস্যা হলে তাৎক্ষণিক মেরামতের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।
এয়ারকন্ডিশন এবং হিটিং সিস্টেম ছাড়াও ঘরে কাপড় শুকানোর জন্য দিচ্ছে ফ্রি ড্রায়ার। যে কেউ এই ফ্রি ড্রায়ার সংগ্রহ করতে পারেন। তাদের কেন্দ্রীয় অফিস বা প্রতিষ্ঠান ইয়াংকার্সে হলেও নিউইয়র্কের সর্বত্র এই কাজ করেন তারা। লং আইল্যান্ড এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতেও রয়েছে অফিস। ১০ বছরের গ্যারান্টি—ওয়্যারেন্টি ছাড়াও বিক্রয়োত্তর সেবা প্রদান করে এই প্রতিষ্ঠান। (সৌজন্যেঃ সাপ্তাহিক বাংলাদেশ)।
এর আগে ইউএসএনিউজ জানাচ্ছে, নিউইয়র্কে নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প যাত্রা শুরু করেছে। ৮ মে ইয়ঙ্কার্সের সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির সফট উদ্বোধন করেন গ্রি ম্যাকানিক্যাল ইয়ঙ্কার্সের কর্ণধার এবং নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন)। এসময় প্রতিষ্ঠানটির সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন) জানান, নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প তার দ্বিতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। মূলত ইলেক্ট্রিক ও এইচভিএসি সরঞ্জামের সাশ্রয়ী মূল্য পাইকারি বিক্রির উদ্দেশ্য আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আমেরিকার ৫০ স্টেট, কানাডা ও বাংলাদেশ থেকে যে কেউ পাইকারি দামে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। উত্তর আমেরিকার বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক ও এইচভিএসি সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি।
