ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে আবেদন করায় ১২ জনের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া
বাঙালী প্রতিবেদনঃ মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণামূলক পদ্ধতিতে নেচারালাইজড সিটিজেনশিপ অর্জন করার তথ্য প্রমাণিত হওয়ায় আমেরিকার ১২ জন সিটিজেনের সিটিজেনশিপ কেড়ে নেয়ার খবর দিয়েছে এসোসিয়েটেড প্রেস। ডিপার্টমেন্ট অব জাস্টিসের বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি বলছে, উক্ত ১২ ব্যক্তি তাদের সিটিজেনশিপ আবেদনে মিথ্যা তথ্য দিয়ে সরকারের সাথে প্রতারণা করেছে। তাদের বর্তমান বয়স ২৮ থেকে ৭৫ বছর। এদের মধ্যে ৩ জন বিভিন্ন এশীয় দেশের, ৫ জন আফ্রিকার এবং ২ জন দক্ষিণ আমেরিকার। অপর দুজনের তথ্য জানা যায়নি।
ট্রাম্প প্রশাসন বলছে, এই ব্যক্তিরা কোনোভাবেই আমেরিকার সিটিজেন হওয়ার যোগ্য নয়। ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, যারা ইচ্ছাকৃতভাবে তাদের ক্রিমিনাল তথ্য গোপন করে নেচারালাইজড সিটিজেন হওয়ার আবেদন করেছে তাদের এদেশের সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
বর্তমানে উক্ত ১২ ব্যক্তির সিটিজেনশিপ কেড়ে নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বলে ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিভিল ডিভিশন জানিয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সূত্রে এসোসিয়েটেড প্রেস বলছে, তারা গত ডিসেম্বরে প্রায় ২০০ সিটিজেনের সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া চলার তথ্য পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম শাসনামলে বছরে ২৫ জনের সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া চললেও কতজনের বাতিল হয়েছে, তা অবশ্য খবরে বলা হয়নি।
