মুসলিম সংগঠন এমগেজের এনডোর্সমেন্ট ক্যাথি হকুলকে || জানুয়ারিকে মুসলিম মাস ঘোষণা
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার মুসলমানদের পলিটিক্যাল এডভোকেসি এবং ভোটাধিকার নিয়ে জাতীয়ভিত্তিক সংগঠন এমগেজ (ঊগএঅএঊ) গভর্নর ক্যাথি হকুলকে আসন্ন প্রাইমারির আগেই এনডোর্স করল বুধবার। এই সংগঠনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে নিউইয়র্কসহ ওয়াশিংটন ডিসি, মিশিগান, ফ্লোরিডা, টেক্সাস, ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ায়। এনডোর্সমেন্ট পাওয়ার পর গভর্নর হকুল এক বিবৃতিতে বলেন, আমেরিকার মুসলিম কম্যুনিটির উন্নয়ন ও অগ্রযাত্রায় সক্রিয়ভাবে কাজ করে যাওয়া এমগেজ প্যাকের (পলিটিক্যাল এ্যাকশন কমিটি) এনডোর্সমেন্ট আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিউইয়র্কে মুসলিম বিদ্বেষের এক বিরূপ পরিস্থিতিকে শক্ত হাতে মোকাকেলা করার জন্য এখানকার মুসলমানদের সাথে যৌথ উদ্যোগে কাজ করার কোনো বিকল্প নেই। গভর্নরের উক্ত বিবৃতি সাপ্তাহিক বাঙালীতেও পাঠানো হয়েছে।
গভর্নর ক্যাথি হকুল বলেন, আমার প্রশাসন নিউইয়র্কের মুসলমানদের পাশে দাঁড়িয়ে প্রথমবারের মত প্রদত্ত এক প্রক্লেমেশনে জানুয়ারিকে ‘মুসলিম—আমেরিকান হেরিটেজ মানথ’ ঘোষণা করেছে। প্রতি বছর স্টেটের পক্ষ থেকে এই মাসটি বিশেষভাবে উদযাপন করা হবে।
গভর্নর তাঁর বিবৃতিতে বলেন, নিউইয়র্কে আমেরিকার সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বাস করেন। আমরা ইসলামোফোবিয়ার বিরুদ্ধে দৃঢ়তার সাথে অবস্থান নিয়ে আশা, সহিষ্ণুতা ও ডাইভারসিটিকে ওপরে তুলে ধরতে চাই।
এমগেজ এ্যাকশনের নিউইয়র্ক স্টেটের ডিরেক্টর হেবা খলিল এই এনডোর্সমেন্ট প্রসঙ্গে বলেন, যখন আমেরিকায় মুসলমানদের টার্গেট করা হচ্ছে মুসলিম বিদ্বেষের নানামাত্রিক রেটোরিকের মধ্য দিয়ে, তখন গভর্নর ক্যাথি হকুলকে আমাদের পাশে পেয়ে আমরা সাহসী হয়ে উঠি।
হেবা খলিল বলেন, আমাদের নিরাপত্তা ও মর্যাদা নির্ভর করে সাহসিকতার সাথে কোন্ নেতৃত্ব ইসলামোফোবিয়ার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তার ওপর।
এমগেজ এ্যাকশনের এডভাইজার ড. ডেবি আলমোন্তাসেরও এ্যান্টি মুসলিম আবহে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য গভর্নর ক্যাথি হকুলের প্রশংসা করেন।
