গভর্নর ক্যাথি হকুলের খসড়া বাজেট প্রস্তাবে || স্বল্প আয়ের মানুষদের দিকে সুনজর
বাঙালী প্রতিবেদনঃ সামনেই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে কিছুটা দেরিতে হলেও বৃহস্পতিবার নিউইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হকুল তার ২০২৬—২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট প্রস্তাব ঘোষণা করলেন। এই বাজেট প্রস্তাবে অনেকগুলো ইতিবাচক দিক আছে। যেমনঃ আইসের আগ্রাসি ইমিগ্রেশন ক্র্যাকডাউনের বিরুদ্ধে স্টেটের কঠোর অবস্থান গ্রহণ, গ্যাস—ইলেকট্রিসিটি বিলে স্বল্প আয়ের মানুষদের সহায়তা দেয়ার লক্ষ্যে ১ বিলিয়ন ডলার বরাদ্দ যার নাম হয়েছে রেটপেয়ার প্রটেকশন প্রোগ্রাম (এই কর্মসূচীতে গ্যাস বিদ্যুতের রেট না বাড়ানোর প্রস্তাব রয়েছে), গাড়ির ইন্সু্যরেন্স রেট কমানোর প্রস্তাব, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার আরো বিস্তৃত করার লক্ষ্যে ব্যাপক বিনিয়োগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটে দুবৃর্ত্তদের হাত থেকে শিশু—কিশোরদের রক্ষার জন্য অনলাইন প্রটেকশনের ব্যবস্থা গ্রহণ, দ্রুততম সময়ে আরো বিল্ডিং নির্মাণে রেডটেপের দৌরাত্ম কমিয়ে সংস্কার, থ্রি—ডি প্রিন্টেড গোস্টগান ক্র্যাকডাউন করা ইত্যাদি।
এই খবরটি নিউইয়র্কের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হলেও গভর্নর ক্যাথি হকুলের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত দেয়া হয়েছে। এই খসড়া বাজেট প্রস্তাব ঘোষণাকালে গভর্নর বলেন, আমি প্রতিশ্রম্নতি দিচ্ছি, এই বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করবে এবং সকল নিউইয়র্কারের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, আমার প্রতিশ্রম্নতি থেকে আমি পিছু হটব না।
● গভর্নর জানান, নতুন অর্থবছরে আমরা অতিরিক্ত ১০০,০০০ শিশুর জন্য এফোর্ডেবল চাইল্ড কেয়ার দেব। এর জন্য ২০২৭ সালে আমরা ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করব।
● প্রি—কে সিস্টেমকে সার্বিক অর্থেই সার্বজনীন করা হবে।
● চাইল্ড এন্ড ডিপেনডেন্ট কেয়ার ট্যাক্স ক্রেডিট চালু করা হবে যা স্টেটের ২৩০,০০০ পরিবারকে চাইল্ড কেয়ারে সহায়তা করবে।
● ৪ বছরের কম বয়সীদের জন্য মাথাপিছু ১০০০ ডলার এবং ৪ থেকে ১৬ বছর বয়সীদের জন্য মাথাপিছু ৫০০ ডলার চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেয়া হবে।
● নিউইয়র্ক স্টেটে মদ্যপ হয়ে গাড়ি চালালে, ক্রিমিনাল কার্যক্রমে লিপ্ত থাকলে, ইন্সু্যরেন্স ছাড়া গাড়ি চালালে তাদের বিরুদ্ধে ফেলানি চার্জ আনা হবে।
● ইন্সু্যরেন্স কোম্পানিগুলোকে গাড়ির ইন্সু্যরেন্স রেট বৃদ্ধির আগে ডিপার্টমেন্ট অব ফিনানশিয়াল সার্ভিস থেকে অনুমোদন নিতে হবে।
● নিউইয়র্ক স্টেটের স্বল্প আয়ের মানুষদের গ্যাস—ইলেকট্রিসিটি বিলে রিলিফ দেয়ার লক্ষ্যে বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
● ঊসচড়বিৎ+ প্রোগামের মাধ্যমে ৪২,০০০ স্বল্প আয়ের বা মধ্য আয়ের পরিবারের জন্য বছরে ৬০০ ডলার প্রদান করা হবে এইসব বিলের জন্য।
● এনার্জি বিল কমানোর লক্ষ্যে স্মার্ট টেকনোলজি ব্যবহারে উৎসাহ দেয়া হবে। এর জন্য স্টেট সহায়তা করবে।
● ফেডারেল ইমিগ্রেশন এনফোর্সমেন্টের বিরুদ্ধে স্টেট ব্যাপক কর্মসূচী গ্রহণ করবে। নিউইয়র্কারদের রক্ষার জন্য তাদের অধিকার সম্পর্কে সচেতন করা ছাড়াও ফেডারেল এজেন্টদের জবাবদিহিতায় আনা হবে।
● ২৪৭ (৪) চুক্তির ভিত্তিতে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো ফেডারেল এজেন্টদের ইমিগ্রেশন ক্র্যাকডাউনে সহায়তা করবে না। স্টেট ও লোকাল পুলিশ সিভিল ইমিগ্রেশন এজেন্ট হিসাবে কাজ করবে না।
● সংবিধান লংঘন করলে ফেডারেল, স্টেট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার অধিকার প্রতিষ্ঠা করা হবে।
● স্কুল, লাইব্রেরি, হেলথকেয়ার প্রতিষ্ঠানে এবং বাড়িতে আদালতের ওয়ারেন্ট ছাড়া কোনো আইস অফিসারকে প্রবেশে অনুমতি দেয়া হবে না।
● ফেডারেল, স্টেট ও লোকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তব্য পালনকালে মাস্ক পরতে পারবে না।
● ১৩ বছরের কম বয়সী শিশুদের অনলাইন গেমিং প্লাটফরমে প্রবেশে অভিভাবকদের অনুমতি নিতে হবে।
● শিশুদের জন্য এআই চ্যাটবট অকার্যকর করা হবে।
● কম্যুনিটি কলেজগুলোতে ৬৫ মিলিয়ন ডলারেরও বেশি স্কলারশিপ প্রদান করা হবে।
● নতুন এফোর্ডেবল হোম নির্মাণের জন্য অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার ক্যাপিটাল ফান্ড বরাদ্দ করা হবে।
● উচ্চমূল্যের দ্বিতীয় বাড়ির জন্য এবং ইনভেস্টরদের মালিকানাধীন ৫ মিলিয়ন ডলারের বেশি দামের বাড়ির জন্য সারচার্জ আরোপ করা হবে, যার থেকে কমপক্ষে বছরে ৫০০ মিলিয়ন ডলার আয় হবে স্টেটের।
উল্লেখ্য উক্ত খসড়া বাজেট প্রস্তাবের ওপর স্টেট সিনেট ও এসেম্বলিতে আলোচনার পর পাশ হবে।
