সাফল্যের অপেক্ষায় দীঘি
ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকে শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান হয়ে গেছেন। দীর্ঘ ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে। নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর থেকেই এ পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি তিনি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের ক্যারিয়ার ঈর্ষণীয়। বর্তমানে অভিনেত্রী বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন। তবে যার শুরুটা অভিনয় দিয়ে, বড়পর্দায় যার স্বর্ণালি অতীত, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়ায় তার ভক্ত—অনুরাগীদের জন্যও আক্ষেপের। দিন যায় মাস যায় বছর যায়, কপাল খুলে না দীঘির। সেই আক্ষেপ ঘুচিয়ে নিশ্চয়ই তিনি ফিরবেন চেনা ছন্দে— প্রত্যাশা দর্শকদের।
চলতি বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাতেও কাজ করেছেন দীঘি। যদিও সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়ে পরে আর কোনো খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর হলো রুপালি পর্দায় নেই অভিনেত্রী। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬—২৪—৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমায় সেভাবে সাড়া জাগাতে পারেননি সুব্রতকন্যা।
চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি ছিল খুবই কম। ফলে নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পায়নি। তাই দীঘিকে সেভাবে দেখতে পাচ্ছেন না সিনেমাপ্রেমী দর্শকরাও।
সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’— এমন প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতে পারছে না।
‘বিদায়’ সিনেমাটি ছাড়া আর নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’ সিনেমাটি। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছর কুরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি। সবশেষে সেপ্টেম্বরের শুরুর দিকে আবার গুঞ্জন ওঠে— এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচারে কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি?
প্রযোজক সুমি স্পষ্ট জানিয়েছেন, এই দুর্গাপূজায়ও মুক্তি পাবে না ‘বিদায়’। কারণ এর একটি গানের চিত্রায়ণ বাকি। যেটা তারা বিদেশে করতে চাইছেন। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো একসময়ে মুক্তি দেওয়া হবে ‘বিদায়’। সেটা কবে? নিশ্চয়তা দেননি প্রযোজকও।
দুই মাসে ৬ কেজি কমালেন দীঘি
হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে একটু বেশি ‘বাল্কি’ লাগছিল তাঁর। তাই আর দেরি না করে শুরু করেন ওজন কমানোর মিশন। দুই মাসের ব্যবধানে এরই মধ্যে ছয় কেজি ওজন কমিয়েছেন তিনি, লক্ষ্য আরও চার কেজি কমানো। একসময় নিজেকে ‘ভেতো বাঙালি’ বলতেন দীঘি। সেই তিনিই এখন ভাত খাচ্ছেন সপ্তাহে মাত্র এক দিন। সঙ্গে চলছে নিয়মিত ব্যায়াম। দীঘি বলেন, ‘গত দুই মাসে ছয় কেজি ওজন কমিয়েছি। ইচ্ছা আছে আরও চার কেজি কমানোর। জীবন থেকে কার্বোহাইড্রেট বাদ দিয়েছি। আমি ছিলাম একেবারে ভেতো বাঙালি। কিন্তু দুই মাস ধরে ভাত জীবন থেকে নাই হয়ে গেছে বলতে পারেন। এখন সপ্তাহে একটা দিন ভাত খাই।’ ভাতের বদলে এখন দীঘির খাবারের তালিকায় সেদ্ধ ডিম, সেদ্ধ সবজি আর ওভেনে তেলছাড়া রান্না করা চিকেন। দীঘির কথায়, ‘আমার জীবনটা এখন তেলছাড়া, সবজিময়। সেদ্ধ ডিম খাই, সেদ্ধ ভেজিটেবল খাই। ওভেনে রান্না করা তেলছাড়া সেদ্ধ চিকেন খাই।’ দুই মাস ধরে চলছে এই মিশন। আপাতত ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যেতে চান দীঘি। তবে আগে ওজন কত ছিল, ছয় কেজি কমিয়ে কত হয়েছে, তা জানাতে চান না তিনি। দীঘি বলেন, ‘ফ্যাট ছাড়া যা আছে, সব খাচ্ছি। মাঝে আমি ভালো ওয়েট গেইন করেছিলাম। কত ছিল, তা বলতে চাই না। ওজন বেড়ে যাওয়ার কারণে স্ক্রিনে আমাকে এখনকার চেয়ে আরেকটু বাল্কি লাগত। তাই নিজের কাছেই অন্য রকম লাগছিল।’ ওজন কমানোর পেছনে শুধু নিজের ভালো লাগাই নয়, আছে কাজের প্রস্তুতিও। সামনে নতুন একটি কাজের পরিকল্পনা চলছে। সেই কাজের জন্য নিজেকে আরও ফিট করে তুলতে চান এই অভিনেত্রী। তাঁর মতে, ফিট থাকলে পর্দায় নিজেকেও ভালো লাগে। আর পর্দায় নিজেকে ভালো লাগলে কাজের প্রস্তাবও বাড়ে।
