১০ ও ১১ অক্টোবর মহাসমারোহে টাইমস স্কয়ারে দুর্গোৎসব

নিউইয়র্কঃ আবারও নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের কেন্দ্রবিন্দুতে আয়োজিত হচ্ছে মহালয়া ও দুর্গাপূজা উৎসব। দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে দুর্গাপূজা হবে ১০ ও ১১ অক্টোবর শনি ও রবিবার। দুই দিনের এ উৎসবে থাকবে মহালয়ার চণ্ডীপাঠ, দুর্গাপূজার আচার—অনুষ্ঠান, শিশু—কিশোরদের গীতা পাঠ, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য, ধুনুচি নাচ এবং যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পীদের কনসার্ট।

এ উৎসবের সহযোগী দেশি ন্যাচারাল দই ও উইলো ক্রিকেট। দেশি ন্যাচারাল দই উত্তর আমেরিকার পরিবারগুলোর কাছে খাঁটি ভারতীয় ধারার দই পৌঁছে দেয়। অন্যদিকে, উইলো ক্রিকেট শীর্ষস্থানীয় ক্রিকেট সম্প্রচার ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেটপ্রেমীদের যুক্ত করে। বাংলার ঐতিহ্য ও সামাজিক বন্ধন উদ্যাপনের এ আয়োজনে পরিবার, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো একত্র হবে। এর মধ্য দিয়ে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হবে। মহালয়ার আয়োজন শুরু হবে শনিবার, ১০ অক্টোবর সকাল ১১টায়, সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মাধ্যমে। সুতিপা চৌধুরীর পরিচালনায় নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু—কিশোরদের বিশেষ গীতা পাঠ নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরবে।

উদ্বোধনী দিনে মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি, চন্দ্রা ব্যানার্জির পরিচালনায় নৃত্যাঞ্জলি একাডেমির ৬০ জনের বেশি শিল্পী একটি বৃহৎ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন। আরও থাকছে বাফা ও আড্ডা একাডেমির শিল্পীদের পরিবেশনা।

প্রথম দিনের আয়োজনে গান পরিবেশন করবেন বাংলাদেশ ও নিউইয়র্কে জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব। এ ছাড়া পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী মেঘলা দাস গুপ্তের বিশেষ কনসার্টও থাকবে। রবিবার, ১১ অক্টোবর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল ১০টায়। এরপর বিকেল ৩টায় অঞ্জলি হবে। সাংস্কৃতিক পর্বে নৃত্যাঞ্জলির শিল্পীরা একটি বিশেষ ধুনুচি নাচ পরিবেশন করবেন।

দ্বিতীয় দিনে গান পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায়। আরও থাকছে জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের বিশেষ কনসার্ট। খ্যাতনামা শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

আয়োজক কমিটির সভাপতি শশধর হাওলাদার বলেন, টাইমস স্কয়ারের দুর্গাপূজা উদ্যাপন বিভিন্ন অঞ্চল ও পটভূমির বাঙালিদের জন্য গুরুত্বপূর্ণ এক মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে নিজেদের ঐতিহ্য উদ্যাপনের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকেও স্বাগত জানানোর সুযোগ তৈরি হয়েছে। আয়োজকদের আশা, এ বছরের উৎসব নিউইয়র্কের বাঙালি সম্প্রদায়গুলোর সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করবে এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে দুর্গাপূজার ঐতিহ্য, সংগীত ও চেতনাকে তুলে ধরবে। সংবাদ বিজ্ঞপ্তির।

Related Posts