নিউইয়র্ক সিটির ২৪ লক্ষ ভাড়াটিয়ার ভাড়া বাড়ছে না
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম ২৪ লক্ষ রেন্ট—স্ট্যাবিলাইজড এপার্টমেন্টের ভাড়া বাড়ছে না। মেয়র জোহরান মামদানির সিদ্ধান্ত কার্যকর করেছে রেন্ট গাইডলাইন্স বোর্ড। গত ১ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হল। এক কিংবা দুই বছরের লিজধারীদের জন্য এই ভাড়া না বাড়ার নিয়ম প্রযোজ্য হবে। এইসব লিজধারীদের আন্দোলনের মুখে নির্বাচনী প্রচারণাকালে মেয়র রেন্ট ফ্রিজ করার প্রতিশ্রম্নতি দিয়েছিলেন। যুদ্ধকালীন অর্থনীতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মেয়র নিউইয়র্ক সিটির দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়ালেন। এই রেন্ট ফ্রিজের সিদ্ধান্তের জন্য প্রধান ভূমিকা পালন করে নিউইয়র্ক স্টেট টেনান্ট ব্লক। টেনান্ট ব্লকের এক্সিকিউটিভ ডিরেক্টর সুমাথি কুমার বলেন, এই রেন্ট ফ্রিজের সিদ্ধান্ত নিউইয়র্ক সিটির দুই মিলিয়নের বেশি ভাড়াটিয়ার জীবনে ব্যাপক প্রভাব ফেলবে। তিনি বলেন, যারা বাস ড্রাইভ করে, গার্বেজ পিকআপ করে, স্কুলে ছেলেমেয়েদের শিক্ষা দেয় এবং আমাদের বয়স্ক মানুষদের সেবা দেয়, তারাই এই সিটির চালিকাশক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
উল্লেখ্য গত মেয়াদের মেয়র চার বছরে ১২ শতাংশেও বেশি ভাড়া বাড়িয়েছিলেন। রেন্ট ফ্রিজের কারণে নিউইয়র্কার যারা এইসব এপার্টমেন্টে থাকে তারা মাসে প্রায় ৬০০ ডলার বাঁচাতে পারবে বলে জানানো হয়।
নিউইয়র্ক সিটিতে ৩৭% অত্যন্ত স্বল্প আয়ের পরিবার এইসব রেন্ট স্ট্যাবিলাইজড এপার্টমেন্টে বাস করে। এই রেন্ট ফ্রিজ কার্যকর করা ঠেকানোর জন্য রিয়েল এস্টেট বোর্ড অব নিউইয়র্ক, নিউইয়র্ক এপার্টমেন্ট এসোসিয়েশন এবং স্মল প্রোপার্টি ওনার্স অব নিউইয়র্ক আপ্রাণ চেষ্টা করেছে।
