বিশ^কাপ ফুটবল উপলক্ষে নিউইয়র্ক সিটির আয় ২ বিলিয়ন ডলার
বাঙালী প্রতিবেদনঃ মেয়র জোহরান মামদানি বুধবার এক সংবাদ সম্মেলনে জানালেন, গত ফিফা বিশ্বকাপ প্রায় ২ বিলিয়ন ডলার যোগ করেছে এই সিটির অর্থনীতিতে। তবে যদি নিউইয়র্ক ও নিউজার্সিকে একত্রে ধরা হয়, সেক্ষেত্রে আয় হয়েছে ৩.৫ বিলিয়ন ডলার। নিউইয়র্ক সিটির হিসাবে দেখা গেছে, শুধুমাত্র অর্থনীতিতে যোগ হয়েছে ২ বিলিয়ন ডলার, সরাসরি পর্যটকরা নিউইয়র্ক সিটিতে ব্যয় করেছে ১.২ বিলিয়ন ডলার, নতুন কর্মসংস্থান হয় ১২,১০০ মানুষের আর অপারেশনাল ব্যয় হয়েছে ১৬২ মিলিয়ন ডলার।
মেয়র জোহরান জানান, তিনি ৩৯ দিনব্যাপি চলা বিশ্বকাপ ফুটবল দেখার জন্য ১০০০টি এফোর্ডেবল টিকেট প্রদান করেন, পাঁচ বরোতে বিনামূল্যে শতাধিক ওয়াচ পার্টির আয়োজন করেন এবং সিটির ৫০টি ব্লককে ‘সকার স্ট্রিট’ ঘোষণা করেন।
যে ঘাটতি বাজেট নিয়ে মেয়র দায়িত্ব গ্রহণ করেন, তা কাটিয়ে ওঠার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। গভর্নর ক্যাথি হকুল তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আর বিশ্বকাপ ফুটবল নিউইয়র্ক সিটির জন্য আশীর্বাদ হয়ে আসে।
