বিশ^জুড়ে কারখানায় কাজ করছে ৫০ লাখ রোবট
বিশেষ প্রতিবেদনঃ অটোমেশন এখন পৃথিবীজুড়ে ভয়ার্ত করে তুলছে মানুষদের। কারণ মানুষের কাজ দখল করে নিচ্ছে রোবট। তবে মানুষের আকৃতির হিউম্যানয়েড রোবট নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাস্তবে এ প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত। বিশ্বের কারখানাগুলোয় শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল রোবটের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে বিভিন্ন কারখানায় কাজ করা এসব রোবটের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মানুষের আকৃতির হিউম্যানয়েড রোবট নিয়ে ব্যাপক আলোচনা হলেও বাস্তবে এ প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রোবোটিকসের (আইএফআর) বার্ষিক ওয়ার্ল্ড রোবোটিকস প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে কার্যকর শিল্প রোবটের সংখ্যা ৯ শতাংশ বেড়ে প্রায় ৫০ লাখ ৮০ হাজারে পৌঁছেছে। জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক অলাভজনক সংস্থা আইএফআর প্রায় তিন দশক ধরে রোবট শিল্পের তথ্য সংগ্রহ করছে। বিশ্বজুড়ে তিন হাজারের বেশি প্রতিষ্ঠান এ সংস্থার সঙ্গে যুক্ত।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর নতুন শিল্প রোবট স্থাপনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরে নতুন করে কারখানাগুলোয় স্থাপন করা হয়েছে ৬ লাখ ৩ হাজার রোবট। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১১ শতাংশ বেশি। প্রথমবারের মতো এক বছরে শিল্প রোবট স্থাপনের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।
আইএফআরের প্রেসিডেন্ট জেন হেফনার বলেন, ‘শিল্প খাতে স্বয়ংক্রিয়করণ দ্রুত এগোচ্ছে। বিশ্বজুড়ে কারখানায় চালু থাকা রোবটের সংখ্যা ৫০ লাখ ছাড়ানো একটি বড় মাইলফলক। সাত বছর আগের তুলনায় এ সংখ্যা দ্বিগুণের বেশি। সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে এশিয়ায়। এরপর রয়েছে আমেরিকা। ইউরোপে প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর।’
ইউরোপের চিত্রেও এ ব্যবধান স্পষ্ট। ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কারখানাগুলোয় কার্যকর শিল্প রোবটের সংখ্যা প্রথমবারের মতো সাত লাখ ছাড়িয়েছে। বছর শেষে এ সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ১২ হাজারে। ইউরোপে চালু থাকা মোট রোবটের ৮৪ শতাংশই রয়েছে ইইউ—ভুক্ত দেশগুলোয়।
তবে নতুন রোবট স্থাপনের গতি কমেছে। ২০২৫ সালে ইইউতে নতুন শিল্প রোবট স্থাপন ১১ শতাংশ কমে ৬০ হাজার ৫০০ ইউনিটে নেমেছে। অন্যদিকে গত পাঁচ বছরে এ অঞ্চলে শিল্প রোবটের বার্ষিক গড় প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ।
ইউরোপের সবচেয়ে বড় বাজার জার্মানি। ইইউতে নতুন রোবট স্থাপনের ৪১ শতাংশই ছিল এ দেশে। তবে গত বছর জার্মানিতে রোবট স্থাপন ৮ শতাংশ কমে ২৫ হাজারের নিচে নেমেছে। দেশটির গাড়ি শিল্প এখনো রোবটের সবচেয়ে বড় ব্যবহারকারী। তবে এ খাতে কার্যক্রম কমে যাওয়ায় রোবটের চাহিদাও কমেছে।
এদিকে রোবট ব্যবহারে আরো এগিয়ে গেছে চীন। গত বছর দেশটিতে ৩ লাখ ৫৪ হাজার শিল্প রোবট স্থাপন করা হয়েছে। আগের বছরের তুলনায় এ সংখ্যা ২০ শতাংশ বেশি। বিশ্বে এক বছরে স্থাপিত মোট শিল্প রোবটের ৫৯ শতাংশই এখন যাচ্ছে পূর্ব এশিয়ার দেশটিতে।
অন্যদিকে জাপানকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিল্প রোবটের বাজারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটিতে প্রায় ৩৮ হাজার ৫০০টি শিল্প রোবট স্থাপন করা হয়। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১২ শতাংশ বেশি।
শিল্প রোবটের বাজার যখন দ্রুত বাড়ছে, তখন হিউম্যানয়েড রোবটের বাজার এখনো অনেক ছোট। আইএফআরের আলাদা এক প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বজুড়ে শিল্প ও পেশাগত কাজে প্রায় সাত হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি হয়েছে। এর বড় অংশই সরাসরি কাজের জন্য ব্যবহার হয়নি। অনেক হিউম্যানয়েড রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণের জন্য তথ্য সংগ্রহে ব্যবহার করা হয়েছে।
তবে হিউম্যানয়েড রোবট বাজারের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের প্রত্যাশা রয়েছে রোবোটিকস বিশেষজ্ঞদের। ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে হিউম্যানয়েড রোবট বিক্রি ৯০ হাজার ইউনিটে পৌঁছতে পারে। ২০৩০ সালের মধ্যে তা বেড়ে ১২ লাখে দাঁড়াতে পারে।
