১০ তারকার মোট সম্পদ ৩৩ হাজার ৩৫০ কোটি

হুরুনের ২০২৬ সালের এই তালিকার ১০ অভিনেতার আনুমানিক সম্পদ একসঙ্গে যোগ করলে দাঁড়ায় ৩৩ হাজার ৩৫০ কোটি রুপি। এর মধ্যে একাই শাহরুখ খানের সম্পদ ১০ হাজার কোটি রুপি, অর্থাৎ এই শীর্ষ ১০ অভিনেতার সম্মিলিত সম্পদের প্রায় ৩০ শতাংশ তাঁর একার। তালিকার প্রথম পাঁচজন—শাহরুখ খান, নাগার্জুন, অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশনের সম্মিলিত সম্পদ প্রায় ২৪ হাজার ৫০০ কোটি রুপি। অর্থাৎ শীর্ষ পাঁচজনের কাছেই রয়েছে তালিকার মোট সম্পদের প্রায় তিন—চতুর্থাংশ। তালিকায় বলিউডের ছয়জনের পাশাপাশি তেলুগু সিনেমার চার তারকার উপস্থিতিও ভারতের চলচ্চিত্র অর্থনীতির বদলে যাওয়া চিত্র তুলে ধরে। নাগার্জুন, চিরঞ্জীবী, ভেঙ্কটেশ ও রাম চরণ—এই চার তারকা মিলে প্রায় ৯ হাজার ৭৫০ কোটি রুপি সম্পদের প্রতিনিধিত্ব করছেন।

হৃতিক রোশন

পঞ্চম স্থানে হৃতিক রোশন। তাঁর আনুমানিক সম্পদ ২ হাজার ৫০০ কোটি রুপি। ২০২৫ সালের হিসাবে তাঁর সম্পদ ছিল প্রায় ২ হাজার ১৬০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে প্রায় ৩৪০ কোটি রুপির বেড়েছে বলে হুরুনের হিসাবভিত্তিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হৃতিকের সম্পদের ক্ষেত্রে অভিনয়ের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম এইচআরএক্স। ফিটনেস ও লাইফস্টাইলকেন্দ্রিক এই ব্র্যান্ড তাঁর তারকাখ্যাতিকে ব্যবসায়িক সাফল্যে রূপান্তর করেছে। ফলে পর্দার বাইরেও হৃতিকের পরিচিতি একটি ব্যবসায়িক ব্র্যান্ড হিসেবে তৈরি হয়েছে।

অক্ষয় কুমার

ষষ্ঠ স্থানে অক্ষয় কুমার। তাঁর আনুমানিক সম্পদ ২ হাজার ৩০০ কোটি রুপি। কয়েক দশকের ক্যারিয়ারে বিপুলসংখ্যক ছবিতে অভিনয় করেছেন তিনি। নিয়মিত কাজের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডও তাঁর আয়ের উৎস। অক্ষয়ের ক্যারিয়ারের বিশেষত্ব তাঁর কাজের ধারাবাহিকতা। বছরে একাধিক ছবিতে অভিনয় করার পাশাপাশি বিজ্ঞাপন ও বিনিয়োগের মাধ্যমে নিজের আয়ের ক্ষেত্রও বিস্তৃত করেছেন তিনি।

আমির খান

সপ্তম স্থানে আমির খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১ হাজার ৮০০ কোটি রুপি। অন্য অনেক তারকার তুলনায় আমির সিনেমার সংখ্যা কম করেন, কিন্তু প্রতিটি ছবিকে ঘিরে তাঁর ব্যবসায়িক অংশীদারত্ব ও প্রযোজনার ভূমিকা তাঁকে আলাদা জায়গা দিয়েছে। আমিরের সম্পদের সঙ্গে তাঁর প্রযোজনাপ্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করার কারণে চলচ্চিত্রের ব্যবসায়িক সাফল্যের সঙ্গে তাঁর আর্থিক স্বার্থও যুক্ত থাকে।

চিরঞ্জীবী

অষ্টম স্থানে তেলুগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী। তাঁর আনুমানিক সম্পদ ১ হাজার ৭০০ কোটি রুপি। চার দশকের বেশি সময় ধরে দক্ষিণ ভারতীয় সিনেমায় কাজ করছেন চিরঞ্জীবী। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডও তাঁর সম্পদের অংশ। তাঁর অবস্থান প্রমাণ করে, ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় দক্ষিণ ভারতীয় তারকাদের উপস্থিতি এখন আর ব্যতিক্রম নয়।

ভেঙ্কটেশ দগ্গুবতী

নবম স্থানে রয়েছেন তেলুগু তারকা ভেঙ্কটেশ দগ্গুবতী। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১ হাজার ৬৫০ কোটি রুপি। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি প্রযোজনা ব্যবসার সঙ্গেও তাঁর পরিবারের সম্পর্ক রয়েছে। সুরেশ প্রোডাকশনসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে দগ্গুবতী পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ফলে ভেঙ্কটেশের আর্থিক পরিচয়ও শুধু অভিনেতা হিসেবে সীমাবদ্ধ নয়।

রাম চরণ

শীর্ষ ১০—এর শেষ নাম রাম চরণ। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি রুপি। তালিকার অন্যদের তুলনায় বয়সে তরুণ হলেও গত এক দশকে তাঁর ক্যারিয়ারের উত্থান উল্লেখযোগ্য। বিশেষ করে ‘আরআরআর’—এর আন্তর্জাতিক সাফল্য তাঁর পরিচিতিকে ভারতের বাইরে নিয়ে গেছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড তাঁর সম্পদ বাড়াতে ভূমিকা রেখেছে বলে হুরুনভিত্তিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Posts