ঘাড় ও গলায় কালো দাগ
ডা. মো. জাহেদ পারভেজ: পুরুষ ও মহিলাদের গলায় ও ঘাড়ে কালো দাগ হয়, এতে বিব্রতবোধও করতে হয়। গলা ও ঘাড় কালো হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে অ্যাকানথোসিস নিগ্রিকানস। এই দাগকে অনেকেই ময়লা জমেছে ভেবে ভুল করেন। ময়লা পরিষ্কারের জন্য সাবান দিয়ে গলা ও ঘাড়ে স্ক্রাব করেন। অতিরিক্ত স্ক্রাবিংয়ের কারণে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে এবং ত্বকের আদ্রর্তা কমে। এ কারণে দাগ আরও গাঢ় হয়ে যায়। আসলে গলা ও ঘাড় অনেকগুলো রোগের কারণে কালো হতে পারে। এ ছাড়া তীব্র সূর্যালোক ও দূষণও অনেকটা দায়ী।
কেন হয় দাগ
শুধু গলা ও ঘাড়ের ত্বকই কালো হয়ে যায় না, এটি ত্বকের পুরুত্ব বাড়িয়ে দেয়। পরে ত্বকে ভাঁজ এবং চুলকানির সৃষ্টি করে। অনেক সময় ত্বক জ্বলতে থাকে। কখনো কখনো ঘামের দুর্গন্ধ সৃষ্টি হয়। চল্লিশোর্ধ্ব নারীদের মধ্যে ৮০ ভাগই এ সমস্যায় ভুগতে পারেন। এটি মূলত ওজনাধিক্য কারণেই হয়। পুরুষ থেকে নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। জেনেটিক্যাল কারণেও এ সমস্যা হতে পারে। ডায়াবেটিস এবং ওজনাধিক্য, রক্তচাপ, পিসিওএস এবং হাইপারথাইরয়েডিজম অ্যাকানথোসিস নিগ্রিকানের প্রবণতা বেশি। প্রখর রোদেও সানবার্ন হয়। বিভিন্ন মেটালিক মোটা চেইন পরার কারণেও গলা ও ঘাড়ের ত্বক কালো হতে পারে। এ ছাড়া নিম্নমানের ট্যালকম পাউডার, ডিওডোরেন্টস ও পারফিউম স্পে্র, লোশন ও স্টেরয়েডযুক্ত ক্রিমের ণেও গলা ও ঘাড়ের ত্বক কালো হওয়ার একটি বড় কারণ। আবার চুলে রঙ করার সময় রঙের যে রাসায়নিক উপাদান থাকে তা গলা ও ঘাড়ে লেগে গেলে ত্বক জ্বালা করে। তারপর ধীরে ধীরে গলা ও ঘাড়ে কালো দাগ হতে শুরু করে।
প্রতিকার
ওজনাধিক্যের কারণে যদি গলা ও ঘাড়ে দাগ হয়ে থাকে তবে ডায়েট এবং ব্যায়ামের মাধ্যমে ওজন কমাতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা থাকলে সঠিকভাবে চিকিৎসা করা দরকার। ঘাড়ের কালো দাগ দূর করতে বেশ কিছু ওষুধ রয়েছে। প্রতিদিন সকালে গলা ও ঘাড় পানি দিয়ে ধুয়ে বেনজয়াইল পেরোক্সাইড (৪%) অথবা স্যাসলিক ফোম (২%) ব্যবহার করতে পারেন।
তারপর ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করা যাবে। প্রয়োজনে নারকেল তেলের সঙ্গে ভিটামিন—ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন। প্রতি রাতে রেটিনো এ ক্রিম ০.০২৫% ব্যবহার করা যায়। রেটিনো এ ০.০৫%, বা অ্যাডাপালিন জেল ০.১%, বা তাজারোটিন জেলের যেকোনো একটি ব্যবহার করতে পারেন। এই ক্রিম বা জেল ব্যবহারের সুবিধা পেতে অন্তত তিন মাস নিয়মিত ব্যবহার করতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উচিত।
বিশেষ করে ঘাড় বা গলার ত্বক কালো হয়ে যাওয়া বা কালচে ছোপ পড়ার সঙ্গে যদি চুলকানির সমস্যা হয়, তাহলে অবশ্যই ত্বক ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ এটি ত্বকের কোনো ধরনের সংক্রমণের কারণে হতে পারে। তা চিকিৎসক পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
পরামর্শের জন্য যোগাযোগঃ মেডেক্স ডায়াগনস্টিক এন্ড ট্রিটমেন্ট সেন্টার— ৭১৮—২৭৫—৮৯০০
