এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডঃ সেরা যারা—

সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড। গ্র্যামির পর এটিকেই বেশি গুরুত্ব দেয়া হয়। প্রতি আসরের আয়োজন ঘিরে একত্রিত হন সংগীতাঙ্গনের বড় তারকারা। এবারো ব্যতিক্রম হয়নি। এবারের আসর আয়োজিত হয় লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে। তারকাদের উপস্থিতির পাশাপাশি আরো একটি চমক ছিল। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন স্নুপ ডগ। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে (ভিএমএ) সব আলোই ছিল টেইলর সুইফটের দিকে। সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের ভিডিওর জন্য এ পুরস্কার পান তিনি। পুরস্কারটি তিনি প্রয়াত শিল্পী ডলি পার্টনকে উৎসর্গ করেন। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’—এর প্রথম সিঙ্গেল। ভিএমএর পুরস্কার গ্রহণের সময় ডলি পার্টনকে ‘দি আলটিমেট শোগার্ল’ হিসেবে উল্লেখ করেন সুইফট। লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে মঞ্চে দাঁড়িয়ে সুইফট বলেন, ‘আমি মনে করি, আমরা সবাই খুব ভাগ্যবান যে কিছু সময়ের জন্য ডলি পার্টনের সঙ্গে এ পৃথিবী ভাগ করে নিতে পেরেছি।’

উল্লেখ্য, কান্ট্রি সংগীতশিল্পী, গীতিকার ও ব্যবসায়ী ডলি পার্টন গত মাসে ৮০ বছর বয়সে মারা যান।

এ পুরস্কারের আগে ভিএমএর প্রথম ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ও পান সুইফট। ক্যারিয়ারে তিনি ১৮টি মিউজিক ভিডিওর চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন। এর মধ্যে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’—এ ভিডিওও রয়েছে। অনুষ্ঠানে এগুলো প্রথমবারের মতো প্রদর্শন করেন তিনি।

সুইফট বলেন, ‘মিউজিক ভিডিওর চিত্রনাট্য লেখা ও পরিচালনা করতে আমি এত ভালোবাসি, তার প্রধান কারণ হলো আপনারা, ভক্তরা, এটিকে এত, এত আনন্দের করে তোলেন। আমরা কী তৈরি করছি, সেটা নিয়ে আপনারা সত্যিই ভাবেন।’

এ দুটি পুরস্কার ছাড়াও প্রথমবারের মতো দেয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মান পেয়েছেন টেইলর সুইফট।

ভিএমএর নিয়মিত মনোনয়ন ও পুরস্কারের বাইরে নির্ভানা পেয়েছে ‘মাইকেল জ্যাকসন ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’। ভিএমএ সরাসরি সম্প্রচার করা হয় সিবিএস ও এমটিভিতে এবং স্ট্রিম করা হয় প্যারামাউন্ট প্লাসে। প্রধান কয়েকটি বিভাগে বিজয়ী নির্ধারণ করা হয় ভক্তদের ভোটে। অন্য পুরস্কারগুলোর মধ্যে ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ম্যাডোনা। সাবরিনা কার্পেন্টারের সঙ্গে তার দ্বৈত গান ‘ব্রিং ইয়োর লাভ’ পেয়েছে ‘বেস্ট কলাবোরেশন’ পুরস্কার।

সাবরিনা কার্পেন্টারের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে ম্যাডোনা বলেন, ‘তাদের কাজের ধরন একে অন্যের সঙ্গে ভালোভাবে মিলে যায়।’ দুজনেরই পুরনো ধাঁচে কাগজে গানের কথা লেখার অভ্যাস রয়েছে বলেও জানান তিনি। ম্যাডোনা বলেন, ‘তোমার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আমি গানটি ভালোবাসি।’

ব্ল্যাকপিংকের সদস্য লিসা সিঙ্গেল ‘ড্রিম’—এর জন্য ‘বেস্ট পপ ভিডিও’ পুরস্কার পেয়েছেন। বড় সাদা ঝালরযুক্ত হাতার কালো পোশাক পরে অনুষ্ঠানে হাজির হন তিনি। পুরস্কার গ্রহণের সময় কান্নাজড়িত কণ্ঠে ‘লিলিস’ নামে পরিচিত তার ভক্তদের ধন্যবাদ জানান লিসা। মুন পারসন ট্রফি হাতে নিয়ে লিসা বলেন, ‘আপনারা না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’

এমটিভি ভিএমএ ২০২৬—এর বিজয়ীদের তালিকা

ভিডিও অব দ্য ইয়ার: টেইলর সুইফট (দ্য ফেট অব ওফেলিয়া)

বেস্ট নিউ আর্টিস্ট: সিয়েনা স্পাইরো

বেস্ট ড্যান্স: ম্যাডোনা (কনফেশনস টু: দ্য ফিল্ম)

আর্টিস্ট অব দ্য ইয়ার: ম্যাডোনা

বেস্ট কোলাবোরেশন: ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার

বেস্ট পপ: লিসা (ড্রিম: কেন্টারো সাকাগুচি ফিচারিং)

সং অব দ্য ইয়ার: বিটিএস (সুইম)

বেস্ট হিপ—হপ: কার্ডি বি ও কেহলানি (সেইফ)

বেস্ট আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স (আই জাস্ট মাইট)

বেস্ট অলটারনেটিভ: অলিভিয়া রদ্রিগো (দ্য কিউর)

বেস্ট লাতিন: ব্যাড বান্নি (নুয়েভায়র্ক)

বেস্ট কে—পপ: বিটিএস (সুইম)

বেস্ট কান্ট্রি: এলা ল্যাংলি (চুজিন টেক্সাস)

বেস্ট ডিরেকশন: টেইলর সুইফট (অপালাইট)

Related Posts