গভর্নর প্রাইমারিতে ক্যাথি হকুলের পক্ষে বিপুল এনডোর্সমেন্ট
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক স্টেটে গভর্নর নির্বাচনের প্রাইমারি আগামী ২৩ জুন। এ বছর আমেরিকার ৩৬টি স্টেটে গভর্নর নির্বাচন হবে। নিউইয়র্ক স্টেটের গভর্নর নির্বাচনে বর্তমান গভর্নর ক্যাথি হকুল পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তার নতুন রানিংমেট অর্থাৎ লিউটেনান্ট গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সাবেক স্পিকার এড্রিয়েন এডামস।
ইতিমধ্যেই ক্যাথি হকুল পুনরায় নির্বাচনে বিপুল সংখ্যক নির্বাচিত প্রতিনিধির এনডোর্সমেন্ট পেয়েছেন। এদের মধ্যে অন্যতম কংগ্রস সদস্য ইভেট ক্লার্ক, এড্রিয়ানো এ্যাসপাইল্যাট, লরা গিলেন, ড্যান গোল্ডম্যান, হাকিম জেফরি, টিম কেনেডি, জর্জ ল্যাটিমার, গ্রেগরি মিকস, গ্রেস মেং, জেরি নেডলার, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, টম সোয়াজি, রিচি টরেস, নিডিয়া ভেলাজকুয়েজ প্রমুখ। এছাড়াও এনডোর্স করেছেন এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, মেয়র জোহরান মামদানি, ৩৮ জন স্টেট এসেম্বলি সদস্য।
সর্বশেষ খবর অনুযায়ী ন্যাসাউ কাউন্টির ১৮ জন নির্বাচিত প্রতিনিধি এবং সাফোক কাউন্টির ২৮ জন প্রতিনিধি তাঁকে এনডোর্স করেছেন।
উল্লেখ্য রিপাবলিকান পার্টি থেকে গভর্নর নির্বাচনের প্রাইমারিতে প্রার্থিতা দিয়েছেন ন্যাসাউ কাউন্টি এক্সিকিউটিভ ব্রুস ব্লেকম্যান। তার রানিংমেট অর্থাৎ লিউটেনান্ট গভর্নর প্রার্থী টড হুড।
২০২১ সালে তৎকালীন গভর্নর এ্যান্ড্রু কোমো পদত্যাগ করলে তার লিউটেনান্ট গভর্নর ক্যাথি হকুল গভর্নর হন। তিনি নিউইয়র্ক স্টেটের ৫৭তম গভর্নর।
